নিজে জেল নেইল পলিশ তুলবেন যেভাবে
অন্যান্য নেইল পলিশের থেকে জেল নেইল পলিশ তুলতে সাবধানতার প্রয়োজন হয়।
সৌন্দর্যের ধারায় এখন জেল নেইল পলিশের কদর বেশি। টানা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত চকচকে ও সুন্দর দেখায়, সহজে খসে পড়ে না। তাই অনেকেই নিয়মিত জেল ম্যানিকিউর করান।
তবে সমস্যা হয় যখন এটি তুলতে হয়। অনেক সময় ব্যস্ততা বা খরচ বাঁচানোর জন্য বাসাতেই নেইল পলিশ তোলার চেষ্টা করেন কেউ কেউ।
তবে বিশেষজ্ঞরা বলছেন- সঠিক নিয়ম না মেনে জেল নেইল পলিশ তুললে নখ দুর্বল হয়ে যায়, ভেঙে যায় কিংবা সাদা দাগ পড়ে।
মার্কিন নেইল আর্টিস্ট এবং ব্র্যান্ড ‘সিএনডি’-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যান আর্নল্ড ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “জেল পলিশ আসলে সাধারণ নেইল পলিশ আর জেলের মিশ্রণ। এটি এলইডি বা ইউভি আলোতে সেট হয় বলে দীর্ঘস্থায়ী হয়। খসে পড়ে না বা ভেঙে যায় না।”
অন্যদিকে, ‘আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি’ জানিয়েছে- ভুল উপায়ে জেল নেইল পলিশ তুললে ত্বক ও নখ দুটিই ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই ঘরে বসে তুলতে চাইলে কিছু নির্দিষ্ট ধাপ মেনে চলা জরুরি।
যে কারণে জেল নেইল পলিশ তুলতে সতর্ক থাকতে হবে
অনেকে ভাবেন জেল নেইল পলিশ ওঠানোর জন্য খোঁচা দিলেই যথেষ্ট। তবে এতে নখের ওপরের প্রাকৃতিক স্তরও উঠে যায়, ফলে নখ পাতলা হয়ে যায়। ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
জ্যান আর্নল্ড বলেন, “জেল নেইল নিজে সমস্যা তৈরি করে না, সমস্যা হয় যখন এটি তোলার সময় ভুল করি।”
যা যা লাগবে
ধাপে ধাপে জেল নেইল পলিশ তোলার পদ্ধতি
নখের ওপরের স্তর ঘষে নিন
প্রথমে ১৮০-গ্রিট নেইল ফাইল দিয়ে জেল নেইলের ওপরের চকচকে স্তরটি আলতোভাবে ঘষে তুলতে হবে। এতে অ্যাসিটোন সহজে ভেতরে ঢুকতে পারবে।
তুলা প্রস্তুত
প্রতিটি নখের মাপে ছোট করে তুলা কেটে নিতে হবে। ‘আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি’ বলছে- এভাবে করলে বাড়তি অ্যাসিটোন ত্বকের ওপর গিয়ে পড়বে না।
চারপাশে ত্বক সুরক্ষিত করা
কিউটিকল ও নখের চারপাশে পেট্রোলিয়াম জেলি বা তেল মাখাতে হবে। এতে অ্যাসিটোনের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত থাকবে।
নখ মুড়ে দেওয়া
অ্যাসিটোনে ভেজানো তুলা প্রতিটি নখের ওপর রাখতে হবে এবং অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক ফুড র্যাপ দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে। এতে তুলা শক্তভাবে নখের ওপর বসে থাকবে এবং অ্যাসিটোন কার্যকর হবে।
অপেক্ষা করা
প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় শেষ হলে মুড়ে রাখা অংশ আলতো করে চেপে ঘষে নিতে হবে। এতে পলিশ ফ্লেক (ছোট ছোট ঝিকিমিকি কণা বা টুকরা, যেগুলো নেইল পলিশে মেশানো থাকে) আকারে উঠে আসবে।
সরঞ্জাম ব্যবহার না করা
অনেকে তাড়াহুড়ো করে কাঠের স্টিক বা ধাতব কাঠিকল পুশার ব্যবহার করেন।
তবে ‘আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি’ বলছে- এতে নখে দাগ পড়ে বা নখ ভেঙে যেতে পারে। পরিবর্তে ভেজা গরম ওয়াশক্লথ (তোয়ালে-ধর্মী কাপড়) দিয়ে আলতো করে ঘষলেই অবশিষ্ট পলিশ উঠে আসবে।
নখের যত্ন
সব শেষে হাত ধুয়ে নখে নেইল স্ট্রেন্থনার (নেইল কোট/পলিশ বা ট্রিটমেন্ট) বা সেরাম লাগাতে পারেন। কিউটিকল অয়েল ব্যবহার করলে নখ স্বাস্থ্যকর থাকবে।
সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলা উচিত
খুঁটে তোলা: এতে নখ ভেঙে যায় ও স্তর উঠে যায়।
ধাতব সরঞ্জাম বেশি ব্যবহার: এতে নখে স্থায়ী দাগ পড়তে পারে।
অতিরিক্ত সময় অ্যাসিটোন লাগিয়ে রাখা: এতে চারপাশের ত্বক শুকিয়ে যায়।
নখের যত্ন বাদ দেওয়া: পলিশ তোলার পর নখ মেরামতের যত্ন না নিলে সহজে ভাঙবে।
আরও পড়ুন
