২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কের বাজে প্রভাব দেহে ফুঠে ওঠার লক্ষণ

ঝগড়া না হলেও সম্পর্কে টানাপোড়েন চলতে পারে, যা স্বাস্থ্যের জন্য হানিকর।

সম্পর্কের বাজে প্রভাব দেহে ফুঠে ওঠার লক্ষণ
ছবি সৌজন্যে: কে ক্রাফট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 03:41 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

অনেক সময় বোঝা যায় না সম্পর্ক স্বাস্থ্যকর পর্যায়ে আছে কি-না! তবে অস্বাস্থ্যকর সম্পর্কে থাকলে বাড়বে মানসিক চাপ।

যে কারণে স্বাস্থ্যের ওপর পড়তে পারে বাজে প্রভাব।

“যখন মানসিক চাপ তৈরি করে তখন সম্পর্ককে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়” বিজনেস ইনসাইডার ডটকেম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন নিবন্ধিত মার্কিন পরামর্শদাতা ডা. সুজান ডিগেস-হোয়াইট।

যুক্তরাষ্ট্রের ‘নর্দান ইলিনয় ইউনিভার্সিটি’র এই অধ্যাপক আরও বলেন, “অস্বাস্থ্যকর সম্পর্কের কারণে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, মানসিক চাপ ও দুশ্চিন্তা দেখা দিতে পারে।”

এরকমই কয়েকটি লক্ষণের কথা জানান তিনি।

পেটে অস্বস্তিকর অনুভূতি

প্রেমের প্র্রথম পর্যায়ে পেটের ভেতর কেমন সুড়সুড়ি অনুভূত হয়, যাকে বলে ‘বাটারফ্লাই ইফেক্ট’।

তবে ডিগেস-হোয়াইট’য়ের ভাষায়, “উত্তেজনায় পেট মোচড় দেওয়া আর পেটে ব্যথা হওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।”

তিনি বলেন, “অনেকের ক্ষেত্রেই সম্ভাব্য বিপদের আশংকায় হজমতন্ত্রে অস্বস্তি দেখা দেয়। মানে হল সম্পর্কের কোথাও ঘাপলা আছে।”

ত্বকে চুলকানি

‘ফ্রেঞ্চ সোসাইটি অফ ডার্মাটেলোজি’র করা গবেষণায় দেখা গেছে, দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে ত্বকে চুলকানি হতে পারে।

ডিগেস-হোয়াইট বলেন, “সম্পর্কের অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অনেকের ত্বক চুলকায়। আবার ঘাবড়ানো বা আশঙ্কা থেকেও চুলকানি দেখা দিতে পারে।”

মাথাব্যথা

মানসিক চাপ থেকে মাথাব্যথা হয়। যেমন- কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ থাকলে এরকম হয়। তেমনি বাজে সম্পর্কে থাকলেও বেশিরভাগ সময় মাথাব্যথায় ভুগতে হতে পারে।

এই অধ্যাপক বলেন, “অন্য কোনো শারীরিক বা মানসিক চাপ না থাকলে সম্পর্কের গতি প্রকৃতির দিকে নজর দিন। আর খেয়াল করুন নিজের শারীরিক সমস্যার লক্ষণগুলো।”

রক্তচাপ কি বৃদ্ধি পাচ্ছে? সঙ্গী বা এরকম কারও সঙ্গে কথা বলতে গেলে কি চাপ অনুভূত হয়? মুখ লালচে হয়ে ওঠে রক্তচাপে? – এসব হল সম্পর্কে বাজে প্রভাবের দৈহিক লক্ষণ।

শরীর ভার বা ক্লান্তি বোধ করা

“সম্পর্কে মানসিক চাপে থাকার কারণে সময়ের সাথে সাথে পুরো শরীরে প্র্রভাব বিস্তার করে”- বলেন ডিগেস-হোয়াইট।

তখন সাধারণ নড়াচড়া করতেও ইচ্ছে হয় না। মনে হয় শরীর অনেক ভারী হয়ে গেছে।

এই অধ্যাপক বলেন, “মনে হতে পারে পা অনেক ভারী, অনেক সময়ে পায়ের পাতায় ব্যথা দেখা দেয়, কারণ আর একটুও আগানো ক্ষমতা নেই- এরকম মনে হতে থাকে।”

বাজে সম্পর্কে আটকে থাকলে পারিপার্শ্বিক হতাশা থেকেও ক্লান্তি এবং অনুপ্রেরণার অভাব হয়।

দমবন্ধ অনুভূতি

শুধু অনুভূতি নয়, বাস্তবিকভাবেই দম নিতে কষ্ট হতে পারে।

ডিগেস-হোয়াইট বলেন, “যদি তর্ক করতে গিয়ে সঙ্গীর কারণে মানসিক বা শারীরিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন তবে শরীর আতঙ্কিত অবস্থায় চলে যেতে পারে।”

তিনি ব্যাখ্যা করেন, “মনে হবে বুকে অনেকভার, ঠিকমতো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। তখন ইচ্ছে করবে এই মানুষটা থেকে দূরে থাকি, খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়া প্রয়োজন।”

মানসিক চাপের পরিস্থিতি তৈরি হলে- বাঁচা কিংবা মরা, ভয়ে জমে যাওয়া বা ফ্যাকাশে হওয়ার মতো অবস্থা তৈরি হয়। যা থেকে দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা বা ‘প্যানিক অ্যাটাকস’।

আর পড়ুন

সম্পর্ক জোড়া দিতে যেসব বিষয় লক্ষণীয়

সম্পর্কের শুরুতে শুভ পূর্বাভাস

সম্পর্কে অসন্তোষের অশনি সংকেত

প্রেমে বিচ্ছেদের পূর্বাভাস