২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পকেটের অবস্থা বুঝে বন্ধুত্বের সম্পর্ক

লজ্জা, হীনম্মন্যতা ও সামাজিক চাপ: অর্থের ব্যবধানে বন্ধুত্বের পরীক্ষা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

আর্থিক অবস্থা বন্ধুত্বের গতিকে প্রভাবিত করে অনেকভাবে।

পকেটের ভেতরের অবস্থা অর্থাৎ আর্থিক সক্ষমতা ও ব্যয়ক্ষমতা বন্ধুদের সঙ্গে সময় কাটানো, উপহার দেওয়া বা সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে অনেকাংশেই।

যখন এক বন্ধুর পকেট শক্তিশালী আর অন্যজনের সীমিত, তখন ছোটখাটো বিষয়েও লজ্জা, বিরক্তি বা দূরত্ব তৈরি হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা বলেন, “আমরা এমন এক সমাজে বাস করি যেখানে অর্থ শুধু প্রয়োজন নয়— এটি মর্যাদা, তুলনা ও চাপের প্রতীক হয়ে উঠেছে। আর্থ-সামাজিক বৈষম্য মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অনেক তরুণ সমবয়সীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে খরচ করেন এবং ঋণের বোঝা বাড়ান। রাজনীতি বা স্পর্শকাতর বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও নিজের আর্থিক বাস্তবতা নিয়ে মুখ খোলায় দ্বিধা বোধ করেন।”

এই দ্বন্দ্ব বন্ধুত্বের ভেতরেও ফাটল ধরাতে পারে। সম্পদের ব্যবধান থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি, লজ্জা, ক্ষোভ বা হীনম্মন্যতা— যা ধীরে ধীরে বহু বছরের বন্ধুত্বকেও দুর্বল করে দিতে পারে।

এমন পরিস্থিতিতে কী কী করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন এই মনোবিদ।

সম্পর্ককে অনুধাবন করা

আর্থিকভাবে ভালো অবস্থানে থাকা মানুষদের নিয়ে নিজের ভেতরের আবেগগুলো চিনে নেওয়া জরুরি। ঈর্ষা, হতাশা, লজ্জা বা অপরাধবোধ কোথা থেকে আসছে তা বোঝা গেলে সম্পর্কের সমস্যা অনেকটা কমে।

বন্ধুর ব্যক্তিগত গুণাবলি, তার প্রতি টান ও বন্ধুত্ব ধরে রাখার কারণগুলো মনে করিয়ে দেয়— অর্থই সব নয়।

খোলাখুলি আলোচনা

বন্ধুর সঙ্গে এই স্পর্শকাতর বিষয় তুলতে গেলে দোষারোপ নয়, নিজের সীমাবদ্ধতাকে সৎভাবে তুলে ধরা উচিত।

যেমন— ‘এটা আমার বাজেটের বাইরে’— এই সাধারণ কথাও গভীর বোঝাপড়ার দরজা খুলে দিতে পারে।

কথা বলার সময় নির্দিষ্ট পরিস্থিতির উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়। একই সঙ্গে বন্ধুর কথা মন দিয়ে শোনা জরুরি।

কম খরচে সময় কাটানো

কম খরচে একসঙ্গে সময় কাটানোর সৃজনশীল উপায় খুঁজে নেওয়া বন্ধুত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে।

পার্কে হাঁটা, ঘরে বসে আড্ডা, বই বা সিনেমা নিয়ে আলোচনা— এই সাধারণ মুহূর্তগুলোই সম্পর্ককে গভীর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, একে অন্যের প্রতি যত্ন ও শ্রদ্ধা বজায় রাখা।

ভিন্ন আর্থ-সামাজিক স্তরের মানুষের মধ্যে বন্ধুত্ব সামাজিক গতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের ‘নেটওয়ার্ক’ বা যোগাযোগ থেকেই আসে সুযোগ, তথ্য ও জীবনের দিকনির্দেশনা- বলেন ডা. ফারজানা রহমান দিনা।

তাই ভিন্ন বাস্তবতার বন্ধুদের আঁকড়ে ধরে রাখলে শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, পুরো সমাজও সমৃদ্ধ হয়। অর্থের ব্যবধান থাকতেই পারে, তবে যোগাযোগ, সহানুভূতি ও বোঝাপড়াই পারে বন্ধুত্বকে টিকিয়ে রাখতে।

আরও পড়ুন

বড়বেলাতেও বন্ধু পাতানো যায়

‘দূরকে করিলে নিকট, বন্ধু’

বন্ধুত্ব পুনরুদ্ধারের ৫ পন্থা

কাছের বন্ধু পাঁচের বেশি নয়

বন্ধুত্ব আর প্রেম এক নয়