‘দূরকে করিলে নিকট, বন্ধু’
“ফেইসবুকে অ্যাকাউন্ট খোলার পর গত ১৪-১৫ বছরে স্কুলের কত ফ্রেন্ডকে যে খুঁজে পেয়েছি, সেটা হাতে গুনে শেষ করা যাবে না।”
পরীক্ষার আগে ক্লাস নোট নিতে, জটিল কোনো পরামর্শে অথবা নিছকই আনন্দ-গল্পে এবং বিপদেও শৈশব থেকে বার্ধক্যের দীর্ঘ যাত্রায় জীবনের অবিচ্ছেদ্য অংশ বন্ধু।
সময়ের আঁচড়ে ছেলেবেলার বন্ধুরা অনেক সময়ে একে অন্যের কাছ থেকে ছিটকে যায় দূরান্তে। যোগাযোগের ইচ্ছা থাকলেও সংসার ও কর্মজীবনের ব্যস্ততা দেয়াল হয়ে দাঁড়ায়।
তবে হালের দুনিয়ায় সোশাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম দূরে চলে যাওয়া বন্ধুকে খুঁজে দেওয়ার ‘জাদুকর’ হয়ে হাজির হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।
বহু মানুষ ফেইসবুক, ইনস্টাগ্রাম বা সোশাল মিডিয়ার আরও কিছু মাধ্যম ব্যবহার করে পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে থাকা তাদের শৈশব কৈশরের বন্ধুদের খুঁজে বের করেছেন।
ছবি আর ভিডিও দেখে একে অপরের যাপিত জীবনের ধারণা তারা নিচ্ছেন এসব মাধ্যম থেকে। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ফোন বা ভিডিও কলে যোগাযোগ করে আলগা হওয়া পুরানো বন্ধুত্ব ফের জোরালো করছেন অনেকে।
রোববার বন্ধু দিবস ঘিরে এ নিয়ে কথা হয় বয়স চল্লিশ পার করা তামান্না আনজুম, সাবরিনা শারমিন শাপলা এবং নাজমা সুলতানা নূপুরের সঙ্গে।
তামান্না, নূপুর এবং শাপলা তিনজনই তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্কুলের গণ্ডি পেরুনোর পর তারা ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হন। কলেজের পর তিনজনের দুজন যান বিশ্ববিদ্যালয়ে আর একজন মেডিকেল কলেজে। যাদের জীবন ছিল এককালে বন্ধুবেষ্টিত, এখন সংসার-সন্তান এবং কর্মজীবন নিয়ে তারা যারপরনাই ব্যস্ত।
তামান্না এখনও পাবনায় থাকেন; শাপলা রুংপুরে, আর নূপুর বহু দূরের দেশ অস্ট্রেলিয়াতে।
শেষ কবে তিনজনের একসঙ্গে দেখা হয়েছে, কেউ মনে করতে পারলেন না। তাই কবীর সুমনের ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল’ গানের কলি তাদের জীবনে খাটে না। ‘গলাগলি আর দলাদলির’ দিন তাদের কাছে দূর অতীত।
তবে যোগাযোগের আধুনিক এই দুনিয়ায় বেশ কয়েক বছর ধরে তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকছেন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। তাদের এখন মনে হয়, ভাগ্যিস ফেইসবুক ছিল!
তিনজনই তাদের ছেলেবেলার বন্ধুত্বের কথা বলতে গিয়ে আপ্লুত হয়েছেন। তাদের ভাষ্য, সামনাসামনি দেখা না হলেও সোশাল মিডিয়ায় ভার্চুয়াল দেখা সাক্ষাতের ব্যবস্থা করে তাদের বন্ধুত্বকে নতুন করে ফিরিয়ে দিয়েছে।
এছাড়া বয়স চল্লিশের পর পুরানো বন্ধুত্বের রং আরও গাঢ় হয় বলে মনে হচ্ছে তাদের। তিনজনের কাছেই ছেলেবেলার বন্ধুত্ব ‘নিঃস্বার্থ এবং অমলিন’।
আবার ভার্চুয়াল দুনিয়া বন্ধুদের চেহারা দেখানোর ব্যবস্থা করে দিলেও তাতে সামনা-সামনি আড্ডা দেওয়ার আনন্দ পুরোপুরি পাওয়া যাচ্ছে না। তাদের কথায়, ‘দুধের স্বাদ ঘোলে মিটছে’।
ফেইসবুক না থাকলে কী হত?
অস্ট্রেলিয়ার সিডনিতে এসটি জর্জ হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কর্মরত নাজমা সুলতানা নূপুর দেশে এসেছিলেন মাসখানেক আগে। সময় স্বল্পতায় বান্ধবীদের সঙ্গে সশরীরে দেখা করে উঠতে পারেননি, যা নিয়ে খেদ আছে তার মনে।
দেশে আসার পরও মোবাইলে দেশি কোনো সিম তিনি নেননি। মেসেঞ্জার ব্যবহার করে স্কুল-কলেজের বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করেছেন।
দুই সন্তানের জননী নূপুর মনে করেন, এই অ্যাপগুলো ‘জাদুকর’।
“আমি সিডনি থেকে মেসেঞ্জারে সবার সঙ্গে যোগাযোগ করি। দেশে এসেও তাই করেছিলাম। ফেইসবুকে অ্যাকাউন্ট খোলার পর গত ১৪-১৫ বছরে স্কুলের কত ফ্রেন্ডকে যে খুঁজে পেয়েছি সেটা হাতে গুনে শেষ করা যাবে না। ফেইসবুকে সবার ছবি দেখি, ভালো লাগে। কে কোথায় বেড়াতে যাচ্ছে, কে কি খাচ্ছে বা রান্না করছে দেখি। কার বাচ্চা কত বড় হল, আর নিজেদের বয়স কতটা বাড়ল, সেটাও বুঝতে পারছি।
“আমার ফ্রেন্ড তামান্না যখন মাছ মাংসের তরকারি রান্না করে ছবি দেয় ফেইসবুকে, আমার মনে হয় এটাই যদি এখানে পেতাম। স্বর্ণময়ী যখন কিছু লেখে বা ওদের পুরনো বাড়ি আর বাগানের ছবি দেয়, তখন আমার ছোটবেলার কথা ভেবে খুব মন খারাপ হয়। আমি যেহেতু বিদেশে থাকি, আমার বান্ধবীদের সাথে যোগাযোগের জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপই ভরসা। আমি মনে করি এগুলা আমার হারানো বন্ধুদের ফিরিয়ে এনেছে। না হলে বন্ধুত্ব আরো হারাত।”
নূপুরের কাছে বন্ধুত্বের সংজ্ঞা হল, যার সঙ্গ কোনো স্বার্থ ছাড়া ভালো লাগে। যার সাথে কথা বলার সময় খুব একটা ভেবে বলতে হয় না।
“স্ট্রেস ফিল করতে হয় না, কি মনে করবে সেটা নিয়ে ভাবতে হয়, হা হা করে হেসে ওঠা যায়। আবার গভীর দুঃখের সময় যার কাছে দুদণ্ড বসে কান্নাকাটিও করা যায়। হাতে আইসক্রিম নিয়ে রিকশায় করে উদ্দেশ্যহীনভাবে ঘোরা যায়।”
চল্লিশের পর বন্ধুত্ব কেমন থাকে? নূপুর বললেন, “আরও গাঢ় হয়, বলতে পারেন পরিপক্ক হয়।”
তার কথায়, শৈশবের বন্ধুত্ব হল ‘নিঃস্বার্থ’ একটি বিষয়।
আর বড়বেলায়? এই চিকিৎসক বললেন, “এই বয়সে এসে কিছুটা স্ট্যাটাসভিত্তিক হয়ে যায় বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্বের ভালো লাগা একই। কর্মজীবনে ব্যস্ততার জন্য ছোটবেলার বান্ধবীদের সাথে দেখা হয় না ঠিক, তাই বলে কি বন্ধু ছাড়া জীবন চলে? তাই আমার মনে হয় বড়বেলার বন্ধুত্বও নির্মল আনন্দের।”
বন্ধুদের জন্য অনেকটা সময় দিতে চাইলেও, সেটা সম্ভব হয় না নূপুরের।
“সংসার সামলানো, তারপর হাসপাতালের কাজতো আছেই। এসব করতে গিয়ে নিজের ইচ্ছাকেই চাপা দিতে হয়।”
‘ইটস ওকে’ বলাটাই হল বড়বেলার বন্ধুত্ব
স্বামী ও দুই মেয়ে নিয়ে উদ্যোক্তা সাবরিনা শারমিন শাপলার দম ফেলার ফুরসত নেই। সংসারের কাজ, নিজের ব্যবসা সামলানোর ফাঁকে যখনই শাপলার মনে হয় বান্ধবীদের সঙ্গে কদিন কথা হয়নি, তখনই মোবাইল হাতে নিয়ে ঢুকে পড়েন সামাজিক যোগাযোগের দুনিয়ায়।
যদি কথা বলার সময় নাও থাকে, ফেইসবুক স্ক্রল করে বান্ধবীদের ‘আপডেট’ নেন। যদি দেখেন যাদের খুঁজছেন, তারা সোশাল মিডিয়ায় সক্রিয় নেই, চট করে ফোন সেরে নেন। তাও মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকেই। তাতে খরচটাও কমে।
শাপলা বললেন, সোশাল মিডিয়ার কারণেই বন্ধুদের মাঝে যোগাযোগ অক্ষুণ্ন রাখা সহজ হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন ধরে সামনাসনামনি দেখা না হওয়া বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে চোখের শান্তি হয়। কারণ আমাদের ব্যস্ত জীবন, মন চাইলেও সামনাসামনি দেখা করা সম্ভব হয়ে ওঠে না।
“স্কুল কলেজ জীবনে আমাদের কোনো দায়িত্ব থাকে না। মন যা চাইত, তাই করা গেছে। কিন্তু এই সময়ে এসে স্বামী, সন্তান, সংসারে সময় দিতে গিয়ে বান্ধবীদের সময় দেওয়া হয়ে ওঠে না।
“তাই বলে কি যোগাযোগ থাকবে না? ফেইসবুকে প্রিয় বান্ধবীর ছবি দেখে বা তার পোস্টে লাইক কমেন্ট করা হয়। এমনও কিছু সম্পর্ক আছে, যাদের সঙ্গে বছরের পর বছর দেখা হচ্ছে না, কিন্তু এই সোশাল মিডিয়ার কল্যাণে মনে হয় যেন দেখা হয় প্রতিদিন।”
কিন্তু সামনাসামনি আড্ডা আর ভার্চুয়াল যোগাযোগ- দুটোর স্বাদ কি এক?
শাপলা বললেন, “না, তা কখনোই নয়। সামনাসামনি বসে কথা বলা, একসঙ্গে বেড়ানো বা খাওয়াদাওয়া, সেটা তো অনলাইনে আর সম্ভব না। কিন্তু কি আর করা যাবে। হাতের কাছে যখন পাওয়া যাচ্ছে না। সোশাল মিডিয়া ছাড়া গতি নাই।”
উদ্যোক্তা শাপলার কাছে বন্ধু হলেন সেই মানুষ, যার কাছে আগুপিছু না ভেবে ‘অকপটে’ সব কথা বলা যায়। আর তার এই সংজ্ঞার মধ্যে পড়েন স্কুলের কয়েকজন বান্ধবী।
চল্লিশ পেরুনোর পর স্কুলের ওই বান্ধবীদের সঙ্গেই তার সম্পর্ক ‘অটুট’ আছে। আরো কিছু বন্ধু হারিয়ে গেছে বলে তার আফসোস হয়।
শাপলার কাছে, আত্মসম্মান ঠিক রেখে জটিলতা এড়াতে সব কিছুতে ‘ইটস ওকে’ বলাটাই হল বড়বেলার বন্ধুত্ব।
‘সে যেন পাশেই আছে’
পাবনার নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তা তামান্না আনজুমও মনে করেন, সোশাল মিডিয়াই এখন বন্ধুত্ব টিকিয়ে রাখার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
তিনি বললেন, “অনেকেই থাকে প্রবাসে, কেউ বা আবার চাকরির সুবাদে নিজ শহর ছেড়ে দূরে থাকেন। ইচ্ছা থাকলেও সামনাসামনি দেখা হয় না।
“কিন্তু সোশাল মিডিয়া সবার সাথে সবার দেখা করিয়ে দিচ্ছে। একে অন্যের সম্পর্কে জানতে পারছি। ঘণ্টার পর ঘণ্টা ভয়েস কলে, ভিডিও কলে কথা বলা যাচ্ছে, দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে যেন পাশেই আছে।
তামান্না মনে করেন, পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া থেকে যে বন্ধুত্ব ছেলেবেলায় তৈরি হয়, চল্লিশের পরে এসে সেটি ম্লান হওয়া কঠিন, বরং বোঝাপড়া আরো মজবুত হয়।
ছেলেবেলা আর বড়বেলার বন্ধুত্বের তফাৎ কী? তামান্না বললেন, স্বাভাবিকভাবেই মানুষের শৈশব-কৈশরে জটিলতা কম থাকে। ওই সময়ের বন্ধুত্বে আবেগ এবং আনন্দের প্রাধান্য বেশি থাকে।
“অন্য দিকে, বড়বেলার বন্ধুত্বে একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস, এবং পাশে থাকার বিষয়টি গুরুত্ব পায়। এই বন্ধুত্বের গভীরতা বেশি থাকে, সম্পর্কে স্থিতি থাকে।”
বন্ধু বৎসল হিসেবে পরিচিত তামান্না চাকরি, দুই সন্তানের দায়িত্ব, সংসার সামলে সময় পেলেই বান্ধবীদের সময় দেন।
“সেটা হোক অনলাইনে বা অফলাইনে। কেউ ডাকলে বা ঈদের ছুটিতে পুরানো নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ফেইসবুকে পুরনোদের খুঁজে বের করি। তারপর আবার দেখা করার চেষ্টা করি। সোশাল মিডিয়া অনেক কিছু সহজ করেছে।”
তবে ভার্চুয়াল যোগাযোগে বন্ধুত্বের উদযাপন ‘পুরোপুরি সম্ভব নয়’ বলে মনে করেন তামান্না।
“দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি বলতে পারেন। চোখের দেখা আর স্ক্রিন দিয়ে দেখা বা কথা বলা এক হয় না। হওয়া সম্ভবও নয়। খামতি থেকে যায়।”
