Published : 09 Jun 2026, 07:16 PM
প্রতিদিনের চলাচলে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। এদের মধ্যে কেউ প্রতিবেশী, কেউ সহকর্মী, দোকানদার, যাতায়াতের পথে দেখা হওয়া পরিচিত মুখ কিংবা লিফটে দেখা হওয়া বাড়ির বাসিন্দা।
আর এদের মধ্যে অনেকের সঙ্গেই সম্পর্ক সীমাবদ্ধ থাকে সামান্য কিছু কথাবার্তায়।
এমন আলাপে থাকতে পারে আবহাওয়া কেমন, ছুটির দিনে কী করলেন, এলাকার কোনো ঘটনা নিয়ে দুয়েকটি মন্তব্য।
যদিও এসব কথোপকথনকে অনেকেই গুরুত্বহীন বা বিরক্তিকর বলে মনে করেন। অনেকে আবার মনে করেন, এমন কথাবার্তায় সময় নষ্ট ছাড়া আর কোনো লাভ নেই।
তবে সাম্প্রতিক গবেষণা বলছে, এই সাধারণ কথোপকথনই মানুষের মানসিক সুস্থতা, সামাজিক সংযোগ এবং একাকিত্ব কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ছোট আলাপ নিয়ে নতুন গবেষণা
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক এলিজাবেথ ট্রিন, সামাজিক আলাপ নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন।
‘জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’তে প্রকাশিত এই গবেষণায়, প্রায় ১ হাজার ৮০০ অংশগ্রহণকারীকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়, যেগুলোকে তারা আগে থেকেই বিরক্তিকর বা একঘেয়ে মনে করতেন।
এর মধ্যে ছিল শেয়ারবাজার, তথ্যভিত্তিক বই কিংবা নিরামিষ খাদ্যাভ্যাসের মতো বিষয়।
আলোচনার আগে অংশগ্রহণকারীরা ধারণা করেছিলেন, এসব বিষয়ে কথা বলে তারা খুব বেশি আনন্দ পাবেন না। তবে বাস্তব অভিজ্ঞতা ছিল ভিন্ন।
আলোচনার পর অধিকাংশ অংশগ্রহণকারী জানান, তারা প্রত্যাশার চেয়ে অনেক বেশি আনন্দ পেয়েছেন। বন্ধু কিংবা অপরিচিত ব্যক্তি, উভয়ের সঙ্গেই একই ধরনের ফল পাওয়া গেছে।
সরাসরি কিংবা অনলাইনে কথোপকথন, দুই ক্ষেত্রেই একই চিত্র দেখা যায়।
রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে এলিজাবেথ ট্রিন বলেন, “মানুষ সাধারণত বিষয়বস্তুকে কেন্দ্র করে কথোপকথনের মূল্যায়ন করে। তবে বাস্তবে আনন্দের উৎস হয়, মানুষের সঙ্গে সংযোগ তৈরি হওয়ার অভিজ্ঞতা।”
আলোচনার বিষয় নয়, গুরুত্বপূর্ণ সংযোগ
অনেকেই মনে করেন, গভীর বা জ্ঞানগর্ভ আলোচনা ছাড়া অর্থবহ যোগাযোগ সম্ভব নয়। তবে গবেষণা বলছে, কথোপকথনের আনন্দ অনেক সময় আলোচ্য বিষয় থেকে নয় বরং পারস্পরিক মনোযোগ, আগ্রহ এবং সংযোগ থেকে আসে।
এলিজাবেথ ট্রিন বলেন, “একজন মানুষ যখন অনুভব করেন যে, তার কথা অন্য কেউ মন দিয়ে শুনছে, তখন সাধারণ বিষয়ও অর্থপূর্ণ হয়ে ওঠে। অন্যের অভিজ্ঞতা, চিন্তা বা জীবনের ছোটখাটো তথ্য জানার মধ্যেও এক ধরনের আনন্দ রয়েছে।”
এ কারণেই আবহাওয়া, খেলা কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা নিয়ে কথাবার্তাও মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
একাকিত্ব কমাতে ছোট আলাপ
বর্তমানে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করে হচ্ছে ‘একাকিত্ব’কে। প্রযুক্তিনির্ভর জীবন একদিকে সংযুক্ত করলেও, অন্যদিকে অনেককে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে তুলছে।
যুক্তরাষ্ট্রের ‘অল ইন সল্যুশনস বিহেভিয়ারাল হেলথ’ প্রতিষ্ঠানের চিকিৎসা পরিচালক অ্যালেন মাসরি মনে করেন, “ছোটখাটো সামাজিক যোগাযোগ মানসিক সুস্থতার জন্য দরকারি।”
তার মতে, “প্রতিদিনের সংক্ষিপ্ত কথোপকথনগুলো এক ধরনের ক্ষুদ্র সামাজিক অভিজ্ঞতা তৈরি করে। এগুলো মানুষের মনকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং সমাজের অংশ হওয়ার অনুভূতি জাগায়।”
“দীর্ঘমেয়াদে এই ধরনের যোগাযোগ একাকিত্ব কমাতে, মানসিক চাপ মোকাবিলা করতে এবং সামগ্রিক মানসিক সুস্থতা উন্নত করতে সহায়ক হতে পারে”, মন্তব্য করেন তিনি।
আলাপ শুরু করতে যে কারণে দ্বিধা লাগে
যদিও সাধারণ আলাপের উপকারিতা রয়েছে, তবুও অনেকে এটি শুরু করতে অস্বস্তি বোধ করেন। অন্যতম কারণ হল, অন্যের প্রতিক্রিয়া নিয়ে ভয়।
অনেকেই মনে করেন, অপরিচিত কেউ হয়ত কথা বলতে আগ্রহী নন। আবার কেউ কেউ ভাবেন, তারা হয়ত অন্যকে বিরক্ত করবেন।
ফলে কথা বলার সুযোগ থাকলেও তারা নীরব থাকেন।
তবে গবেষণাগুলো দেখিয়েছে, এই ধারণা প্রায়ই ভুল। বেশিরভাগ মানুষই সৌজন্যমূলক ও আন্তরিক কথোপকথন উপভোগ করেন।
বাস্তবে আলাপের পর, দুই পক্ষই প্রত্যাশার তুলনায় বেশি ইতিবাচক অনুভূতি লাভ করেন।
ছোট আলাপ যেভাবে সম্পর্ক গড়ে
সব সম্পর্কই গভীর আলোচনা দিয়ে শুরু হয় না। অনেক সময় একটি সাধারণ শুভেচ্ছা বিনিময় কিংবা কয়েক মিনিটের কথোপকথনই দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি তৈরি করে।
প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন দেখা হলে, ছোট একটি আলাপ ধীরে ধীরে পরিচিতি বাড়ায়। সহকর্মীর সঙ্গে কাজের বাইরের কোনো বিষয়ে কথা বললে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়।
নিয়মিত যার কাছ থেকে চা বা কফি কেনা হয়, তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তাও এক ধরনের সামাজিক সংযোগ গড়ে তোলে।
যেভাবে শুরু করা যায়
যারা সাধারণত কম কথা বলেন, তাদের কাছে ছোটখাটো আলাপ শুরু করা কঠিন মনে হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এটি খুব জটিল কিছু নয়।
মার্কিন সমাজকর্মী ও লেখক অ্যামি মরিন মনে করেন, “স্থানীয় কোনো ইতিবাচক ঘটনা, খেলাধুলা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে আলাপ শুরু করা যেতে পারে। অনেক সময় একটি সাধারণ প্রশ্ন, ভালো কথোপকথনের দরজা খুলে দেয়।”
একই প্রতিবেদনে তিনি আরও বলেন, “আন্তরিক প্রশংসাও একটি কার্যকর উপায়। কারও পোশাক, ব্যবহার বা কোনো ইতিবাচক বৈশিষ্ট্য ভালো লাগলে তা জানানো যেতে পারে। এতে কথোপকথন স্বাভাবিকভাবে এগিয়ে যায়।”
মানসিক সুস্থতার জন্য প্রয়োজন সামাজিক সংযোগ
মানুষ স্বভাবগতভাবেই সামাজিক প্রাণী। তাই অন্য মানুষের সঙ্গে যোগাযোগ মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। সব সময় গভীর আলোচনা বা দীর্ঘ সময় একসঙ্গে কাটানো সম্ভব না হলেও ছোট ছোট আলাপও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কয়েক মিনিটের সৌজন্যমূলক কথোপকথন হয়ত বড় কোনো ঘটনা নয়। তবে এসব মুহূর্ত মন ভালো রাখতে, একাকিত্ব কমাতে এবং সামাজিক বন্ধন শক্তিশালী করতে সাহায্য করে।
আরও পড়ুন
যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৈরি নিয়ম মানা উচিত
যে কারণে নিজের সঙ্গে সৎ হওয়া প্রয়োজন