Published : 14 Jun 2026, 06:12 PM
‘সীমিত আকারের’ সাইবার হামলার কবলে পড়েছে ইরানের প্রধান চার বাণিজ্যিক ব্যাংক।
ইরানের ‘ব্যাংক কোঅর্ডিনেশন কাউন্সিল’ বলেছে, এ সাইবার হামলার কারণে দেশটির প্রধান চারটি ব্যাংকের সেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে গ্রাহকদের কোনো তথ্য চুরি হয়নি।
রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র প্রচারিত এক বিবৃতিতে কাউন্সিল বলেছে, “অনিয়মিত বা সন্দেহজনক লক্ষণ শনাক্ত করার পরপরই প্রযুক্তি কর্মীরা গ্রাহকদের তথ্য ও দেশের ব্যাংকিং অবকাঠামো রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।”
কাউন্সিল বলেছে, সাইবার হামলাটি ‘ব্যাংক মেল্লি’, ‘ব্যাংক তেজারাত’, ‘ব্যাংক সাদেনাত’ ও ‘এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইরান’ নামের চার ব্যাংকের ব্যবহৃত এক যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে।
এ কারণে, দেশটির প্রযুক্তি কর্মীরা সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে দেশটিতে সাময়িকভাবে কিছু ব্যাংকিং সেবার ওপর প্রভাব ফেলেছে।
বিবৃতিতে কাউন্সিল আরও বলেছে, গ্রাহকদের তথ্যে কোনো অননুমোদিত প্রবেশাধিকার ঘটেনি এবং কোনো তথ্য মুছে ফেলাও হয়নি। ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ অব্যাহত রয়েছে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুসারে, তেজারাত ও এক্সপোর্ট ব্যাংকের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে এবং সেখানে পুনরায় লেনদেন শুরু হয়েছে।
পুরো বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।