সাইলেন্ট ডিভোর্স: এক ছাদের নিচে থেকেও মানসিক বিচ্ছেদ
বিচ্ছেদ মানেই চলে যাওয়া নয়, অনেক সময় একই ছাদের নিচে থেকে যাওয়া হয় শুধুই দায়িত্বের খাতিরে।
বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক মনে হয়। দম্পতি একসঙ্গে থাকেন, সামাজিক অনুষ্ঠানে হাসিমুখে অংশ নেন, সন্তান লালন-পালন করেন। কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কের আবেগিক সংযোগ হারিয়ে গেছে।
কথোপকথন সীমিত প্রয়োজনীয় বিষয়ে, শারীরিক ও মানসিক দূরত্ব বেড়েছে। এই অবস্থাকে বলা হয় ‘সাইলেন্ট ডিভোর্স’ বা নীরব বিচ্ছেদ।
আইনি বিচ্ছেদ ছাড়াই সম্পর্ক মানসিকভাবে শেষ হয়ে যায়, কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে একসঙ্গে থাকা চলতে থাকে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা এ বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন।
সাইলেন্ট ডিভোর্সের সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া কঠিন, কারণ এটি আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে না এবং প্রকাশ্যে আসে না। তবে বিশেষজ্ঞদের মতে- ব্যস্ত জীবনধারা, কাজের চাপ, সন্তানের দায়িত্ব এবং সমাজের ভাবমূর্তি রক্ষার প্রবণতার কারণে এই প্রবণতা বিশ্বজুড়ে বাড়ছে।
আরও পড়তে পারেন
বাংলাদেশেও এমন দম্পতির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অনেকে এটিকে ‘রুমমেট সিন্ড্রোম’ হিসেবেও অভিহিত করেন, যেখানে স্বামী-স্ত্রী একে অপরের প্রতি উদাসীন হয়ে পড়েন।
এই নীরব ভাঙনের মূলে রয়েছে বিশ্বাসের অভাব। ছোটখাটো অভিমান, ভুল বোঝাবুঝি বা উপেক্ষা ধীরে ধীরে জমে দূরত্ব সৃষ্টি করে।
অতিরিক্ত নিয়ন্ত্রণ, আর্থিক সমস্যা, সন্তান পালনের মতের অমিল বা দৈনন্দিন চাপও এতে ভূমিকা রাখে। ফলে আবেগিক সংযোগ হারিয়ে যায়, কথোপকথন কেবল প্রয়োজনীয় বিষয়ে সীমাবদ্ধ হয়।
ডা. দিনা বলেন, “এমন সম্পর্কে দুজনেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু সামাজিক লজ্জা, সন্তানের ভবিষ্যৎ বা আর্থিক নির্ভরতার কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন না। বিশেষ করে নারীরা এতে বেশি সংকটে পড়েন।”
সাইলেন্ট ডিভোর্সে যা ঘটে
- একই বাড়িতে থেকেও শারীরিক ও মানসিক বিচ্ছিন্নতা।
- কথোপকথন শুধু দৈনন্দিন প্রয়োজনে সীমিত।
- একসঙ্গে খাওয়া বা সময় কাটানোর আগ্রহ হারিয়ে যাওয়া।
- সামাজিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতি বা একসঙ্গে যাওয়া এড়িয়ে চলা।
- অবসর সময় যে যার মতো কাটানো।
- মতের অমিল হলে আলোচনা না করে এড়িয়ে যাওয়া।
- আর্থিক বিষয় আলাদাভাবে ভাগ হয়ে যাওয়া।
- সম্পর্ক টিকে থাকে শুধু সন্তান, আর্থিক সুবিধা বা সামাজিক মর্যাদার কারণে।
- ভবিষ্যৎ পরিকল্পনায় একে অপরের প্রতি আগ্রহের অভাব।
- সমস্যা সমাধানের চেষ্টা না করে নীরবতাকে স্থায়ী মনে করা।
এই অবস্থা মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে— উদ্বেগ, বিষণ্ণতা বা একাকিত্ব বাড়ে। সন্তানরাও এর প্রভাব থেকে মুক্ত থাকে না।
ডা. দিনা পরামর্শ দেন, “সমস্যা চিহ্নিত করে খোলামেলা আলোচনা শুরু করুন। কাউন্সেলিং বা থেরাপি নিন। সম্পর্ক পুনরুজ্জীবিত করা সম্ভব যদি দুজনেই প্রচেষ্টা করেন।”
অন্যথায়, সচেতন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে জীবন আরও কষ্টকর না হয়।
আরও পড়ুন
