দীর্ঘ বিরতির পর ঢাকায় ফিরল ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল
এবারের উৎসবে বুফে ডিনারে অংশ নিয়ে প্রায় ১৫০-২০০ পদের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে।
“বাংলাদেশের মাছ খুবই দারুণ। এখানে মিঠাপানির সুস্বাদু অনেক মাছ আছে, চিংড়ি আছে। মাছ দিয়ে এবারের ব্রিটিশ কারি ফেস্টিভ্যালে আমি দারুণ কিছু করতে চাই।”
এক যুগ পর ঢাকায় ফেরা ব্রিটিশ কারি উৎসবে এসে এখানকার মাছ নিয়ে বলছিলেন তারকা শেফ ডমিনিক চ্যাপম্যান। তার ঢাকায় আসার মাধ্যমে প্রথমবারের মত বাংলাদেশে কোনো ‘মিশেলিন স্টার শেফ’ আসার নজির তৈরি হল।
অসাধারণ খাবার ও সেবার জন্য এই খেতাব পাওয়া চ্যাপম্যান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ও ইংল্যান্ডে তরকারি সবাই খায়। তবে রান্নার ধরন আর উপাদানের ভিন্নতার ফলে স্বাদ কিছুটা আলাদা। আমি এবারের কারি ফেস্টিভ্যালে বাংলাদেশে ব্রিটিশ তরকারির রসনা তুলে ধরতে চাই; যেখানে বাংলাদেশের নানা উপাদান আমি ব্যবহার করব।“
বার্কশায়ারের ‘দ্য বিহাইভ রেস্টুরেন্টে’র এই প্রধান শেফ ও প্যাট্রন বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে বলছিলেন, “এখানকার মসলা-সবজি-মাছ-মাংস সব বাজারে টাটকা পাওয়া যায়। এটা আমার রান্নার অভিজ্ঞতায় নতুনত্ব যোগ করবে।”
২০১০ সালের আয়োজনের পর দীর্ঘ বিরতি দিয়ে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ব্যুফে ডিনার রেস্টুরেন্ট ‘এলিমেন্টস-অল ডে ডাইনিংয়ে’ চলছে ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল। শুক্রবার শুরু হওয়া এ উৎসব চলবে আগামী বুধবার ২৬ অক্টোবর পর্যন্ত।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী কারি লাইফের আয়োজনে এ উৎসব তত্ত্বাবধায়ন করছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
কারি লাইফ এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা ও সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ জানান, যুক্তরাজ্যে বর্তমানে প্রায় ১২ হাজার কারি হাউস আছে, যেগুলোর ৯০ শতাংশ পরিচালিত হয় বাংলাদেশি বংশোদ্ভূত শেফ দিয়ে।
শুক্রবার রাতের খাবারের (ডিনার) মাধ্যমে ঢাকার উৎসবে নানা পদের ব্রিটিশ কারির স্বাদ নিতে শুরু করেন ভোজন রসিকরা। সেই আয়োজনের ফাঁকে কারি লাইফ সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, “প্রায় এক দশকের বেশি সময় পর আমরা এই ফেস্টিভ্যাল নিয়ে ঢাকায় ফিরলাম। ব্রিটেনে আমাদের দেশের অনেক মানুষ শেফ হিসেবে আছেন, ভাল করছেন।
“বাংলাদেশের কারি, ব্রিটেনের কারির মাঝে একটা ফিউশন তারা করেছেন; যা ব্রিটেনের মানুষ দারুণভাবে গ্রহণও করেছে। নিজেদের এই কাজ নিয়ে এসে দেশে উপস্থাপন করতে পারা ভীষণ আনন্দের।”
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের ব্যবস্থাপক সাহিদুস সাদিক জানান, এবারের ব্রিটিশ কারি ফেস্টিভ্যালে বুফে ডিনারে অংশ নিয়ে প্রায় ১৫০-২০০ বাহারি পদের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে।
“এ ফেস্টিভ্যালে আমরা ব্রিটিশ কারিকে মূল পদ হিসেবে রাখছি। বিশ্বখ্যাত যে শেফরা এসেছেন, তারা তাদের সেরা ও অ্যাওয়ার্ড উইনিং খাবারগুলো রান্না করছেন; যার সংখ্যা প্রায় ৪০ টির মত। এর সাথে আমাদের সবসময়কার দেশি-বিদেশি পদগুলো থাকছে। আর নানা প্রকারের সালাদ, ডেজার্টও থাকছে।”
ডাইনিং ঘুরে দেখা গেল, ভোজন রসিকরা বুফেতে অংশ নিয়ে এসব ব্রিটিশ তরকারির স্বাদ নিচ্ছেন; যার মধ্যে চিকেন, চিংড়ি ও মাটনের মত বিভিন্ন মুখরোচক খাবার চোখে পড়ল।
বন্ধুদের নিয়ে খেতে আসা ব্যবসায়ী মুহিব আব্দুল্লাহ বললেন, “খাবারের স্বাদটা আলাদা, তবে মজার। আর বাংলাদেশের কারির সাথেও খুব বেশি পার্থক্য নেই। এসে ভালো লাগছে।”
বাংলাদেশ ও যুক্তরাজ্যের খাদ্যভাসের অনেক কিছুই কাছাকাছি; কিন্তু রন্ধনশৈলী আলাদা বলে জানালেন উৎসবের আয়োজকরা।
কারি লাইফ সম্পাদক সৈয়দ বেলাল বললেন, “আমরা দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। আমাদের বহু লোক সেই দেশে গেছে। তারাও আমাদের এখানে এসেছে।
“আমরা তাদের খাদ্যাভ্যাস যেমন জানি, তেমনি তারাও আমাদের অনেক খাবার নিজেদের তালিকায় নিয়েছে। যেমন সিলেটের সাতকরা আমরা ব্রিটিশ কারিতে ব্যবহার করছি।”
এ আয়োজন দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ব্যবস্থাপক সাদিক জানান, এবারের ব্রিটিশ কারি ফেস্টিভ্যালে ডমিনিক চ্যাপম্যানসহ পাঁচজন তারকা শেফ থাকছেন, যাদের মধ্যে রয়েছে কেন্টের শোজনার মালিক শেফ জামাল উদ্দিন আহমেদ, মেইডেনহেডস দ্য ফ্যাট বুদ্ধার শেফ জাফর সোলিম উদ্দিন, দ্য ক্যাপিটাল ডারহামের এক্সিকিউটিভ শেফ সৈয়দ জহুরুল ইসলাম, হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের সাবেক শেফ উৎপল কুমার মন্ডল ও স্পেশালিটি গ্রুপের শেফ মলয় হালদার।
ভারত ও শ্রীলঙ্কাতেও কারি ফেস্টিভ্যালে তারা নিজেদের রন্ধনশৈলী দেখিয়ে এসেছেন জানিয়ে তিনি বলেন, “জনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা খরচ করে এ বুফে ডিনারে ব্রিটিশ কারির স্বাদ নেওয়া যাবে। এছাড়া প্রায় ২০টি ব্যাংকের কার্ড ব্যবহারে একটি বুফে ডিনারের সাথে আরেকটি বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে।”
