ঢাকা আসছেন লর্ড বিলিমোরিয়া
আগামী ২০ অক্টোবর সন্ধ্যায় তিনি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ব্রিটিশ কারি ফেস্টিভালের উদ্বোধন করবেন।
কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রিজের (সিবিআই) ভাইস প্রেসিডেন্ট চেলসির লর্ড করণ বিলিমোরিয়া পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন আগামী ১৭ অক্টোবর।
আগামী ২০ অক্টোবর সন্ধ্যায় তিনি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ব্রিটিশ কারি ফেস্টিভালের উদ্বোধন করবেন, যাতে অংশ নেবেন ডমিনিক চ্যাপম্যানসহ যুক্তরাজ্যের পাঁচজন তারকা শেফ।
প্রায় এক যুগ পর হোটেলটিতে এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী কারি লাইফ।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গেলে গত ১৬ সেপ্টেম্বর তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সিবিআইয়ের তখনকার প্রেসিডেন্ট করণ বিলিমোরিয়া। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ যুক্তরাজ্যের ব্যবসায়ীদের কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
লর্ড বিলিমোরিয়া পাঁচ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পাশাপাশি এফবিবিসিআই, ব্রিটিশ বিজনেস গ্রুপসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।
বার্মিংহাম ইউনিভার্সিটির চ্যান্সেলর লর্ড বিলিমোরিয়া তার বাংলদেশ সফরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন, সেখানে একটি অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখবেন এবং সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
বিলেতে বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী ও কারি ইন্ডাস্ট্রির পৃষ্ঠপোষক করণ বিলিমোরিয়া একদিনের জন্য সিলেটও সফর করবেন। সেখানে তিনি চেম্বার অব কমার্সসহ ব্যবসায়ী ও প্রবাসী নেতৃবৃন্দের পাশাপাশি শিক্ষাবিদদের সঙ্গে মিলিত হবেন।
লর্ড বিলিমোরিয়ার বাবা ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ফরিদুন বিলিমোরিয়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বগুড়া মুক্ত করতে সহায়তা করেন।
