২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির বন্যহাতিরা

কালচে ধূসর হাতিদের মাঝে মিললো গোলাপি হাতির শাবক।

সমির মল্লিক সমির মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

রাঙামাটিতে বন্যহাতির বড় বিচরণক্ষেত্র। জল ও চিরসবুজ বনে এখানও টিকে রয়েছে এশিয়ান বন্যহাতি। বিশেষত রবকল, লংগদু, কাপ্তাই, রাজস্থলীতে হাতির বিচরণ।

মূলত চিরসবুজ বনে খাবার ও কাপ্তাই লেকের পানির প্রাচুর্যতা কারণে এসব এলাকা বন্যহাতির জন্য আর্দশ বিচরণক্ষেত্র হয়ে উঠেছে।

বন্যহাতি দর্শন বা ছবি তোলা খুব একটা সহজসাধ্য কাজ নয়। কারণ হাতির বিচরণ ক্ষেত্র দুর্গম পাহাড়ে। কখনও কখনও এরা লোকালয়ে আসলেও এদের সহজেই দেখা যায় না। সময় এবং সুযোগের সমন্বয় না হলে হাতির ছবি তোলা প্রায় অসম্ভব।

সাংবাদিকতার পাশাপাশি বন্যপ্রাণীর ছবি তোলার তৃষ্ণা বন্যহাতির ছবি তুলতে আগ্রহী করে তুলে। তবে বন বিভাগের সহযোগিতা ছাড়া ছবি তোলার সম্ভাবনা খুবই কম। কারণ হাতি দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে।

দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান না জেনে হাতি খোঁজা বিপজ্জনক। ২০২২ থেকে চলতি বছর পর্যন্ত চার দফায় বন্যহাতি দেখা ও ছবি তোলার অভিজ্ঞতা রয়েছে।

রাঙামাটির বরকল ও লংগদুর চিরসবুজ বনে বন্যহাতি দেখা যায়। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে গিয়ে ছবি তোলা সম্ভব নয়। সাধারণত ‘ইআরটি’ বা ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’য়ের সদস্যরা লোকালয়ের কাছাকাছি বন্য হাতির উপস্থিতি টের পেলে বন বিভাগকে অবগত করে। এজন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ শুরু করি।

ঐরাবতের প্রথম দর্শন

২০২২ সালের জুলাই মাস। সেসময়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্রের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তার কথা মতো পরিকল্পনা।

তিনি পাবলাখালি রেঞ্জের কর্মকর্তা সজীব মজুমদারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন। তার মাধ্যমে বরকলের স্থানীয় সাবেক চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলাম। বর্ষার এক বিকেলে খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দ্যেশে রওনা দিয়ে সেখানে রাত কাটিয়ে সকালে রওনা হলাম। গন্তব্য বরকল।

জলপথে যাত্রা হল শুরু। দ্রুত গতির বোট এগিয়ে চললো অচেনা গন্তব্যে। সকালে আকাশে কিছুটা মেঘে ডাকা। উঁচু পাহাড় ছাপিয়ে সাদা মেঘের আনাগোনা। লেকের স্বচ্ছ পানিতে পথ ধরে চলতে চলতে পাথুরে যুগের পাহাড়, সবুজে মোড়ানো গ্রাম, বিস্তৃত জলরাশি, সুনীল আকাশ। উচ্চগতির স্পিডবোটে প্রায় ৪০ মিনিটের যাত্রা পথ শেষ গন্তব্যে পৌঁছানোর আগে সবুজাভ জলরাশি। চারপাশে অসংখ্য ছোট পাহাড়। ঘন ঝোপে ঘেরা এসব পাহাড় পেরিয়ে যেতে যেতে চোখে পড়ে হাতি চলাচলের পথ।

বোট থেকে নেমে পাহাড়ের মাটিতে পা রাখতেই স্থানীয় দেখাল হাতির পদচিহ্ন। সকাল বেলায় এ পথ ধরে হাতি পাহাড় বেয়ে উঠেছে।

হাতি দেখা ও ছবি তোলার জন্য নিরাপদ দূরত্বে অবস্থান ছিল। প্রচণ্ড তাপদাহে অসহনীয় অপেক্ষা! সকাল পেরিয়ে দুপুর। স্থানীয়দের ধারণা হাতি পাশের পাহাড়ের ঘনঝোপের আড়ালে বসে আছে। তবে কোনো সাড়া শব্দ মিলছে না।

সময় পেরিয়ে যাচ্ছে। হাতির দেখা নেই। অচেনা এক পাখির খোঁজে বেরিয়ে পরলাম ঘন জঙ্গলের পথে। হাতির হাঁটা পথ ধরে সামনে এগুতে লাগলাম। কিছু দূর যেতেই এক অচেনা পাখি চোখে পড়ল। কয়েকটা পাখির ছবি তোলা শেষে স্থানীয় সহযোগী আরও জঙ্গলের দিকে নিয়ে গেল।

ঝোপের কারণে চোখের দৃষ্টি সীমিত হয়েছে। তিন মিটার দূরে কী আছে তাও দেখা যাচ্ছে না। কোনো রকমে জঙ্গলে দাঁড়িয়ে ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ আটকানো, পাখির ছবি তোলা ব্যস্ত। এরই মধ্যে আমাদের সহযোগী অজান্তেই একেবারে হাতির কাছে যায়।

মানুষের উপস্থিতি টের পেয়ে হাতি উঠে দাঁড়িয়েছে। সহযোগী আমাদের দ্রুত দৌড়াতে বলে। এক সেকেন্ডও দেরি না করে দৌড় শুরু করলাম।

প্রায় তিনশ গজ দূরে পাশের পাহাড়ে এসে দাঁড়াতে বাগানের মালিক চিৎকার করে উঠল। তাকিয়ে দেখি ঝোপের আড়াল থেকে বের হয়েছে স্থলভাগের সবচে বড় প্রাণী ঐরাবত। বিশাল দেহ। পিঠজুড়ে প্রচুর মাটি। গোলাপি শুঁড়।

জীবনে প্রথমবারে মতো বন্যহাতি দেখা। ঘোরলাগা সময়। দ্রুত ছবি তুলতে শুরু করলাম। খুব বেশি সময় পাওয়া গেল না। পাঁচ মিনিটেরও কম সময় দিয়ে হাতি আবার বনে হারিয়ে গেল। প্রথমবারের চেষ্টায় বনে হাতি দর্শনের অভিযাত্রা সফল।

শাবকসহ হাতির দর্শন

২০২৩ সালে ৬ ডিসেম্বর। রাঙামাটির উত্তর বন বিভাগের আওতাধীন লংগদু’র ভাসাইন্যাদামে শাবকসহ বন্যহাতি লোকালয়ের কাছাকাছি চলে আসে। আগের দিন সন্ধ্যায় সেখানকার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার খবর দিল। তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তা (বর্তমানে সুন্দরবনে কর্মরত) রেজাউল করিম হাতি দেখতে ভাসাইন্যাদাম যাবে। আমাকেও যাওয়ার অনুরোধ করে।

গন্তব্য রাঙামাটি থেকে ৭০ কিলোমিটার দূরের লংগদু উপজেলার গহীন পাহাড়ি জঙ্গল। ডিসেম্বরে শীতের প্রকোপ ছিল। ভোরের কুয়াশায় যাত্রা শুরু। মাইনীমুখ বন বিভাগের রেস্ট হাউস থেকে এক বনকর্মী আমাদের সঙ্গী হলেন। মূলত তিনিই আমাদের হাতির কাছে নিয়ে যাবেন।

নদী পার হয়ে আবার ভাড়ায় চালিত মোটর সাইকেলে উঠে রওনা হলাম। পৌনে এক ঘণ্টা পর পৌঁছালাম।

আমাদের আগেই বনবিভাগের কর্মকর্তা ও ইআরটি সদস্যরা সেখানে পৌঁছে যায়। তবে ঘন জঙ্গলে শুধুমাত্র মা হাতির পিঠ দেখা গেলেও শাবকটি অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ড্রোন উড়াই।

কিছুটা উঁচুতে ড্রোন উড়ানোতে মা হাতিসহ শাবকের দুর্লভ ছবি ধরা পরে। সবুজ মোড়ানো বনের ভেতরে নিরাপদে শাবক ও মা হাতি।

এই এলাকার হাতির সুরক্ষায় দীর্ঘদিন কাজ করছে বন বিভাগ ও ইআরটি। পাবলাখালি বন্যপ্রাণী অভয়ারণ্য লাগায়া পাঁচটি মৌজা- ভাসাইন্যাদাম, চাইল্যাতলী, বগাচত্বর, রাজনগর এলাকায় ১১টি বন্য হাতি ঘুরে বেড়াত। কয়েক দফায় নতুন শাবক জন্ম নেওয়ায় সেখানে হাতির সংখ্যা এখন ১৪।

বন বিভাগ জানায়, দীর্ঘ ১১ বছর ধরে এসব হাতি এখানে বিচরণ করছে। এই সময়ের মধ্যে অন্তত তিন-চারটি হাতির শাবক জন্মেছে। হাতির পালের সঙ্গে শাবকদের হাঁটতে দেখা গেছে। তবে সেবার প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়ে।

ফিরে এসে বন্যহাতি সুরক্ষা, হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে লংগদু বরকলের সাফল্যগাথা নিয়ে প্রতিবেদন করি। যা হাতির সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

দেশের অন্যান্য অঞ্চলে হাতির সুরক্ষায় লংগদু ও বরকলে অভিজ্ঞতা কাজে লাগালে হাতি বাঁচবে।

গুলিবিদ্ধ হাতিকে সুস্থ করতে তড়িৎ উদ্যোগ

২০২৪ সালের শেষ দিবস। প্রায় এক বছর পর আবারও লংগদু যাত্রা। এবার গুলিবিদ্ধকে হাতিকে সুস্থ করার অভিযান। সকালের মধ্যে অসুস্থ হাতির কাছাকাছি পৌঁছাই।

বনবিভাগের মতে এটি পালের সবচেয়ে বড় পুরুষ হাতি। যে কোনো মূল্যে বাঁচাতে হবে। বিশাল দেহ। হাতিকে চেতনাশক ইনজেকশন দিয়ে কিছুটা স্থির করা গেল। দ্রুত কাজ শুরু করে ‘চট্টগ্রাম ভেটোনারি অ্যান্ড এমিনেম সায়েন্স বিশ্ববিদ্যালয়’য়ের (সিভাসু) ‘মেডিকেল অ্যান্ড সার্জারি’ বিভাগের একদল চিকিৎসক-দল।

হাতি যাতে কাউকে আক্রমণ করতে না পারে সেজন্য কাপড় দিয়ে হাতির চোখ ঢেকে দেওয়া। কাছে যেতেই হাতিটির শরীরে একাধিক ক্ষত দেখা যায়।

মনের ভেতরে প্রচণ্ড ভয় নিয়ে কাজ শুরু করে চিকিৎসক দলের। কয়েক দফায় চেতনানাশক ইনজেকশন দেওয়ার কারণে হাতিটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চিকিৎসা শেষে মানুষের ভালোবাসায় হাতিটি সুস্থ হয়ে বনে ফিরে যায়।

গোলাপি হাতি খোঁজে গিয়ে বড় পালের সঙ্গে দেখা

দুর্গম পাহাড়ি এলাকা বরকল উপজেলায় কাপ্তাই লেকে ১৩ জুন এই হাতির একটি ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দা ও ইআরটি সদস্য (এলিফ্যান্ড রেসপন্স টিম) মোহাম্মদ জাহাঙ্গীর। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে সেখানে একদল হাতি পানিতে সাঁতরাতে দেখা যায়। হাতির ওই দলে গোলাপি রংয়ের শাবকটির দেখা মেলে। এরপর থেকে ব্যতিক্রম রংয়ের এ হাতি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তাই গোলাপি হাতি শাবকের ছবি তোলার জন্য রওনা হলাম। রাঙামাটিতে রাত যাপন। ১৮ জুন ভোরে রির্জাভ বাজার থেকে যাত্রীবাহী লঞ্চে রওনা হলাম। কাপ্তাই লেকে প্রচুর পানি। ঝিরিঝিরি বৃষ্টি। দুপাশে পাথুরে পাহাড়। 

পৌনে এক ঘন্টার মধ্যে শুভলং বাজার ঘাটে পৌঁছাই। ঘাটে নামতেই আগে থেকে অপেক্ষারত কাছালংমুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম আমাদেরকে উনার অফিসে নিয়ে গেলেন।

প্রাতঃরাশ করে শুভলং থেকে দেশি ইঞ্জিনচালিত নৌকাতে রওনা হলাম বরুনাছড়ির পথে। বৃষ্টি বাড়ল। আমাদের গন্তব্যে পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লাগল। জানা গেল হাতি অবস্থান পরিবর্তন করেছে। বৃষ্টির পড়ছে অবিরাম।

এর মধ্যে ‘এলিফ্যান্ড রেসপন্স টিমে’র সদস্য মো. জাহাঙ্গীর অবস্থান জানার জন্য অন্য সদস্যদের টেলিফোন শুরু করলেন। কিছুক্ষণ পর হাতির অবস্থান জানা গেল। বোট চলল সেই পথে।

জাহাঙ্গীর নিজেই বোট চালিয়ে নিয়ে যাচ্ছেন। কখনও গুঁড়ি গুঁড়ি আর মাঝারি বৃষ্টি। তার মধ্যে চারপাশের সবুজ পাহাড়, মাঝ দিয়ে সরু পথ বা পাদদেশ ধরে চলা আর জলের ফোঁটা- এমনিতেই মুগ্ধ হওয়ার মতো। তার ওপর যেন নতুন প্রাণের দেখা পেতে মরিয়া আর উদগ্রীব; এক চরম উত্তেজনা।

বৃষ্টির ছাঁট পেরিয়ে হাতি বিচরণের নিকটবর্তী এলাকায় পৌঁছানোর বিষয়টি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। কিছু সময় খোঁজার পর পাহাড়ের চূড়ায় হাতির দলটির সন্ধান পাওয়া যায়। হাতি যাতে উপস্থিতি টের না পায় সেজন্য বেশ দূর থেকে ছবি তোলার চেষ্টা করা হয়।

সেখানে আট সদস্যের হাতির মধ্যে পাহাড়ের চূড়ায় তিনটিকে ঘুমন্ত অবস্থায় আর অদূরে বটগাছের নিচে শাবকসহ আরও পাঁচটি হাতিকে বিশ্রাম করতে দেখা যায়। প্রায় এক ঘণ্টার বিশ্রাম শেষে হাতির দল একসঙ্গে বিচরণ করতে বের হয়। আর তখনই পুরো দলটির ছবি তোলা হল।

সবচেয়ে ছোট সদস্য গোলাপি হাতি শাবক। বয়স দেড় থেকে দুই মাস। মা হাতির সঙ্গেই হাঁটছিল সে। মা হাতি যেখানে দাঁড়াচ্ছিল, শাবকটি সঙ্গে সঙ্গে মায়ের পেটের নিচে গিয়ে আশ্রয় নিচ্ছিল। মা হাতিটি ছায়ার মতো করে গোলাপি হাতি শাবকটিকে আগলে রেখে চলছে। কখনও সাঁতরে লেক পার হচ্ছে, কখনও বা পাহাড় ওঠানামা করছে।

২০২৩ সালে রাঙামাটির লংগদুতে হাতির বাচ্চার দেখা মিলেছিল। তবে সেটি ছিল অন্য বাচ্চাদের মতো কালচে এবং সারা শরীর লোমে আবৃত। এটি একেবারেই ভিন্ন। সাঁতরে লেক পার হওয়ার সময় শাবকটির শরীর ভিজে আরও গোলাপি হয়ে উঠেছিল।

ওই দলে মোট আটটি হাতি আছে। এর মধ্যে পাঁচটি পূর্ণ বয়সি, একটি কিশোর, দুটি শাবক। সবচেয়ে ছোট শাবকটি ‘গোলাপি রংয়ের’। এমন হাতির দেখা বাংলাদেশে আগে কখনও মেলেনি।

দুর্গম পাহাড়, লেক, জঙ্গল পেরিয়ে বুনো হাতি দেখা সৌভাগ্যের। একজন গণমাধ্যমকর্মী ওয়ার্ল্ডলাইফ ফটোগ্রাফারের জন্য হাতি দর্শনের অনুভূতি অনন্য। 

২০১৬ সালের জরিপ অনুসারে বাংলাদেশের হাতি সংখ্যা ২৬৮। এর মধ্যে রাঙামাটিতে রয়েছে অন্তত ৬০টি। বন ও পরিবেশের সুরক্ষায় বিপন্নতার হাত থেকে বন্যহাতি সুরক্ষায় উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।