২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়-বৃষ্টিতে বের হতেই হবে? তাহলে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত

শুধু নিজেকে নয়, হাতে থাকা মোবাইল ফোনটিও যাতে না ভেজে সে-ই চিন্তাও করতে হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 06:35 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

বৈশাখ মাস, আকাশ হঠাৎ কালো হয়ে গেল। দমকা হাওয়া শুরু হয়েছে। কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে মুষলধারে বৃষ্টি। ইচ্ছে হল ঘরে বসে থাকি। কিন্তু অফিসে মিটিং আছে, না গেলেই নয়।

এই পরিস্থিতি বাংলাদেশের বহু মানুষের পরিচিত। প্রকৃতি বিরূপ হলেও জীবন থামে না— অফিস, পড়াশোনা, হাসপাতাল, পারিবারিক দায়িত্ব- কিছু না কিছু কারণে বের হতেই হয়।

আর ঠিক এই সময়টায় একটু সচেতন না থাকলে সামান্য বৃষ্টি বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম বলছেন, “একটু প্রস্তুতি আর সামান্য সচেতনতা ঝড়-বৃষ্টির দিনের যাত্রাকে অনেকটাই নিরাপদ করে তোলে।”

বের হওয়ার আগে মোবাইলে এক মিনিট সময় দিন

এটা ছোট্ট একটা অভ্যাস, তবে কতটা উপকারী সেটা বুঝতে পারবেন একটু ভাবলেই।

আজকাল প্রায় সব স্মার্টফোনেই আবহাওয়ার ‘আপডেট’ পাওয়া যায়। বের হওয়ার আগে এক মিনিট সময় নিয়ে দেখুন— কতক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে, ঝড়ের পূর্বাভাস আছে কি-না। এই তথ্য জানা থাকলে সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া যায়, বিকল্প রাস্তা বেছে নেওয়া যায়।

“খুব তীব্র ঝড়ের পূর্বাভাস থাকলে সময় পরিবর্তন করাই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। কোনো মিটিং বা কাজই জীবনের চেয়ে বড় নয়”- বলেন আকতারুল আলম।

 ছাতা আছে, কিন্তু ঝড়ে ছাতা কতটা কাজের?

বৃষ্টির দিনে ছাতা নিয়ে বের হওয়া স্বাভাবিক। তবে ঝড়ো বাতাসে ছাতা উল্টে যাওয়া বা হাত থেকে ছিটকে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে।

দমকা বাতাস থাকলে ছাতার চেয়ে ভালো বিকল্প হল, ভালো মানের রেইনকোট। রেইনকোট পরলে হাত দুটো মুক্ত থাকে, বাতাসে সমস্যা হয় না, আর ভেজার পরিমাণও কম হয়। যারা মোটরসাইকেলে যাতায়াত করেন, তাদের জন্য রেইনকোট কার্যত বাধ্যতামূলক।

ছাতা যদি নিতেই হয়, শক্তিশালী ফ্রেমের ছাতা বেছে নিতে হবে। বাজারের সস্তা ছাতা সামান্য বাতাসেই কাত হয়ে পড়ে।

 পোশাক আর জুতা — এই দুটো নিয়ে অনেকেই ভুল করেন

বৃষ্টির দিনে পোশাক নির্বাচনটাও একটা বিষয়। ভারী কাপড় বা সহজে পানি শোষণ করে এমন কাপড় পরলে ভিজে গেলে বহন করা কষ্টকর হয়, শুকাতেও সময় লাগে। হালকা, দ্রুত শুকায় এমন কাপড় বেছে নেওয়া ভালো।

জুতার বিষয়টা অনেকে গুরুত্ব দেন না, তবে এটা আসলে নিরাপত্তার প্রশ্ন। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ‘হাই হিল’ বা মসৃণ সোলের জুতায় পা পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

‘গ্রিপ’ ভালো এমন জুতা — রাবার সোলের বা স্পোর্টস জুতা — এই দিনগুলোর জন্য অনেক বেশি নিরাপদ।

 রাস্তার জমা পানিকে হালকা ভাববেন না

ঝড়-বৃষ্টির পর ঢাকার রাস্তায় পানি জমে যায় দ্রুত। দেখতে হাঁটু পানি মনে হলেও নিচের পরিস্থিতি কেমন, সেটা বোঝা যায় না।

জমা পানিতে হাঁটার সময় সবচেয়ে বড় বিপদ হল খোলা ম্যানহোল। ঢাকনা সরে যাওয়া ম্যানহোল পানির নিচে ঢাকা থাকে, বাইরে থেকে বোঝার উপায় নেই। প্রতিবছর এই কারণে দুর্ঘটনা ঘটে।

আরেকটা বিপদ হল- বৈদ্যুতিক তারের সংযোগ। জমা পানিতে বিদ্যুৎ প্রবাহিত হলে সেটা জীবনঘাতী হতে পারে। তাই যেখানে বৈদ্যুতিক খুঁটি বা লাইন কাছে আছে, সেখানে জমা পানিতে না হাঁটাই নিরাপদ।

 বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়াবেন না

বাংলাদেশে বজ্রপাতে প্রতিবছর অনেক মানুষ মারা যান। এই মৃত্যুর একটা বড় কারণ হলো বজ্রপাতের সময় ভুল জায়গায় আশ্রয় নেওয়া।

বড় গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক — বজ্রপাত উঁচু জায়গায় পড়তে পছন্দ করে। বৈদ্যুতিক খুঁটি বা বিলবোর্ডের কাছে থাকাও ঝুঁকিপূর্ণ। ধাতব বস্তু, সাইকেল, মোটরসাইকেল, ছাতার শলাকা — এগুলো বজ্রপাত টানে।

বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব পাকা ভবনের ভেতরে আশ্রয় নিতে হবে। খোলা মাঠে থাকলে মাটিতে বসে পড়তে হবে, শুয়ে পড়া যাবে না। গাড়িতে থাকলে জানালা বন্ধ রাখতে হবে।

 মোবাইল-ল্যাপটপ বাঁচানোর কথাও মাথায় রাখুন

ভেজার ক্ষতি শুধু শরীরে নয়, যন্ত্রপাতিতেও হয়। মোবাইল ফোন, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র — একটু বৃষ্টিতেও এগুলো নষ্ট হতে পারে।

ওয়াটারপ্রুফ ব্যাগ পাওয়া যায় বাজারে। না থাকলে ব্যাগের ভেতরে একটা পলিথিন ব্যাগে ‘ডিভাইস’ রাখুন। মোবাইল পকেটে রাখার চেয়ে ব্যাগের ভেতরে রাখা বেশি নিরাপদ — বৃষ্টিতে পকেট দ্রুত ভিজে যায়।

সুস্থতা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “নিজে ভিজে গেলে বাসায় ফিরেই দ্রুত শুকনা কাপড় পরে নিন। সঙ্গে একটা ছোট তোয়ালে রাখলে পথেই চুল মুছে নেওয়া যায়। দীর্ঘ সময় ভেজা থাকলে ঠাণ্ডা, জ্বর বা সংক্রমণের ঝুঁকি বাড়ে।”

ঝড়-বৃষ্টির দিনে সবচেয়ে বড় শত্রু হল তাড়াহুড়া। দেরি হয়ে যাচ্ছে, জ্যাম আছে, মানুষ অপেক্ষা করছে— এই চাপে অনেকে ভুল সিদ্ধান্ত নেন।

রাস্তার পানিতে দৌড়ান, বজ্রপাতের মধ্যে খোলা রাস্তায় থাকেন, বেপরোয়াভাবে গাড়ি চালান।

একটু ধৈর্য ধরলে অনেক বিপদ এড়ানো যায়। ঝড়-বৃষ্টির দিনে একটু দেরি হওয়া স্বাভাবিক। সেটা মেনে নিলে মানসিক চাপ কমে, সিদ্ধান্তও ভালো হয়।

আরও পড়ুন

মুষলধারে বৃষ্টিতে কাপড় শুকাতে

বর্ষায় কাঠের আসবাব ভালো রাখার উপায়

বর্ষায় যা বের করবেন আর যা তুলে রাখবেন