২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেন-জিদের মানসিক চাপ কমাতে সহায়ক ‘প্যানিক পাউচ’

‘প্যানিক পাউচ’য়ের মূল ধারণা হল- ব্যাগে এমন কিছু থাকবে যা মনোযোগ অন্যদিকে সরিয়ে নেবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 05:55 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

বয়স, স্বাস্থ্য, কিংবা পরিবেশগত উদ্বেগ বিভিন্ন কারণেই বাড়ছে মানসিক চাপ। বিশেষ করে জেন-জি বা তরুণ প্রজন্ম এই চাপ আরও তীব্রভাবে অনুভব করে বলে বিভিন্ন গবেষণা থেকে জানা যায়।

এই পরিস্থিতিতে সহজ কার্যকর উপায় হতে পারে ‘প্যানিক পাউচ’।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস’ জানিয়েছে, প্রায় প্রতি পাঁচজনের একজন কোনো না কোনো ধরনের উদ্বেগজনিত সমস্যার সঙ্গে লড়াই করছেন। এই বাস্তবতায় ‘প্যানিক পাউচ’ সহজ সহায়ক।

প্যানিক পাউচ কী?

আসলে একটি ছোট ব্যাগ, যেখানে এমন কিছু জিনিস রাখা হয় যা হঠাৎ মানসিক চাপ বা উদ্বেগ তৈরি হলে ব্যক্তিকে শান্ত হতে সাহায্য করে।

এই ব্যাগ এমনভাবে তৈরি যাতে প্রয়োজনীয় উপাদান সহজে বহন করা যায় এবং প্রয়োজনে দ্রুত ব্যবহারও করা যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক লেখক লিসা মিলব্র্যান্ড রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই বিষয়ে বলেন, “এটি অনেকটা মানসিক প্রাথমিক চিকিৎসা বাক্সের মতো কাজ করে। অর্থাৎ, যখনই মানসিক অস্বস্তি বা চাপ অনুভূত হয়, তখন এই ব্যাগের জিনিসগুলো ব্যবহার করে নিজেকে কিছুটা স্থির করা যায়।”

যে কারণে এটি কার্যকর

‘প্যানিক পাউচ’য়ের মূল ধারণা হল- মনোযোগকে অন্যদিকে সরিয়ে নেওয়া।

যখন কেউ উদ্বেগে ভোগে, তখন তার মন বারবার একই চিন্তায় আটকে থাকে। এই অবস্থায় যদি এমন কিছু ব্যবহার করা যায় যা ইন্দ্রিয়কে সক্রিয় করে, তাহলে মনোযোগও অন্যদিকে সরে যায়।

গন্ধ, স্বাদ, স্পর্শ বা দৃশ্য— এই চারটি ইন্দ্রিয়ের মাধ্যমে মস্তিষ্ককে নতুন সংকেত দেওয়া যায়। ফলে শরীর ও মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে।

নিজের প্যানিক পাউচ তৈরির আগে যা ভাববেন

‘প্যানিক পাউচ’ তৈরি করার আগে নিজের মানসিক অবস্থার ধরন বোঝা দরকারি। কোন পরিস্থিতিতে নিজের মধ্যে বেশি চাপ অনুভূত হয়, এবং সেই সময় শরীরে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এসব বিষয় বিবেচনা করতে হবে।

অর্থাৎ কেউ যদি শব্দে বিরক্ত হন, তাহলে তার জন্য শব্দ কমানোর ব্যবস্থা দরকার হতে পারে। আবার কারও যদি উদ্বেগের সময় শরীর গরম হয়ে যায়, তাহলে তাকে ঠাণ্ডা রাখার উপায় ভাবতে হবে।

এভাবে নিজের প্রয়োজন অনুযায়ী ‘প্যানিক পাউচ’ সাজানো কার্যকর।

ইন্দ্রিয়ভিত্তিক উপাদানের ভূমিকা

‘প্যানিক পাউচ’য়ে সাধারণত এমন কিছু জিনিস রাখা হয়, যা ইন্দ্রিয়কে সক্রিয় করে। যেমন- তীব্র বা সতেজ স্বাদের কোনো খাবার মনোযোগ সরাতে সাহায্য করতে পারে।

অনেকেরই টক বা পুদিনা স্বাদের কিছু ব্যবহারে স্বস্তি আসে।

একইভাবে, প্রিয় কোনো ছবি বা স্মৃতির সঙ্গে যুক্ত কিছু জিনিস মানসিক শান্তি এনে দিতে পারে। এটি প্রিয় মুহূর্তের কথা মনে করিয়ে দেয় এবং বর্তমান চাপ থেকে কিছুটা দূরে নিয়ে যায়।

স্পর্শ ও শারীরিক অনুভূতির গুরুত্ব

উদ্বেগের সময় শরীরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এই সময় হাতে ধরার মতো কিছু জিনিস, যেমন- নরম খেলনা বা চাপ দেওয়ার বল, অনেকের জন্য উপকারী হতে পারে।

এই উপাদানগুলোতে চাপ প্রয়োগের মধ্য দিয়ে শরীরের অতিরিক্ত শক্তি বের হতে সাহায্য পাওয়া যায়।

এছাড়া কোনো সুগন্ধযুক্ত লোশন বা তেল ব্যবহার করাও অনেক ক্ষেত্রে উপকারী। বিশেষ করে ল্যাভেন্ডার বা পুদিনার মতো গন্ধ অনেকের মন শান্ত করে।

এটি ত্বকে ব্যবহার করলে যেমন আরাম পাওয়া যায়, তেমনি গন্ধের মাধ্যমে মনও শান্ত হয়।

পরিবেশ নিয়ন্ত্রণের ছোট উপায়

অনেক সময় পরিবেশই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যেমন- অতিরিক্ত শব্দ বা ভিড়। এক্ষেত্রে ছোট কিছু উপায় কাজে লাগতে পারে।

কানে লাগানোর জন্য ছোট প্লাগ বা শব্দ কমানোর ব্যবস্থা থাকলে তাৎক্ষণিকভাবে স্বস্তি পাওয়া যায়।

একইভাবে, ছোট একটি হাতপাখা বা বাতাসের ব্যবস্থা থাকলে শরীর ঠাণ্ডা রাখা যায়, যা উদ্বেগ কমাতে সাহায্য করে।

সচেতনতা ও মানসিক অনুশীলন

‘প্যানিক পাউচ’য়ে এমন কিছু লেখা বা কার্ড রাখা যেতে পারে, যেখানে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা মানসিক সচেতনতার সহজ নির্দেশনা থাকবে।

অনেক সময় উদ্বেগের মুহূর্তে অনুশীলনের কথা মনে আসে না। তাই হাতের কাছে থাকলে তা মনে করানোর সংকেত হিসেবে কাজ করে।

লিসা বলেন, “গভীর শ্বাস নেওয়া, ধীরে ধীরে শরীর শিথিল করা এই ধরনের অনুশীলন উদ্বেগ কমাতে কার্যকর।”

শারীরিক উপসর্গের জন্য প্রস্তুতি

উদ্বেগের সঙ্গে অনেক সময় শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন- মাথাব্যথা বা পেটের অস্বস্তি। এক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ ‘প্যানিক পাউচ’য়ে রাখা যেতে পারে।

“এতে হঠাৎ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়”- মন্তব্য করেন লিসা।

আরও পড়ুন

সঙ্গী যখন উদ্বেগে ভোগে

শর্ট ভিডিওতে আসক্তি: একাকিত্ব ও উদ্বেগে কমছে জীবন নিয়ে সন্তুষ্টি

উদ্বেগ কমানোর সহায়ক খাবার

ভ্রমণের উদ্বেগ কাটানোর পন্থা