সঙ্গী যখন উদ্বেগে ভোগে
উদ্বেগ এমন একটি মানসিক অনুভূতি যা বাইরে থেকে অনেক সময় বোঝা কঠিন।
কাউকে ভালো লাগা, তাকে সময় দেওয়া, তার অনুভূতি বোঝা— এসবই একটি সম্পর্কের স্বাভাবিক ধাপ।
তবে সঙ্গের মানুষটি যখন উদ্বেগে ভোগেন, তখন সম্পর্কের পথ কখনও কখনও একটু জটিল হয়ে উঠতে পারে।
তখন ভাবতে হতে পারে কেন সঙ্গী কিছু পরিস্থিতি এড়িয়ে চলেন, কেন ভিড় বা নতুন পরিবেশে অস্বস্তি বোধ করেন, অথবা কেন সে হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়।
উদ্বেগ এমন একটি মানসিক অনুভূতি যা বাইরে থেকে অনেক সময় বোঝা কঠিন। তবে ভিতর থেকে সেটা হতে পারে ভারী, গভীর, অস্থিরতাময়।
যখন এমন কাউকে ভালোবাসেন যিনি উদ্বেগের কারণে অতিরিক্ত ভাবনায়, ভয় বা অস্বস্তিতে ভোগেন, তখন তাকে সাহায্য করতে চাইলেও হয়ত পারা যায় না। সমস্যা সমাধান করতে বরং সঙ্গীকে অস্বস্তিতে ফেলে দিতে হয়।
এক্ষেত্রে বোঝাপড়া, সহমর্মিতা এবং সঠিক আচরণ— এই তিন বিষয় সম্পর্ককে স্থির রাখতে পারে।
উদ্বেগ য়েভাবে সম্পর্ককে প্রভাবিত করে
মনোজগৎ-বিষয়ক ওয়েবসাইট ‘কাম ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়- উদ্বেগ এমন এক অনুভূতি যা মানুষকে ক্রমাগত চিন্তায় রাখে। এটা সম্পর্কের ক্ষেত্রেও একইভাবে কাজ করে।
অনেক সময় উদ্বেগগ্রস্ত মানুষ ভাবতে থাকেন— সবকিছু ঠিক আছে তো? সঙ্গী কি রাগ করলো? কথা কম বললেন কেন? এ ধরনের চিন্তা যুক্তিহীন হলেও অনুভূতিটি তাদের কাছে খুব বাস্তব।
এই অনুভূতি থেকে কয়েকটি আচরণ দেখা যেতে পারে।
নিরন্তর দুশ্চিন্তা: সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত ভাবা, কথা বা ব্যবহারে লুকানো অর্থ খোঁজা। এটা বিশ্বাসের অভাব নয়; বরং ‘যদি হয়- এমন ধরনের ভাবনার প্রতি অতিসংবেদনশীলতা।
আশ্বাসের প্রয়োজন: তাকে ভালোবাসেন কি না, সব ঠিক আছে কি না— এগুলো বারবার জানতে চাইতে পারে, কারণ অনিশ্চয়তা তাদের উদ্বেগ বাড়িয়ে দেয়।
কিছু পরিস্থিতি এড়িয়ে চলাধ ভিড়, সামাজিক আয়োজন কিংবা নতুন পরিবেশ তাদের অস্বস্তি দিতে পারে। এটি ইচ্ছাকৃত নয়; উদ্বেগ নিয়ন্ত্রণের চেষ্টায় এমন আচরণ দেখা যায়।
হঠাৎ নীরব হয়ে যাওয়া: উদ্বেগ খুব বেশি হলে তারা নিজেকে গুটিয়ে নিতে পারেন। এতে মনে হতে পারে তিনি দূরে সরে যাচ্ছেন, যদিও আসলে তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করছেন।
সম্পর্কে পাশে থাকার উপায়
একই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মনোস্তাত্বিক প্রশিক্ষক তামারা লেভিট বলেন, “উদ্বেগে ভোগা মানুষের পাশে থাকা মানে তাদের ভুল বোঝানো নয়, বরং তাদের অনুভূতির মধ্যে নিজেকে একটু ভিজিয়ে নেওয়া, যাতে তারা নিরাপদ বোধ করেন।"
খোলামেলা কথোপকথন তৈরি: তাকে জিজ্ঞেস করতে হবে—কেমন বোধ করছ? কোনো কিছু কি চাপ দিচ্ছে?- একটি প্রশ্নই অনেক সময় ঝড় থামিয়ে দিতে পারে।
উদ্বেগ সম্পর্কে জানা: উদ্বেগ সবসময় যুক্তিপূর্ণ নয়। বিষয়টি বোঝার চেষ্টা করলে তার অনুভূতিকে আর ব্যক্তিগতভাবে নেবেন না— এটি সম্পর্ককে স্থিতি দেবে।
ধৈর্য ধরা: অনেক কিছু তাদের সময় লাগে— নিজেকে খুলে বলা, নতুন জায়গায় যাওয়া কিংবা সম্পর্ক নিয়ে স্বস্তি পাওয়া। তাড়াহুড়া করলে তারা আরও অস্থির হয়ে উঠতে পারেন।
তার সীমারেখা সম্মান করা: তিনি কোন পরিস্থিতিতে অস্বস্তি বোধ করেন, কোন বিষয়ে কথা বলতে চান না— এসব মানিয়ে নেওয়া সম্পর্ককে নিরাপদ করে তোলে।
তাদের ট্রিগারগুলো লক্ষ করা: কোনো শব্দ, পরিবেশ, আলোচনা বা পরিস্থিতি কি তাকে অস্থির করে তোলে? বোঝার চেষ্টা করতে হবে, তবে জিজ্ঞেস করতে চাপ দেবেন না।
সমাধান দেওয়ার বদলে পাশে থাকা: ‘আমি আছি’—এই শব্দ অনেক সময় যে কোনো সমাধানের চেয়ে বেশি কার্যকর।
শ্বাস-প্রশ্বাস বা ভূমির সঙ্গে সংযোগের কৌশল ব্যবহার করা: ধীরে শ্বাস নিতে বলতে পারেন বা চারপাশের দৃশ্যগুলো লক্ষ করতে সাহায্য করতে পারেন। এটি উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে।
তাদের অনুভূতিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ: তাকে বলুন— ‘এভাবে অনুভব করা ঠিক আছে।’ এতে অপরাধবোধ কমে যায়।
নীরবতার মধ্যেও পাশে থাকা: সবকিছু কথায় বলতে হবে না। কখনও হাত ধরা বা পাশে চুপচাপ বসে থাকা অনেক শক্তি দেয়।
আচরণকে ব্যক্তিগতভাবে না নেওয়া: সে দূরে সরে গেলে ভেবে নেবেন না যে, আপনাকে আর ভালোবাসে না; বরং সাময়িকভাবে নিজেকে সামলাতে তাদের সময় লাগছে।
প্রয়োজন হলে পেশাদার সহায়তার উৎসাহ দেওয়া: সঙ্গী যদি মনে করে জীবনমান ক্ষতিগ্রস্ত হচ্ছে— মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য তাদের আরও ভালো পথে নিতে পারে। আপনি শুধু পাশে থাকার কথা বলবেন, চাপ দেবেন না।
ঘরে শান্ত পরিবেশ তৈরি: শান্ত আলো, বই পড়া, হালকা সংগীত, ধ্যান— সবই তাদের মানসিক জট খুলতে সাহায্য করবে।
উদ্বেগ কমে গেলে আলতোভাবে খোঁজ নেওয়া: সঙ্গী কেমন অনুভব করলেন? আপনার আচরণ ঠিক ছিল কি? আর কী করলে ভালো লাগত? এ ধরনের প্রশ্ন সম্পর্ককে আরও দৃঢ় করে।
নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া: নিজেকে না দেখলে অন্যকে দেখার শক্তি থাকে না।
সম্পর্ক-সংলাপ-বিষয়ক মার্কিন প্রশিক্ষক জে শেঠি সম্পর্কের ক্ষেত্রে ‘নিজেকে আগে স্থিতিশীল রাখা’–কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
কখন কী বলা উচিত—আর কী বলা উচিত নয়
উদ্বেগে থাকা কাউকে ‘শান্ত হও’, ‘এত ভাবছ কেন?’, ‘এটা বড় কিছু নয়’— এভাবে বললে আরও অস্বস্তিতে পড়ে। মনে হয় তাদের অনুভূতিকে অস্বীকার করা হচ্ছে।
যা বললে ভালো লাগে- ‘তোমার পাশে আছি’, ‘তোমার সময় নাও’, ‘এটা কঠিন লাগছে জানি তবে তুমি একা নও।’
এগুলো সম্পর্কে নিরাপত্তা তৈরি করে, যা উদ্বেগে ভোগা মানুষের জন্য সবচেয়ে দরকারি।
আরও পড়ুন
