২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিতে গিয়ে অসুস্থতা এড়াতে

যেমন পরা উচিত স্বস্তিদায়ক পোশাক তেমনি রোদ থেকে বাঁচার জন্য নেওয়া যেতে পারে ছাতা।

রিফাত পারভীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ভোটের দিন দেশের প্রতিটি নাগরিকের কাছেই দায়িত্বের একটি দিন। বাড়ি থেকে বের হওয়া ভোট কেন্দ্রে যাওয়া, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, পরিচিতদের সঙ্গে দেখা— সব মিলিয়ে ভোটের আবহ অনেকটাই আলাদা।

তবে ভোট দেওয়ার মতো দায়িত্বশীল ও আনন্দের কাজের  মাঝেও একটা অন্য বাস্তবতা অর্থাৎ ভোট দিতে গিয়ে যেন অসুস্থ হয়ে না পড়তে হয় সে দিকেও খেয়াল রাখা জরুরি।

কারণ ভোট দিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে। সকালের দিকে থাকে শীতে প্রভাব আর দিন গড়ালে বাড়ে রোদ ও গরমে। আর ভোট কেন্দ্রের ভিড় তো আছেই।

তাই ভোটের দিনের পোশাক ও সুস্থ থাকার প্রস্তুতি হওয়া উচিত আরামদায়ক, ব্যবহারিক এবং স্বাস্থ্যবান্ধব।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর স্বাস্থ্য ঝুঁকি

ভোটের দিনে ভোটারদের অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়।

“যে কারণে পায়ে ব্যথা, কোমরে টান, মাথা ঘোরা কিংবা ক্লান্তি দেখা দেওয়া খুব সাধারণ”- বলেন সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসান।

বয়স্ক মানুষ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

তাই মাঝে মাঝে পায়ের ভর বদলানো, হালকা নড়াচড়া করা, সুযোগ পেলে বসে নেওয়া ভালো। পর্যাপ্ত পানি পান করাও জরুরি।

“এছাড়া হালকা শুকনা খাবার সঙ্গে রাখলে, সেটিও কাজে দেয়” বলেন এই চিকিৎসক।

ছোট ভাঁজ করা মোড়া

ছোট ভাঁজ করা মোড়া বা টুল সঙ্গে রাখা যেতে পারে। দীর্ঘ লাইনে অপেক্ষা করলে একটু বসে নেওয়া যায়, যা পা ও কোমরের ওপর চাপ কমায়।

যদি মোড়া না থাকে, তাহলে দেয়াল বা কোনো স্থানে হেলান দিয়ে দাঁড়ানো, মাঝে মাঝে হাঁটু ভাঁজ করে শরীর ঢিলা করা উপকারী হতে পারে।

যেমন পোশাক পরলে আরাম মিলবে

এই আবহাওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- হালকা ও আরামদায়ক পোশাক বেছে নেওয়া। নারী পুরুষ উভয়ের জন্যই ঢিলেঢালা, বাতাস চলাচল করে এমন কাপড় ভালো।

তবে শীতের আমেজ সকালের দিকে পাওয়া যাবে। তাই সঙ্গে শাল বা হালকা গরম পোশাক রাখা উচিত।

আরামদায়ক কুর্তি-প্যান্ট আরাম মিলবে। অতিরিক্ত ভারী কাপড়ে লম্বা সময় থাকলে অস্বস্তি বেশি আসবে।

ছেলেদের ক্ষেত্রে সুতির শার্ট, টি-শার্ট বা পাঞ্জাবির সঙ্গে আরামদায়ক প্যান্ট বা জিন্স ভালো। খুব আঁটসাঁট পোশাক গরমে অস্বস্তি বাড়াতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জুতা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে নরম স্যান্ডেল, ক্রকস, স্নিকার বা আরামদায়ক জুতা পরাই বুদ্ধিমানের কাজ। নতুন জুতা পরে গেলে পা ব্যথা বা ফোস্কা পড়ার ঝুঁকি থাকে বেশি।

রোদে দাঁড়ালে ত্বক বাঁচাবেন যেভাবে

রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান শারমিন কচি বলেন, “লাইনে দাঁড়িয়ে থাকতে হলে ত্বক রোদে পোড়ার ঝুঁকি থাকে। তাই বাড়ি থেকে বের হওয়ার ১৫–২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা ভালো।”

সম্ভব হলে সঙ্গে ছোট সানস্ক্রিন রাখা যায়, দীর্ঘ সময় বাইরে থাকলে আবার ব্যবহার যায়।

ছাতা বা ক্যাপ রাখা খুবই কার্যকর। এতে শুধু ত্বক নয়, শরীরও অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচে। হালকা সানগ্লাস থাকলে চোখও আরাম পায়।

ছোট কিছু প্রস্তুতি, বড় স্বস্তি

ভোট দিতে যাওয়ার সময় ছোট ব্যাগে রাখা যেতে পারে পানি, হালকা শুকনা খাবার, রুমাল, সানস্ক্রিন, ছাতা, ক্যাপ ও প্রয়োজনীয় ওষুধ। এতে অপ্রত্যাশিত সমস্যায় পড়ার সম্ভাবনা কমে যায়।

আরও পড়ুন

ভোটকেন্দ্র খোঁজা সহজ করতে নির্বাচন কমিশনের অ্যাপ

গরমে আরামদায়ক কাপড়

দ্রুত রোদপোড়া-ভাব কমাতে প্রাকৃতিক উপাদান