২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের চুড়ি টিপ

সাজের ধারায় পরিবর্তন এলেও ম্লান হয়নি বাঙালির আবেগ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 05:50 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

পহেলা বৈশাখ শুধু নতুন বছর নয়, বরং নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক উপলক্ষ্যও।

বৈশাখী পোশাক সাথে মিলিয়ে চুড়ি-টিপ এই সাজ বাঙালির চিরচেনা পরিচয়।

আগে যেমন ছিল বৈশাখের চুড়ি-টিপ

নব্বই বা তার আগের দশকে বৈশাখের সাজ ছিল অনেকটাই সরল। তবে তখন সাজে খুঁজে পাওয়া যেত গভীরতা।

সে সময়ে কাচের চুড়িই ছিল সবচেয়ে জনপ্রিয়। লাল, সাদা কিংবা সবুজ কাচের চুড়ি হাতে পরা হতো, যা সহজেই পাওয়া যেত এবং দেখতেও ছিল বেশ স্নিগ্ধ। এই চুড়ির নাম ছিল ‘রেশমি চুড়ি’।

ধানমণ্ডি এলাকার ফুটপাতে চুড়ি বিক্রেতা খাদেজা ইয়াসমিন বলেন, “রেশমি কাচ অহন আর পাওন যায় না। ওই কাচ দ্যাকতে সুন্দর আছিল আর বানাইতে দামও বেশি পরত। অহন বাজারে আরও নুতন নুতন কাচ পাওন যায়। তয় রেশমি কাচের চুড়ি অনেকেই খুঁজে।"

বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ-বিশারদ শারমিন কচি বলেন, “নব্বই দশকের দিকে টিপের ক্ষেত্রেও ছিল আলাদা বৈশিষ্ট্য। এখনকার মতো বাজারে নানান ডিজাইনের স্টিকার টিপ তখন খুব বেশি মিলত না। তবে কুমকুমের খুব ব্যবহার হতো। আর তা দিয়ে নিজেরাই টিপ এঁকে নিত।”

কুমকুম, চন্দন বা আলতা দিয়ে ছোট গোল টিপ, লম্বাটে টিপ, কখনও আবার ফুলের পাপড়ির মতো বা মানডালা গোল নকশা সবই হাতে আঁকা হতো।

সে সময়ে কুমকুমের সাথে থাকত টিপের নকশার আলাদা ছোট বই। এছাড়া সাদা কাগজের নকশা স্টিকারও থাকত। এর ওপর কুমকুমের প্রলেপ দিয়ে স্টিকার তুলে নিলেই সুক্ষ্ম টিপের নকশা হতো।

যে সময় থেকে শুরু এই রীতি

শারমিন কচি বলেন, “বৈশাখে লাল-সাদা সাজ আর চুড়ি-টিপের ব্যবহার মূলত গ্রামীণ বাঙালি সংস্কৃতি থেকেই এসেছে। কৃষিভিত্তিক সমাজে নতুন বছর মানে ছিল নতুন ফসল, নতুন আশা। এই আনন্দ উদযাপন করতে নারীরা নিজেদের সাজাতেন সহজ উপকরণে, তবে তাতে থাকত উৎসবের ছোঁয়া।”

পলা, শাখা, মাটির বা ধাতবের চুড়ি আর কপালে আলতা ও চন্দন টিপ ছিল সাজের অন্যতম অংশ।

সময়ের সঙ্গে শহরেও এই রীতি ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে এটি এক ধরনের সাংস্কৃতিক প্রতীকেও এটি পরিণত হয়।

টিপের নকশায় ছিল শিল্পের ছোঁয়া

আগের দিনের টিপ শুধু একটি বিন্দু ছিল না, ছিল ছোট শিল্পকর্মও। কুমকুম দিয়ে গোল টিপের চারপাশে ছোট ছোট বিন্দু দেওয়া হতো, যা দেখতে ফুলের মতোই লাগত। চন্দন দিয়েও আঁকা হতো লতা-পাতার নকশা।

শারমিন কচি জানান- কিছু পরিচিত নকশার মধ্যে ছিল পদ্মফুল টিপ, সূর্যমুখী টিপ, চাঁদ টিপ, লতা টিপ, আর বিন্দু টিপ। এই নকশাগুলো শুধু সাজের অংশ ছিল না, বরং সৃজনশীলতার প্রকাশও ছিল।

লাল টিপ ও চুড়ির বিশেষ অর্থ

বৈশাখে লাল টিপ আর লাল চুড়ির একটি আলাদা গুরুত্ব ও পরিচয় তৈরি হয়েছে।

লাল রং বাঙালি সংস্কৃতিতে শুভ, শক্তি ও জীবনের প্রতীক হিসেবে ধরা হয়। নতুন বছরের শুরুতে এই রং ব্যবহার করা মানে হয়ে উঠেছে নতুন উদ্যম, নতুন শক্তিকে বরণ করে নেওয়া।

এছাড়া লাল রং উৎসবের আবহ তৈরি করে, যা বৈশাখের আনন্দকেও উজ্জ্বল করে।

এখনকার ধারায় যা বদল এসেছে

বর্তমানে বৈশাখের চুড়ি-টিপের সাজে এসেছে অনেক বৈচিত্র্য। কাচের চুড়ির পাশাপাশি এখন মাটির চুড়ি, কাঠের চুড়ি, সিরামিক চুড়ি, কাপড়ের চুড়ি বেশ চলছে এখন।

বিশেষ করে লাল পলা ও হাতে আঁকা ডিজাইনের চুড়ির চাহিদা বৈশাখে সব থেকে বেশি দেখা যায়। 

হলুদ, নীল বা সবুজ রংয়ের পলা ট্রেন্ডে যোগ হয়েছে। ডিজাইনে নতুনত্ব আনতে রূপালি ও সোনালি নকশা ও ঝুনঝুনিও যোগ করা হয়।

আবার একরঙা ও নকশাবিহীন পলাও রয়েছে এই ধারায়। চুড়ির রয়েছে নানান আকারও। কোনটি চার কোনা, কোনটি ঢেউ খেলানো, কোনটি খাচকাটা আবার ডিম্বাকৃতির।

শাড়ির সঙ্গে মিলিয়ে রঙিন চুড়ির সেট বক্সও অনেকেই কেনেন।

টিপের ক্ষেত্রেও পরিবর্তন স্পষ্ট। স্টোন বসানো টিপ, কাপড়ের টিপ, ধাতব টিপ, মাটির টিপ, কাঠের টিপ এমনকি ডিজিটাল প্রিন্টের টিপও এখন সহজলভ্য।

তবে বৈশাখকে উপলক্ষ্য করে আধুনিক ট্রেন্ডের মাঝেও অনেকেই আবার ফিরে যান পুরানো কুমকুম আর চন্দনের টিপে।

শারমিন কচি ভাষায়, "বৈশাখের সাজে আধুনিকতার ও ঐতিহ্য মিলানো সাজই সুন্দর। কুমকুম দিয়ে টিপ আঁকার সঙ্গে স্টোনের হালকা ব্যবহার, বা কাচের চুড়ির সঙ্গে মাটির চুড়ি বা পলা মিশিয়ে পরার এই মেলবন্ধনই বৈশাখের সাজকে আরও জীবন্ত করতে পারে।"

অনেক অনলাইন পেইজে কুমকুম পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

সাজসজ্জায় যা করা ঠিক না

কেশ সজ্জায় গয়না

গরমে চুলের সাজ ‘বিচ ওয়েভস’

গরমে ত্বকে মেইকআপ টিকিয়ে রাখার কৌশল