Published : 30 Oct 2023, 04:41 PM
গলায় চিকন সোনা, রুপা বা ইমিটেশনের চেইন নেকলেস পরতে অনেকেই পছন্দ করেন।
তবে পরতে গিয়ে যদি দেখা যায় নেকলেসের জায়গায় জায়গাট গিঁট বেঁধে গেছে বা অনেকগুলো চেইন একসাথে জটা পাঁকিয়ে গেছে, তখন সেটা খুলতে গিয়ে মহা বিরক্ত লাগে।
মার্কিন গয়নার কারিগর জর্জ ‘জর্জ দ্য জুয়েলার’ খালিফ রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “এই জট ছাড়ানোটা অনেক সময় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আবার ছাড়াতে পারলে শান্তিও লাগে।”
তবে প্রয়োজনের সময় তাড়াহুড়ায় জট খুলতে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে গলার মালাটা। তাই জট খোলা ও যাতে না লাগে সেভাবে রাখার পরামর্শ দিয়েছে এই কারিগর।
একটা চেইনে জট লাগলে
যে কোনো শক্ত জায়গা সেটা মেঝে বা টেবিলে বিছিয়ে রাখতে হবে।
সেফটি পিন, পুশপিন, যে কোনো চোখা বস্তু বা চিমটা দিয়ে চেইনের জট বা গিঁট লাগা জায়গায় অল্প থেকে মাঝারিভাবে টোকা দিতে থাকতে হবে।
মনে রাখতে হবে গিঁটের ওপরেই টোক দিতে থাকতে হবে, এর আশপাশে নয়। আর বেশি জোরে দেওয়া যাবে না, দিলে চেইনটা নষ্ট হয়ে যেতে পারে।
টোকা দিতে দিতে যখন গিঁট বা জট ঢিলা হয়ে আসবে তখন পিনের চোখা দিক বা চিমটা দিয়ে ধরে আলগোছে জট লাগার অংশটুকু টেনে বের করতে হবে।
শক্ত হয়ে গিঁট লেগে থাকলেও জোর করা যাবে না। এভাবেই টোকা দিতে দিতে একসময় জট লাগা অংশটা ঢিলা হয়ে আসবে।
অনেকগুলো চেইনে একসঙ্গে প্যাঁচ লাগলে
সবগুলো চেইন মেঝেতে বা শক্ত কোনো জায়গায় বিছিয়ে একই পদ্ধতিতে টোকা দিয়ে যেতে হবে।
প্রথম বড় প্যাঁচ লাগা অংশে বা গিঁট্টু লাগার জায়গায় থেকে শুরু করতে হবে।
ঢিলা হলে পিন বা চিমটা দিয়ে সাবধানে জট ছাড়াতে হবে। জোর দেওয়া যাবে না।
যদি সবগুলো চেইনের জট খুলতে সমস্যা হয়, তবে প্রথমে একটা থেকে শুরু করতে হবে। একটা খুললে অন্য চেইনে মনোযোগ দিতে হবে।
এই পদ্ধতির পরও কাজ না করলে স্থানীয় গয়নার কারিগরের কাছে নিয়ে যাওয়া হবে বুদ্ধিমানের কাজ। নয়তো নেকলেসটা নষ্ট হয়ে যেতে পারে।
চেইনে যাতে জট না লাগে সেজন্য করণীয়
পাতলা, চিকন চেইনগুলো আলাদা করে রাখুন। বিশেষ করে প্রকার যদি ভিন্ন হয়। সাধারণত ওজনের তারতম্যের কারণে চেইনে জট লাগে।
চেইনে লকেট থাকলে রাখার সময় সেটা খুলে রাখতে হবে।
যে বক্সে দোকান থেকে আনা হয় সেটাতেই রাখার চেষ্টা করতে হবে। না হলে ছোট প্লাস্টিক ব্যাগে একেকটা চেইন আলাদা করে রাখা যেতে পারে।
পুরো চেইন গয়নার ব্যাগের বা বক্সে ভেতর রাখার চাইতে, চেইনের হুকের অংশটা ব্যাগের বাইরে বের করে ঝুলিয়ে রাখতে হবে। এতে চেইনে জট লাগার সম্ভাবনা কমে আর অন্য ভারী চেইনের সাথে পেঁচিয়ে যাওয়া রোধ হয়।
আরও পড়ুন