Published : 27 Apr 2026, 04:15 PM
জায়গা ছোট হলেও সৃজনশীলতার কোনো সীমা নেই। বরং ছোট জায়গাকেই একটু ভিন্নভাবে সাজালে তা হয়ে উঠতে পারে সুন্দর ও ব্যবহারযোগ্য।
অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “রান্নাঘরের প্রতিটি জিনিসই হতে পারে সাজসজ্জার অংশ। শুধু থাকতে হবে সৃজনশীল চিন্তা।”
প্রতিদিনের ব্যবহার্য জিনিসেই নতুনত্ব
ছোট রান্নাঘরে আলাদা করে সাজসজ্জার জায়গা না থাকলেও প্রতিদিনের ব্যবহারের জিনিস দিয়েই পরিবেশ বদলে ফেলা যায়। যেমন- রঙিন তোয়ালে, নকশাদার বাটি বা কাঠের তৈরি রান্নার সরঞ্জাম রান্নাঘরে স্বতন্ত্র আবহ আনে।
সাধারণ জিনিসকেও একটু ভিন্নভাবে উপস্থাপন করলে তা চোখে পড়ার মতো হয়ে ওঠে।
একটি সুন্দর পাত্রে রান্নার চামচ সাজিয়ে রাখলে সেটা যেমন কাজে লাগে, তেমনি সাজসজ্জার অংশ হিসেবেও কাজ করে।
গুলশান নাসরিনের মতে, “হাতে তৈরি বা শিল্পসম্মত জিনিস ব্যবহার করলে রান্নাঘরে ব্যক্তিগত স্পর্শ যুক্ত হয়।”
আলোর ব্যবহারে পরিবর্তন
রান্নাঘরের পরিবেশ তৈরিতে আলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তীব্র ও কৃত্রিম আলো অনেক সময় জায়গাটিকে শুষ্ক ও প্রাণহীন করে তোলে। এর পরিবর্তে নরম ও ছড়ানো আলো ব্যবহার করলে রান্নাঘর হয়ে ওঠে আরামদায়ক।
আলো শুধু দেখার জন্য নয়, এটি অনুভূতির সঙ্গেও জড়িত। অন্যদিকে অনেকেই এমন আলোর ব্যবহার পছন্দ করেন, যা প্রথম দেখাতেই নজর কাড়ে।
রংয়ের সাহসী ব্যবহার
ছোট জায়গায় অনেকেই হালকা রং বেছে নেন। তবে এই বিশেষজ্ঞ মনে করেন, ছোট রান্নাঘরই উজ্জ্বল ও গাঢ় রং ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত। এতে জায়গাটি উষ্ণ মনে হয়।
দেয়ালে সৃজনশীলতা
রান্নাঘরের দেয়াল অনেক সময় অব্যবহৃত থাকে। এই জায়গা কাজে লাগিয়ে সহজেই নতুনত্ব আনা যায়। যেমন- নকশাদার কাগজ বা টাইলস ব্যবহার করে দেয়ালে বৈচিত্র্য তৈরি করা সম্ভব।
সহজে লাগানো যায় এমন উপকরণ ব্যবহার করলে স্থায়ী পরিবর্তনের ঝামেলা ছাড়াই নতুন সাজ পাওয়া যায়।
উদ্ভিদ বা প্রকৃতিনির্ভর নকশা, যা সময়ের সঙ্গে মানানসই এবং দীর্ঘস্থায়ী সৌন্দর্য দেয় এমন উপকরণ রান্নাঘরের জন্য উপযুক্ত- মনে করেন গুলশান নাসরিন ।
ছোট ছোট পরিবর্তনের বড় প্রভাব
রান্নাঘর সাজাতে সবসময় বড় পরিবর্তনের প্রয়োজন হয় না। ছোট ছোট বিষয়ই অনেক সময় বড় পার্থক্য তৈরি করে।
আলমারির হাতল পরিবর্তন, তাকের নিচে নতুন কাগজ লাগানো বা একটি রঙিন কার্পেট ব্যবহার করা এসবই রান্নাঘরে উষ্ণতা যোগ করে।
আরও পড়ুন
রান্নাঘরের যেসব জিনিস নিয়মিত পরিবর্তন করা উচিত