২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রান্নাঘর সতেজ রাখতে

সকালে অগোছালো রান্নাঘর দেখলে দিনটা শুরু হবে অস্বস্তি নিয়ে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 04:43 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

সারা দিনের রান্না, খাওয়া-দাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে ঘরের অন্য অংশের চাইতে রান্নাঘর পরিষ্কার করা বেশি জরুরি। কারণ দিন শেষে রান্নাঘরই অনেক সময় সবচেয়ে এলোমেলো অবস্থায় পড়ে থাকে।

প্লেট, গ্লাস, খাবারের পাত্র, ময়লা সব ফেলে রাখলে বাড়ে মানসিক চাপ।

বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করলে পরদিন সকাল শান্ত ও সহজভাবে শুরু করা যায়।

গৃহসজ্জাবিদ গুলশান নাসরিনের কথায়, “পরিষ্কার রান্নাঘর দেখে সকালে ঘুম থেকে উঠলে মন স্বস্তি পায় এবং দিনের শুরুটা হয় কম চাপের মধ্যে দিয়ে।”

সকালে মানসিক স্বস্তি দেয়

সকালটা সাধারণত সবার জন্যই ব্যস্ততার। অফিস, স্কুল, কাজের প্রস্তুতি— সব মিলিয়ে তাড়াহুড়ো থাকে সকালেই। যদি সেই সময় রান্নাঘরে এলোমেলো দৃশ্য চোখে পড়ে, তাহলে বাড়ে মানসিক চাপ।

গুলশান নাসরিন বলেন, “রাতেই যদি রান্নাঘর গুছিয়ে রাখা হয়, তাহলে সকালে চা বা নাশতা তৈরির সময় অনেক স্বস্তি পাওয়া যায়। রান্নাঘর পরিষ্কার থাকলে দিনের শুরু ইতিবাচকভাবে হয়, যা পুরো দিনের মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলে।”

রাতে ময়লা রেখে দিলে পোকামাকড়ের ঝুঁকি বাড়ে

রাতের সময় রান্নাঘর পোকামাকড়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে। পড়ে থাকা খাবারের টুকরা, ময়লা প্লেট বা ছিটে থাকা খাবারে পিঁপড়া, তেলাপোকা বা ইঁদুর আসে।

তাই রাতেই খাবারের অবশিষ্টাংশ পরিষ্কার করে রাখা জরুরি। এতে রান্নাঘর নিরাপদ থাকে এবং পোকামাকড়ের ঝামেলাও কমে।

খাবারের নিরাপত্তাও নিশ্চিত হয়

রান্নার সময় ব্যবহৃত কাঁচা বা রান্না করা খাবার দীর্ঘ সময় বাইরে পড়ে থাকলে তাতে জীবাণু দ্রুত বাড়তে পারে। বিশেষ করে গরম আবহাওয়ায় এই ঝুঁকি আরও বেশি।

খাবার বা রান্নার সরঞ্জাম রান্নাঘরে রেখে দিলে জীবাণু ছড়াতে পারে এবং পরদিন সেই জায়গায় খাবার তৈরি করলে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়। তাই রাতে সবকিছু গুছিয়ে রাখা নিরাপদ অভ্যাস।

দুর্গন্ধ তৈরি হওয়ার ঝুঁকি কমে

অনেক সময় রান্নাঘর পরিষ্কার দেখালেও রাতে ফেলে রাখা ময়লা বা খাবারের অবশিষ্টাংশ থেকে দুর্গন্ধ তৈরি হয়। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতেই খারাপ গন্ধ লাগলে মনে নেতিবাচক চাপ তৈরি হয়।

তাই রাতে মুছে রাখা এবং ময়লা ফেলে দিলে এই সমস্যা সহজেই এড়ানো যায়।

জমতে পারে না ময়লা

প্রতিদিন অল্প সময় ব্যয় করে রান্নাঘর গুছিয়ে রাখলে বড় ময়লা জমতে পারে না। ছোট এলোমেলো অবস্থা পরে বড় বিশৃঙ্খলায় পরিণত হয়। তাই প্রতিদিনের ছোট যত্ন দীর্ঘমেয়াদে অনেক কাজই সহজ করে দেয়।

যে জিনিসগুলো সরিয়ে রাখা জরুরি

রাতে ঘুমানোর আগে কিছু জিনিস অবশ্যই রান্নাঘর থেকে সরিয়ে রাখা উচিত। এরমধ্যে প্রথমেই খাবারের সঙ্গে সম্পর্কিত সবকিছু গুছিয়ে ফেলা প্রয়োজন।

ময়লা প্লেট, গ্লাস বা রান্নার পাত্র রাতে ফেলে রাখা উচিত নয়। এগুলো দ্রুত পরিষ্কার করলে দুর্গন্ধ বা জীবাণু তৈরি হয় না এবং সকালে কাজও সহজ হয়।

ময়লার ঝুড়ি খালি করা জরুরি

খাবারের প্যাকেট, খোসা বা ময়লা সিঙ্কের তাক বা ঝুড়িতে জমে থাকলে তা দুর্গন্ধ তৈরি করে এবং পোকামাকড় টানে। তাই সম্ভব হলে রাতে ময়লা ফেলে দেওয়া উচিত। এই ছোট অভ্যাস রান্নাঘরকে সতেজ রাখে।

ভেজা কাপড় ও স্পঞ্জ শুকিয়ে রাখা দরকার

রান্নাঘরের স্পঞ্জ বা পরিষ্কার করার কাপড় ভেজা অবস্থায় তাকে পড়ে থাকলে তাতে জীবাণু জন্মাতে পারে এবং দুর্গন্ধ তৈরি হয়। এগুলো ভালোভাবে নিংড়ে শুকাতে দিলে স্বাস্থ্যঝুঁকি কমে।

ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে রাখা ভালো

রাতে ব্যবহৃত ছোট বৈদ্যুতিক যন্ত্র বা রান্নার সরঞ্জাম যদি সকালে ব্যবহার না করা হয়, তাহলে সেগুলো জায়গা মতো তুলে রাখা ভালো। এতে তাক পরিষ্কার করা সহজ হয় এবং রান্নাঘর পরিপাটি ও সতেজ থাকে।

আরও পড়ুন

ঘর পরিষ্কারের সাপ্তাহিক অভ্যাস

ঘরের যে স্থানগুলো পরিষ্কার রাখা জরুরি

দিন শেষে যেসব অঙ্গ পরিষ্কার রাখা প্রয়োজন

চশমা দীর্ঘদিন ভালো রাখতে