১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শীতে রোগমুক্ত থাকতে আপেল না কমলা?

দেহ সুস্থ রাখতে ভিটামিন যেমন দরকার তেমনি দরকার খাদ্য-আঁশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

বিশেষ করে আপেল নিয়ে প্রচলিত কথাটি হল— ‘প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার দূরে থাকে।’

কিন্তু সত্যিই কি আপেল একাই এই কাজ করে? নাকি কমলার মতো অন্য কোনো ফল রোগ প্রতিরোধে আরও বেশি কার্যকর?

বিশেষ করে শীতকালে সর্দি–কাশি, জ্বর আর নানান সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে এই ফলগুলো কতটা প্রভাব ফেলে?

ফলের পুষ্টিগুণ আর রোগ প্রতিরোধ ক্ষমতার সম্পর্ক

মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্ত রাখতে খাবার গুরুত্বপূর্ণ। ফল ও সবজি থেকে পাওয়া ভিটামিন, খনিজ উপাদান ও উদ্ভিজ্জ রাসায়নিক শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।

পুষ্টিবিদরা বলেন- শুধু একটি ফল নয়, বরং বিভিন্ন ধরনের ফল একসঙ্গে খেলেই তা শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। সেক্ষেত্রে আপেল ও কমলা প্রায় সমান।

আপেলের শক্তি কোথায়

আপেল সহজলভ্য একটি ফল, যা সারা বছরই পাওয়া যায়।

রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন পুষ্টিবিদ র‌্যাচেল গারগানো বলেন, “আপেলের সবচেয়ে বড় শক্তি হল বিশেষ ধরনের আঁশ, যা অন্ত্রের উপকারী জীবাণুকে সক্রিয় করে। অন্ত্র ভালো থাকলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাও শক্তিশালী হয়।"

আপেলে অল্প পরিমাণে ভিটামিন সি, জিঙ্ক ও পটাসিয়াম থাকে, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ জুলিয়ানা ভোকা বলেন, “আপেলের খোসায় থাকা উদ্ভিজ্জ উপাদান শরীরকে ক্ষতিকর অক্সিডেটিভ চাপ থেকে রক্ষা করে। এই উপাদানগুলো কোষের ক্ষয় কমাতে পারে, যা দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।"

তবে তিনি এটাও বলেন, “আপেলের বেশিরভাগ উপকারী গুণ খোসাতেই থাকে, তাই খোসা ছাড়িয়ে খেলে পুরো উপকার পাওয়া যায় না।”

কমলার পুষ্টিগুণ যে কারণে আলাদা গুরুত্ব

অন্যদিকে কমলা রোগ প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। বিশেষ করে ভিটামিন সি–এর জন্য কমলার কার্যকর উৎস।

চীনা বংশদ্ভূত মার্কিন পুষ্টিবিদ ওয়ান না চুন একই প্রতিবেদনে বলেন, "এক কাপ কমলা-ই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সি পূরণ করতে পারে। এই ভিটামিন শরীরের প্রতিরক্ষা কোষকে সক্রিয় করে এবং সংক্রমণের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে কার্যকর ভূমিকা রাখে।"

কমলায় আঁশ, জিঙ্ক, পটাসিয়াম ও ফলেইট-ও থাকে, যা একসঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।

পুষ্টিবিদদের মতে, কমলায় থাকা বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতি থেকে রক্ষার পাশাপাশি দীর্ঘদিন সুস্থ থাকতে সহায়তা করে।

অর্থাৎ, কমলার রংয়ের মধ্যেই লুকিয়ে আছে এর শক্তি। যা এই শীতে শরীরের ভেতরে রোগের বিরুদ্ধে লড়াই করে পারে।

কোনটি এগিয়ে?

পুষ্টিবিদদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কমলা কিছুটা এগিয়ে। এর মূল কারণ ‘ভিটামিন সি’র উচ্চ মাত্রা।

অর্থাৎ রোগ প্রতিরোধের জন্য আপেলের তুলনায় কমলা বেশি কার্যকর। কারণ আপেলে ভিটামিন সি তুলনামূলক কম।

তাই নিয়মিত কমলা খেলে শরীর দ্রুত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।

তবে আপেল বাদ দেওয়া যাবে না। বরং আপেল ও কমলা একসঙ্গে খেলেই শরীর সবচেয়ে বেশি উপকৃত হয়।

আপেল অন্ত্র ভালো রাখে, আর কমলা সরাসরি রোগ প্রতিরোধ কোষকে শক্তিশালী করে। এই দুইয়ের সমন্বয় শরীরকে ভেতর ও বাইরে দুই দিক থেকেই সুরক্ষা দেয়।

আরও পড়ুন

ভিটামিন সি’র অভাবে হওয়া স্বাস্থ্য সমস্যা

কমলা লেবুর চেয়েও বেশি ভিটামিন সি আছে যেসব সবজিতে

ফল–সবজি কেনার আগে যে কারণে সাবধানতা দরকার

ওজন কমানোর যাত্রায় যেভাবে ফল খাওয়া যাবে না