প্রোগ্রামিং শেখার পথ দেখাবে, কোড ইট, গার্ল!
মেয়েদের মধ্যে আইটি পেশার আলো ছড়াতেই এই অনলাইন কমিউনিটি।
বাংলাদেশের খুব কম সংখ্যক মেয়ে কম্পিউটার সায়েন্সে পড়েন। আর সেখান থেকে আরও কম সংখ্যক মেয়ে এই সংশ্লিষ্ট পেশায় যুক্ত হন। আর এই ‘অল্প সংখ্যার’ পরিমাণ বাড়াতেই আফরীন হোসেন মিরফাত শারমিন এবং তাদের বন্ধুরা মিলে code it, girl! নামের একটি অনলাইন কমিউনিটি তৈরি করেছেন।
আফরীন নিজেই অনেকদিন ধরে আইটি পেশায় যুক্ত। বর্তমানে যান্ত্রিক টেকনোলজির সিনিয়র কোয়ালিটি অ্যাশুয়ারেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
মেয়েদের প্রোগ্রামিং শিখতে সাহায্য করা আর উৎসাহ দিতে এই কমিউনিটি সম্প্রতি একটি ইভেন্ট শুরু করেছে।
আফরীন জানান, Code it, girl! একটি অনলাইন কমিউনিটি, যার যাত্রা শুরু হয়েছে মেয়েদেরকে প্রোগ্রামিং শিখতে আর উৎসাহিত করার লক্ষ্যে। আমাদের দেশে খুব কম সংখ্যক মেয়ে কম্পিউটার সায়েন্সে পড়ে এবং তার মধ্যেও একটা খুব ছোট অংশ কাজ করতে আসে। এর একটা দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে মেয়েদেরকে ছোটবেলা থেকেই প্রোগ্রামিং শিখতে সাহায্য করা এবং উৎসাহিত করা। পাশাপাশি দক্ষতার সঙ্গে এই সম্পর্কিত বিভিন্ন পেশা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।
এই লক্ষ্যেই Code it, girl!-এর প্রথম ইভেন্ট: নবম, দশম এবং একাদশ শ্রেণির ছাত্রীদের জন্য দিনব্যাপী প্রোগ্রামিং ওয়ার্কশপ।
ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি। স্থান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শুক্রাবাদ ক্যাম্পাস। এই ওয়ার্কশপে অংশ নিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
যেহেতু ল্যাবে আসনসংখ্যা কম, তাই নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়া যাবে।
ওয়ার্কশপ পরিচালনা করবেন 'কম্পিউটার প্রোগ্রামিং' বইয়ের লেখক তামিম শাহরিয়ার সুবিন এবং এই ইভেন্টয়ের সকল প্রকার একাডেমিক সহায়তা প্রদান করবে তার প্রতিষ্ঠান দ্বিমিক কম্পিউটিং স্কুল।
প্রথম ইভেন্টটি স্পন্সর করছে হাফিযা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট। ইভেন্টের ভেন্যু পার্টনার হিসাবে থাকছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। ইন্সপিরেশন পার্টনার হল কিশোর আলো। আর পার্টনার হিসাবে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
ওয়ার্কশপের সমাপনী পর্বে উপস্থিত থাকবেন ড. মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কাইকোবাদ, মুনির হাসান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নোভা আহমেদ।
সমাপনী অনুষ্ঠান হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে, শুরু হবে সন্ধ্যা ৭টায়। এটি সবার জন্য উন্মুক্ত।
সমাপনী পর্বে আয়োজকরা দেশে ও বিদেশে বড় বড় সফটওয়্যার প্রতিষ্ঠানে কর্মরত সফল নারীদের নিয়ে একটি প্রেজেন্টেশন রাখবেন যেটা অংশগ্রহণকারীদের প্রোগ্রামিং শিখতে আরও উৎসাহিত করবে।
বহুদিন ধরে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থেকেই আফরীন হোসেনের মাথায় এই বুদ্ধিটা খেলে যায়।
তিনি বলেন, “চল্লিশজন ইঞ্জিনিয়ারের একটা অফিসে মেয়ে থাকে এক থেকে পাঁচজন যেটা আসলে খুব কম। অথচ সব দিক বিচারে মেয়েদের জন্য এটা বেশ ভালো একটা কর্মক্ষেত্র হতে পারে।”
আফরীনের স্বামী আশিকুর রহমান মুশফিক্ও এই উদ্যোগ নিতে প্রেরণা যোগান। সঙ্গে যুক্ত হয় বন্ধু মিরফাত শারমিন এবং প্রাক্তন সহকর্মী রাশিদুল হাসান সৈকত, রিজভি বিন ইসলাম, নাদিয়া রাহমান বৃষ্টি।
প্রাক্তন সহকর্মী হিসেবে আমেরিকার সিলিকন ভ্যালিতে কর্মরত তাপস পাল জানান, তিনি ওয়েবসাইট’য়ের কাজ করে দেবেন। অভিজ্ঞ আর্টিস্ট মোস্তাক আহমেদ ম্যাক সম্পন্ন করেন সমস্ত ডিজাইনের কাজ। শুভ্র সরকার তৈরি করে দেন সফল প্রোগ্রামারদের নিয়ে প্রেজেন্টেশন।
উদ্যোক্তাদের সবার মাঝে কেবল একটা বিষয় মিল, তা হল এরা সবাই একসময় ওয়ালট ডিজনির অংশ, প্লেডম বাংলাদেশ প্রাইভেট লিমিটে’য়ে একসঙ্গে কাজ করতেন।
একটা ওয়ার্কশপ করার পরিকল্পনা করে কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের লেখক তামিম শাহরিয়ার সুবিনকে জানাতেই তিনি ওয়ার্কশপটি পরিচালনা করতে রাজি হয়ে যান। শুধু তাই নয়, কীভাবে শুরু করতে হবে, প্রতিটা কাজ কীভাবে হবে, কার কাছে যেতে হবে তার দিক নির্দেশনাও দিতে থাকেন।
এমনকি শুধুমাত্র ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এই ইভেন্টের স্পন্সরও জোগাড় করে দেন। তার স্ট্যাটাস দেখার এক মিনিটের মাথায় জিনবিজ্ঞানী, বিজ্ঞানলেখক এবং কবি আবেদ চৌধুরী, আফরীন হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং এই ইভেন্টের স্পন্সর হিসেবে হাফিযা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট থাকবে বলে ইচ্ছা ব্যক্ত করেন।
Code it, girl!-এর চেষ্টা থাকবে অনলাইন গ্রুপের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন টিউটোরিয়াল, ব্লগ, বই, তথ্য এবং প্রশ্নের উত্তর দিয়ে মেয়েদেরকে নিজে নিজে প্রোগ্রামিং শিখতে সাহায্য করা। এমন কিছু বাংলা টিউটোরিয়াল এবং বই আছে যার মাধ্যমে খুব সহজে প্রোগ্রামিংয়ের বেসিক শেখা সম্ভব।
অনেকের জন্যই ইংরেজি বই দিয়ে শুরু করা কঠিন হতে পারে। এই প্রয়োজনীয় টিউটোরিয়াল এবং বইয়ের লিঙ্কগুলো দিয়ে Code it, girl! প্রোগ্রামিং শেখার পথ দেখিয়ে দেবে মেয়েদের কে। শুধু বাংলায় নয়, যেকোনো ভালো টিউটোরিয়াল পেলেই শেয়ার করে দেওয়া হবে ফেইসবুক গ্রুপে। গ্রুপের মেম্বারদের মধ্যে আছেন বেশ কিছু দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এই কাজে সহায়তা করবেন।
সুযোগ পেলেই এরকম কিছু ওয়ার্কশপ আয়োজন করার ইচ্ছা আছে বলে জানান তারা।
উদ্যোক্তারা আশা করেন তাদের এই প্রচেষ্টার মাধ্যমে মেয়েরা কম্পিউটার সায়েন্সে পড়তে এবং প্রোগ্রামিং নিয়ে কাজ করতে আরও বেশি উৎসাহিত হবেন।
গুগল ফর্ম এর লিঙ্কঃ http://goo.gl/forms/o9tgt9ErJ3
ফেসবুক গ্রুপ এর লিঙ্কঃ https://www.facebook.com/groups/292738210923130/
পেইজের লিঙ্কঃ https://www.facebook.com/codeitgirl
