বাহারি চা
গ্রীষ্মের দাবদাহে ঘন জলীয়বাষ্পের দাপটে ঘেমেনেয়ে একাকার। এমনি সময়ে যদি মিরপুর ৬ নম্বর সেকশনের আশপাশে থাকেন, তাহলে প্রশান্তি ফিরিয়ে আনার একটি গতি হতে পারে সেলিম স্পেশাল টি স্টল।
৬ নং মসজিদ মার্কেটের উল্টা পাশের গলি দিয়ে একটু এগোলেই পাওয়া যাবে সেলিম স্পেশাল টি স্টল। সাধারণ একটি দোকান, সামনে একপাশে চা বানানোর সরঞ্জামাদি। আরেক পাশে পান বানানোর নানান উপকরণ সাজানো।
অন্যপাশের একটা চুলায় কাবাব-টিকিয়া-পরটা ইত্যাদি। দোকানের ভিতরে ফ্যান ঘুরছে। ফ্রিজও আছে। আরও আছে কয়েকটি বেঞ্চ।
তবে ভেতরে তেমন কেউ বসে না, সবাই বাইরে রাখা টেবিল-চেয়ারে বসে চা খায়। অনেকে হয়তো বসেও না, দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করে সেলিম স্পেশাল টি স্টলের পানীয়।
এখানকার বরফ ডোবানো লেমনেড, আইস-টি, কোল্ড-কফি কিংবা চকলেট মিল্ক শেইক নিমিষেই শরীরে এনে দেবে প্রশান্তি। যদি ঠাণ্ডা কিছু পান না করে গরম কিছু পান করতে চান, তাহলে মেন্যুতে আছে রকমারি চা অথবা কফি: আদা-লেবু চা, মধু-চা, ভ্যানিলা-চা, ব্ল্যাক-টি, তুলসি-চা, পুদিনা-চা।
তবে কমলার চায়ের আসল মজা পাওয়া যায় কেবল কমলার মৌসুমেই।
নাম সেলিম স্পেশাল টি স্টল হলেও সব রকম চায়েরই ঠাণ্ডা ও গরম দুটো সংস্করণ পাওয়া যায়। যে যেভাবে খেতে চায়।
সেলিম টি স্টলে যে সব চা পাওয়া যায়, সেগুলো হল- গরুর দুধের চা ১০ টাকা। কনডেন্সড মিল্কের চা ৭ টাকা। লেবু-চা ৬ টাকা। কাঁচামরিচের চা ৬ টাকা। হারবাল-চা ৫ টাকা। আদা-চা ৮ টাকা। মসলা-চা ৬ টাকা। গুড়ের চা ১০ টাকা। তুলসি-চা ৮ টাকা, গ্রিন-টি ৮ টাকা। ব্ল্যাক-টি ৮ টাকা। রেড লেবেল-টি ৮ টাকা। কমলা লেবুর-চা ১০ টাকা। জেসমিন-চা ৮ টাকা। গ্রিন-অরেঞ্জ-টি ৮ টাকা। মধুর-চা ১৫ টাকা। কফি ১৫-৬০ টাকা। শ্রী লংকার চা ২৫ টাকা। চকলেট-চা ২০ টাকা। লেবুশরবত (লেমনেড) ১৫ টাকা। লেবুর বরফ-চা ২০ টাকা। কমলা লেবুর বরফ-চা ২৫ টাকা। চকলেট বরফ-চা ৩৫ টাকা। ম্যাক-চা ৪০ টাকা। ঠাণ্ডা কফি ৩৫ টাকা। নেস-টি ৩৫ টাকা। লাচ্ছি ৩৫ টাকা
হরেক রকমের চা কিংবা কোল্ড-টি বা কফির পাশাপাশি এখানে পাওয়া যায় বিশেষ ধরনের পান। সেলিমের দোকানে শোভা পায় নানান রংয়ের পানের মশলা। ২০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকার পান বিক্রি হয় এখানে। এছাড়াও বিভিন্ন ফলের জুসও পাওয়া যায়।
সেলিমের এত এত স্পেশাল পদ পরখ করে দেখতে গেলে সমস্যা হয় একটাই, অর্ডার করার পর অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ। অন্যতম কারণ তিনি এক হাতেই সব ধরনের পানীয় তৈরি করেন।
সপ্তাহের প্রতিটি দিনই সেলিম টি স্টলে থাকে সমান ভিড়। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় একটু বেশিই থাকে। আর তাই, স্রেফ সেলিম টি স্টলের চায়ের মজা চেখে দেখতে চাইলে, একটু হিসেব করে হাতে সময় নিয়ে যাওয়াই ভালো।
