অবশেষে শাকিব-শীষের করমর্দন
বুধবার, ৩ এপ্রিল নতুন চলচ্চিত্র ‘ভালোবাসা আজকাল’-এর কাজ শুরু করলেন শাকিব খান। তার আগে পুরোনো বিভেদ ভুলে দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় এই অভিনেতা, চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের সি ই ও মনোয়ার এহতেশাম শীষের সঙ্গে হ্যান্ডসেক করেছেন।
এ বিষয়ে শাকিব খান বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া চলমান সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান। তারাই প্রথম দেশের চলচ্চিত্রকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়। তারা চলচ্চিত্রের উন্নয়নের জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা করছে। চলচ্চিত্র নিয়ে তাদের আধুনিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করেছে।’
শীষ মনোয়ার বলেন, ‘চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সবসময়ই আন্তরিক। শাকিব খান নিজেই আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন। এটা চলচ্চিত্রের জন্য ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের সিনেমা তৈরি করবো।’
এদিকে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘ভালোবাসা আজ কাল’ পরিচালনা করছেন পি এ কাজল। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘ভালোবাসার রঙ’ খ্যাত অভিনেত্রী মাহি। এতে আরো অভিনয় করছেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলেরর জামির প্রমুখ।
