স্যামের সিদ্ধান্তে হতাশ বন্ড প্রযোজক
জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ সিনেমাটির পর ওই সিরিজের আর কোনো সিনেমা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডি পরিচালক স্যাম মেন্ডেজ। তার এ সিদ্ধান্তে আশাহত হয়েছেন বন্ড সিরিজের প্রযোজকরা, এমনটাই জানালেন প্রযোজক বারবারা ব্রোকলি। খবর পিটিআই এর।
বক্স অফিসে আলোড়ন তোলা বন্ড সিনেমা ‘স্কাইফল’ পরিচালনা করে আলোচিত হয়েছেন স্যাম। সিনেমাটির ঝুলিতে জমা হয় প্রায় ১১০ কোটি ডলার। অস্কারের আসরে দু’টি পদকও জয় করে নেয় সিনেমাটি।
‘স্কাইফল’ সিনেমাটিকে তার জীবনের অন্যতম সেরা সিনেমা হিসেবে মনে করেন স্যাম। তবে মঞ্চ এবং অন্যান্য কাজের কারণে বন্ড সিরিজের সঙ্গে যুক্ত থাকতে চান না তিনি।
