‘রেইস ২’: প্রথম সপ্তাহে ৫১ কোটি
মুক্তির প্রথম সপ্তাহেই বাজিমাত করলো আব্বাস-মাস্তান পরিচালিত থ্রিলার সিনেমা ‘রেইস ২’। ২৫ জানুয়ারি মুক্তির পর প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫১ কোটি রুপি। খবর জি নিউজ ব্যুরোর।
মুক্তি পাবার আগে থেকেই সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে সিনেমাটিকে। তবে সব সমালোচনাকে ব্যর্থ করে প্রথম সপ্তাহেই সাফল্যের মুখ দেখেছে সিনেমাটি।
বলিউডি অভিনেতা জন আব্রাহাম ‘রেইস ২’ সিনেমাটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তিনি সিনেমাটির প্রথম তিন দিনের আয় সম্পর্কে মাধ্যমটিকে জানান, ‘মুক্তি পাবার পর শুক্রবারে সিনেমাটি আয় করে ১৫ কোটি ১২ লাখ রুপি। শনিবারে এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ কোটিতে। রোববারে ১৫ কোটি রুপির মতো জমা পড়ে রেইস ২ এর ঝুলিতে।’
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ‘রেইস’ সিনেমার সিক্যুয়ালে নির্মিত সিনেমাটি এরই মধ্যে ৫০ কোটির দাগ অতিক্রম করেছে। তাই অনেকেই আশা করছেন ১০০ কোটির রেকর্ডে নাম যুক্ত হতে যাচ্ছে সিনেমাটির। তবে প্রথম সপ্তাহের ওপর ভিত্তি করে নিশ্চিতভাবে কোনো অনুমানই করা যায় না।
জন আব্রাহাম ছাড়াও সিনেমাটির অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান, দীপিকা পাড়–কোন, অনিল কাপুর এবং আমিশা প্যাটেল।
