মোশাররফ-জুঁই এর ‘অপহরণের পর’
সম্প্রতি অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিম ‘অপহরণের পর’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এতে আরো অভিনয় করেছেন দীপা খন্দকার, আনিসুর রহমান মিলন, ইন্তেখাব দিনার, নাদিয়া, মাজনুন মিজান প্রমুখ।
এ বিষয়ে হাসান বলেন, ‘নাটকটিতে অভিনয় শিল্পীরা স্বনামে স্বভূমিকায় অভিনয় করেছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন করিম দম্পতি।’
এদিকে মোশাররফ করিম বলেন, ‘এই নাটকে আমি একজন অভিনেতা, যাকে কয়েকজন তরুণ অপহরণ করে। এখানে মজার বিষয় হল অপহরণকারীরা নিজেরাও অভিনেতা মোশাররফের ভক্ত, কিন্তু প্রেমিকার প্ররোচনায় কাজটি করে তারা। অপহরণের কারণটা তারা মোশাররফ করিমকে জানিয়ে দেয়। প্রিয় অভিনেতাকে খুশি করতে নানারকম চেষ্টা চালায় তারা। এদিকে, অপহরণের খবরটি মিডিয়াতে প্রকাশ হয়ে গেলে তুমুল হৈ চৈ পড়ে যায়। বিভিন্ন অভিনেতা- অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্দেহের তীর যায় অভিনেত্রী দীপা খন্দকারের দিকে। ঘটতে থাকে নানা নাটকীয়তা।’
২৫ জানুয়ারি, শুক্রবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
