২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়ংয়ের ‘আর্টিজানরা’

কেউ নকশা খোদাই করছেন, কেউ দিচ্ছেন রঙয়ের ছাপ, কেউ ব্যস্ত কারচুপি গাঁথতে আবার কেউ রাঙাচ্ছেন আস্ত থান কাপড়।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 11:52 PM

Updated : 11 Oct 2022, 12:42 PM

পুরনো খবর:

আড়ংয়ের ৪০ বছরে তিন দিনের উৎসব

ঢাকার অদূরে মানিকগঞ্জে আয়েশা-আবেদ ফাউন্ডেশনে শিল্পীদের কর্মমুখর জীবনের নিত্য চিত্র এটি।

দেশি পোশাকের জনপ্রিয় নাম ‘আড়ং’য়ের ৬০ শতাংশ পণ্যই তৈরি হয় এদের হাতে; আর  এরাই আড়ংয়ের কাছে পরিচিত ‘আর্টিজান’ নামে।

৪০ বছর পেরিয়ে আসা আড়ংয়ের আড়ংয়ের মানিকগঞ্জের কয়েকটি উৎপাদন কেন্দ্রে সম্প্রতি ঘুরে দেখা যায়, কাপড় বুনন, রঙ দেওয়া, আলপনা আাঁকা, সুতার নকশা, এমব্রয়ডারি থেকে শুরু করে পাঞ্জাবি, শাড়ি, থ্রি-পিচ, শো-পিচসহ সব ধরনের পণ্যই তৈরি হচ্ছে ফাউন্ডেশনের কেন্দ্রগুলোতে।

১৯৭৮ সালে গ্রামীণ কারু ও হস্তশিল্পীদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের এক পরিকল্পনায় যাত্রা শুরু করে আড়ং। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী। তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি হচ্ছে দেশজুড়ে আড়ংয়ের ২০টি আউটলেটে।

আয়েশা-আবেদ ফাউন্ডেশনের মানিকগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়ংয়ের ৬০ শতাংশ পণ্যের জোগান দেন আয়েশা আবেদ ফাউন্ডেশনের কর্মীরা। বাকি পণ্য আসে অন্য জোগানদাতাদের কাছ থেকে।

তিনি বলেন, মানিকগঞ্জের মতো সারা দেশে ফাউন্ডেশনের ১৪টা আঞ্চলিক কার্যালয়ের অধীনে ৬৫০টি সাব সেন্টারে উৎপাদনে জড়িয়ে আছেন ৬৫ হাজার শ্রমিক, যাদের শতকরা ৯০ ভাগই নারী।

মানিকগঞ্জে ফাউন্ডেশনের কারখানায় ৩০ বছরের বেশি সময় ধরে আসবাবপত্র তৈরির কাজ করে যাচ্ছেন সত্তরোর্ধ কাঠমিস্ত্রি পরেশ সূত্র ধর।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই উপাদন কেন্দ্রে কাজ করেন তিনি। একটি ফোল্ডিং চেয়ার সম্পূর্ণ রূপে ফিনিশিংসহ তৈরি করে দিতে পারলে মজুরি আসে ২২৫ টাকা। হাত চালিয়ে কাজ করলে দিনে দুটি চেয়ারও তৈরি করা যায় বলে জানান পরেশ।

একটি চেয়ার নির্মাণের পর সেটা বার্নিশ করেন আরেকজন কর্মী। বার্নিশের জন্য তার পারিশ্রমিকও আলাদা। এভাবে ধাপে ধাপে তৈরি হয় পণ্যগুলো।

এই কারখানাতেই কাঠে নকশা খোদাই করতে দেখা যায় একদল নারীকে। ঢাকা থেকে তৈরি করা নকশা দেখে কাজ করেন তারা। পরে সেই নকশা দিয়ে কাপড়ে রঙের ছাপ দেওয়া হয়।

পাশের একটি কক্ষে কাপড়ে কারচুপি গাঁথার কাজ ব্যস্ত দেখা যায় একদল কর্মীকে।

লিপি আক্তার ও আমিনুল নামের দুই কর্মী জানান, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারচুপি গাঁথার কাজ করলে অন্তত আড়াইশ টাকা আয় করা সম্ভব।

মানিকগঞ্জে আঞ্চলিক কেন্দ্রে প্রতিদিন কাজ করেন হাজার খানেক শ্রমিক। এদের অধিকাংশই নারী। সেখানে শিশুদের জন্য রয়েছে ডে-কেয়ার সেন্টার এবং জরুরি চিকিৎসা সেবা।

ওয়াশিং, ডায়িং, সুইং, ব্লক, এমব্রয়ডারিসহ বিভিন্ন বিভাগে কাজ হয় এখানে।

অঞ্চলিক অফিস থেকে কয়েক কিলোমিটার দূরে বোয়ালিয়া গ্রামের উপকেন্দ্রে গিয়ে দেখা যায়, কামিজ, তাগা ও পাঞ্জাবিতে সুই-সুতা দিয়ে নকশা করছেন অন্তত ২৮ জন নারী। তাদের অধিকাংশ থাকেন উপকেন্দ্রের আশপাশের বাড়িতে।

সুতার কাজের পারিশ্রমিক কম হলেও তাতে খুশিই আছেন আর্টিজানরা। কারণ বাড়ির কাজ সামলানোর পাশাপাশি দলে দলে ভাগ হয়ে চুক্তিতে কাজ করতে পারেন তারা।

একটি কামিজে (তাগা) সুতার কাজ করার বিনিময়ে ৯৬ টাকা এবং একটি পাঞ্জাবিতে নকশা করার বিনিময়ে ৩৬০ টাকা পাচ্ছেন তারা।

অবশ্য একটি পাঞ্জাবির কাজ শেষ করতে অন্তত তিন থেকে চার দিনও সময় লাগে। আর একদিনেই শেষ করা যায় একটি তাগার জন্য নির্ধারিত হাতের নকশার কাজ।

চায়না নামের এক কারিগর বলেন, ১৯৯১ সাল থেকেই এই কাজে যুক্ত আছেন তিনি। সুই সুতার কাজ করে মাসে অন্তত তিন হাজার টাকা আয় করতে পারছেন তিনি।

“এখানে কাজের সুবিধা হলো বাড়তি কোনো চাপ নেই। যেদিন কাজ করি সেদিন পয়সা পাই। আর কোনো কারণে কাজে আসতে না পারলেও কোনো সমস্যা হয় না। আগে মানুষের জায়গায় থাকতাম। এখানে কাজ করে ছেলে-মেয়েদের লেখাপড়া করাইছি। ৭ শতাংশ জমির মালিক হইছি।”

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে জমিদার বালু মিয়ার পরিত্যক্ত বাড়িতে এমব্রয়ডারি, তাঁতসহ আরও কিছু উৎপাদন ব্যবস্থা রয়েছে আয়েশা আবেদ ফাউন্ডেশনের।

বালু জমিদারের বাড়িতে গিয়ে দেখা যায়, হাতচালিত তাঁতে রেশম ও সুতির মিশ্র সুতায় কাপড় তৈরিতে ব্যস্ত একঝাঁক শ্রমিক, যাদের অধিকাংশই নারী। তাদের কেউ বান্ডিলে সূতা সাজানোর কাজে আবার কেউ তাঁতকল চালানোর কাজে ব্যস্ত।

তাঁতকর্মী মালা রানী জানান, ব্র্যাকের কাছেই মেশিন চালানোর শিক্ষা নেন তারা। এখানে কাজ করেই সংসার চলে।

“প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করে ৬ থেকে ৭ গজ কাপড় তৈরি করতে পারি। প্রতিগজের জন্য ৩৪ টাকা করে মজুরি পাই।”

খুবই পরিশ্রম সাধ্য তাঁতের মেশিন চালিয়ে দিনে অন্তত দুইশ টাকা আয় করা গেলেও চরকায় সুতা পেঁচিয়ে আয় হয় এর অর্ধেক টাকা।

এই উপকেন্দ্রে ৩০ বছরের ধরে কাজ করছেন সত্তোরোর্ধ নারী জোছনা বেগম।  বিধবা এই নারীর চামড়ায় বয়সের ছাপ স্পষ্ট হলেও চরকায় হাত চলে এখনও নিপুণভাবে। আয়ের টাকা দিয়ে জোগান দেন মেয়ের সংসারে।

জোছনা বলেন, চরকা ঘুরিয়ে একশ বান্ডিল সুতা গুছাতে পারলে পারিশ্রমিক ১১৫ টাকা। সারাদিন কাজ করলে সর্বোচ্চ দেড়শ বান্ডিল সুতা পেঁচানো যায়।

তাঁতে স্থায়ী নিয়োগ পেয়ে ড্রাম মাস্টার হিসাবে কর্মরত জিন্নাত আলী বলেন, “তাঁতে যারা কাপড় বুনন করেন তারা স্বাধীনভাবেই কাজ করেন।  আমি মেশিনগুলোর সার্বক্ষণিক দায়িত্বে আছি। মাসিক ৫ হাজার ৯৪০ টাকা বেতন নির্ধারিত আছে আমার।”

এসব কর্মীদের ৫ শতাংশ নিয়মিত। বাকিরা কাজের বিনিময়ে বেতনের ভিত্তিতে কাজ করেন।

ফাউন্ডেশনের মানিকগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস বলেন, “গ্রামের অতিদ্ররিদ্র মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঋণ দিয়ে আসছে ব্র্যাক। ক্ষুদ্র ঋণ নিয়েও যারা দারিদ্রতার কারণে তা শোধ করতে পারেন না, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর্টিজান হিসাবে উন্নীত করা হয়। নিজেদের যোগ্যতা অনুযায়ী আয়েশা-আবেদ ফাউন্ডেশনে কাজ পেয়ে থাকেন তারা।”

কর্মীদের অধিকাংশই ‘স্বাধীনমতো’ কাজ করেন জানিয়ে তিনি বলেন, “কারও জন্য কোনো ধরাবাধা নিয়ম নেই। নিজেদের সময় সুযোগ মতো প্রশিক্ষিতরা উৎপাদন কাজে অংশ নিয়ে আয় করতে পারেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, কর্মদক্ষতা অনুযায়ী আয় নির্ধারিত হয়।।”

আঞ্চলিক কর্মকর্তা গিয়াস জানান, উৎপাদনকর্মীরা নিয়মিত চাকরি না করলেও তাদের স্বাস্থ্যসেবার দিকে বিশেষ নজর রয়েছে ফাউন্ডেশনের। শিশুদের জন্য ফ্রি-ডে কেয়ার সেবার পাশাপাশি সিজারিয়ান ডেলিভারির জন্য ৬ হাজার টাকা, জরুরি চিকিৎসার জন্য এক হাজার টাকা এবং নিয়মিত কর্মীদের যে কোনো অস্ত্রোপচারের ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে।