ক্রেপ রোল বা পান্তারাস
যারা তেলেভাজা খুব একটা পছন্দ করেন না তাদের জন্য।
রেসিপি দিয়েছেন আনার সোহেল।
ক্রেপ অথবা রুটির জন্য উপকরণ: ময়দা বা আটা ২ কাপ। গলানো মাখন ১ টেবিল-চামচ। পানি প্রয়োজন মতো (গোলা তৈরি করতে যতটুকু লাগে)। লবণ স্বাদ মতো। ডিম ১টি (ফেটানো)।
রোল তেলে ভাজতে চাইলে পরিমাণ মতো তেল। ডিম ২টি (ফেটানো)। ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া (প্রয়োজন মতো)।
পুরের জন্য উপকরণ: বাঁধাকপি ও গাজরকুচি ১ কাপ। চিকেন কিমা ১ কাপ। পেঁয়াজকুচি ১টি। আদা ও রসুন বাটা ২ চা-চামচ। কাঁচামরিচ কুচি ২,৩টি। লবণ স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ। গরম মসলাগুঁড়া আধা চা-চামচ। তেল ২ টেবিল-চামচ। ধনেপাতা কুচি (ইচ্ছা)।
পদ্ধতি: প্রথমে, ক্রেপ বা রুটির গোলা তৈরির সব উপকরণ একটি বাটিতে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মেশাতে হবে।
গোলা বেশি ঘন বা পাতলা হবে না। পাটিসাপটার গোলার চেয়ে একটু পাতলা হবে।
এবার ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিন। এই সময়ে পুর তৈরি করে নিন।
সবজিকুচি করে কেটে ভাপিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে রাখুন।
কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজকুচি, আদা ও রসুন বাটা দিয়ে নাড়তে হবে।
কিমা, কাঁচামরিচ-কুচি, গোলমরিচের গুড়াঁ ও গরম মসলা দিয়ে মাঝারি আঁচে ভাজুন।
পুর ঝরঝরা হয়ে এলে ধনেপাতা-কুচি দিয়ে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এখন রুটি তৈরি করে নিন।
একটি নন স্টিক প্যান চুলায় গরম দিয়ে মাখন বা তেল দিয়ে মুছে নিন।
এবার গরম প্যানে বড় গোল চামচে এক চামচ গোলা দিন এবং সঙ্গে সঙ্গে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে রুটির আকার করে নিন।
দুতিন মিনিটের জন্য ঢেকে দিন অথবা রং পরিবর্তন হয়ে চারপাশ আলগা হয়ে এলে রুটিটা তুলে নিন একটি প্লেটে।
আবার প্যান মুছে গোলা দিন একই ভাবে রুটি তৈরি করে নিন।
এখন রুটি প্লেটে বিছিয়ে এক প্রান্তে পুর রেখে বেশ শক্ত করে রোল করে নিন। এভাবে সব রুটি ও রোল তৈরি করে নিতে হবে। ব্যাস হয়ে গেল মজাদার ক্রেপ রোল।
যদি ভাজতে চান: একইভাবে রোল বানিয়ে নিন। ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারেন কয়েক ঘণ্টা।
সেট হয়ে গেলে প্রয়োজন মতো সময়ে বের করে গরম ডুবো তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
