২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রজন্মের ঈদ বাজার

শপিং মলগুলোর ভিড়, জিনিসপত্রের উঠতি দাম কোনো কিছুই ঈদের কেনাকাটায় বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর তরুণীদের জন্য ঈদ মানেই মন মতো ও হাল ফ্যাশনের নতুন জামা, জুতা এবং আরও সব অনুষঙ্গ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 04:57 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

পুরনো খবর:

উদ্ভট নামের পোশাক

অনেকে আবার বিভিন্ন শপিং সেন্টারের ভিড় এবং দরকষাকষির ঝামেলা এড়াতে অনলাইনেই কেনাকাটা সেরে ফেলতে পছন্দ করেন। আর এই ধারায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফেইসবুকের বিভিন্ন পেইজগুলো। নিত্যনতুন ডিজাইনের পোশাকের কালেকশন নিয়ে রোজা শুরুর আগে থেকেই পেইজগুলো তাদের পসরা সাজিয়ে বসেছে।

তাই ফেইসবুকের পেইজগুলোতে কিছুটা চোখ রাখলেই এ বছরের ঈদে কোন ধরনের পোশাক জনপ্রিয়তার তালিকায় রয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

ঈদের সময় মূলত স্থান পায় সারা বছরের জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ডগুলো। এ বছরের শুরু থেকে খানিকটা লম্বা ও ঘেরওয়ালা পোশাকের জনপ্রিয়তা বেশি। তাছাড়া পোশাকের ধরনেও এসেছে ভিন্নতা। যেমন গাউনের পাশাপাশি এখন জনপ্রিয়তার তুঙ্গে আছে ঘের দেওয়া ও কুচিওয়ালা স্কার্ট। কোমরে বেল্ট আর ক্রপ টপ বা সাধারণ শার্টের সঙ্গে স্কার্ট এখন বেশ পরিচিত পোশাক।

তাছাড়া রয়েছে একটু বেশি ঘেরের পালাজ্জো। গত দু’বছরের মতো এবারও কামিজ বা টপসের সঙ্গে পালাজ্জোই বেশি প্রাধান্য পেয়েছে। তবে ধরনে আসছে ভিন্নতা। এবার এক রঙা পালাজ্জোর বদলে স্থান করে নিয়েছে প্রিন্টেড পালাজ্জো।

তাছাড়া পালাজ্জোর প্যাটার্নেও এসেছে ভিন্নতা। যেমন এখন নিচে সমান কাটের পালাজ্জোর বদলে খানিকটা গোল বা একদিকে কোনা করা পালাজ্জো এখন বেশ জনপ্রিয়।

যারা নিজেরা কামিজ বা গাউন বানিয়ে পরতে ভালোবাসেন তাদের ভিড় লেগে থাকে গজ কাপড়ের দোকানগুলোতে। নিউমার্কেট, গাউছিয়া, প্রিয়াঙ্গন, চাদনি চক, মেট্রো শপিং মল, বনানী সুপার মার্কেট, পিঙ্ক সিটি, বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক ইত্যাদি শপিং সেন্টারগুলোতে দেখা গেল ঈদ উপলক্ষ্যে নানা ধরনের গজ কাপড়ের সংগ্রহ।

বাজারে বিভিন্ন নকশার লতা-পাতা ও ফুলেল গজ কাপড়ের চাহিদাই বেশি। বিভিন্ন ব্র্যান্ডেড ফ্যাশন হাউজের কালেকশনেও স্থান করে নিয়েছে ফুলেল নকশার পোশাক। কাপড়ের ধরন, বিভিন্ন মার্কেট ভেদে ফুলেল নকশার গজ কাপড়ের দাম পড়বে ২৫০ থেকে ৪শ’ টাকা।

কারচুপি ও সুতার কাজ করা গজ কাপড়ের জনপ্রিয়তাও রয়েছে অন্যবারের মতোই। দাম একটু বেশি হলেও ভিন্নধর্মী পোশাক তৈরির ক্ষেত্রে এ ধরনের গজ কাপরগুলো বহুল ব্যবহৃত। কাজের পরিমাণ বুঝে দামে আসে ভিন্নতা। ৮শ’ থেকে ২ হাজার টাকা হতে পারে এক গজ কাপড়ের দাম।

এ বছর আবারও ফিরে এসেছে পুরাতন নকশার স্টাইলের একটি ধারা, ডলার ওয়ার্ক। অর্থাৎ আয়না বসানো নকশা। কামিজ বা কুর্তির বুকে, হাতায় বিভিন্ন আকারের আয়না বা ডলার রঙিন সুতায় বসিয়ে করা হয়েছে নকশা। তৈরি পোশাক যেমন কিনতে পাওয়া যাচ্ছে তেমনি চাইলে পছন্দসই ডিজাইন দিয়ে ‘কাস্টোমাইজ’ করেও সাজিয়ে নেওয়া যাচ্ছে আয়নার কাজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া রহমান উপমা তার ঈদ বাজার সম্পর্কে বলেন, “বাজার থেকে তৈরি পোশাক কেনার থেকে পছন্দের ডিজাইন দিয়ে বানানো পোশাক পরতে বেশি পছন্দ করি আমি। তাই রোজার শুরুতে নিজের নকশা এবং পছন্দ অনুসারে টেইলারের কাছে এম্ব্রয়ডারি করাতে দিয়েছি।”

তিনি আর বলেন, “ঈদের সময় টেইলারদের চাহিদা সব থেকে বেশি এবং ব্যস্ততাও বেশি। তাই ঠিক সময় পোশাক পাবো কিনা, আর পেলেও তা যেমনটা আমি চেয়েছি তেমন মন মতো হবে কিনা এগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। আর হাল ফ্যাশনে যে পোশাকগুলো বেশি চলে সেগুলো খুব একটা ভালো লাগে না আমার। যেমন বাজারে বিভিন্ন উদ্ভট নামের পোশাক পাওয়া যায় সেগুলো দেখতে মোটেও ভালো লাগে না। তাই সেগুলো এড়িয়ে চলি। আরামদায়ক পোশাক পরতেই ভালো লাগে তাই নিজের মতো করে বানিয়ে নেওয়াই বুদ্ধিমানের, আমার মনে হয়।”

“তাছাড়া ফেইসবুক পেইজ থেকে কসমেটিকস কিনেছি। বিভিন্ন দোকানে আসল না নকল এ নিয়ে বেশ দোটানায় ভুগতে হয়। এ তুলনায় ফেইসবুকের কিছু পেইজ বেশ নির্ভরযোগ্য। এছাড়া আমার শাড়ি ভালো লাগে তাই একটি শাড়ি কিনবো। সুতির ট্রেডিশনাল শাড়ি।” বলেন উপমা।

এ বছর জনপ্রিয়তা পাচ্ছে পোশাকে চেইনের ব্যবহার। পোশাকের ফিটিং ঠিক রাখতে চেইনের ব্যবহার দীর্ঘদিনের হলেও এবার ডিজাইনের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে চেইন। চেইন কিনতে খোঁজ নিতে পারেন লেইস, সুতা বিক্রির দোকানগুলোতে। কিনতে হবে গজ হিসেবে। ধরন ও দৈর্ঘ্য ভেদে দাম ওঠানামা করতে পারে।

যেহেতু এবারও গরমের মধ্যেই পড়ছে ঈদ তাই সুতি পোশাকের প্রতিই আগ্রহ বেশি সবার। কারণ স্টাইলের পাশাপাশি আরামের বিষয়ও মাথায় রাখতে হবে। এছাড়াও লিলেন, সামু সিল্ক, জর্জেট ইত্যাদি পোশাকও বেশ আরামদায়ক হতে পারে।

সদ্যবিবাহিতা বাংলাদের গার্থস্থ্য অর্থনীতি কলেজের সাদিয়া রহমান আশা অনলাইনে কেনাকাটা করতেই বেশি পছন্দ করেন। তবে ঈদের পোশাক কেনার ক্ষেত্রে তিনি অনলাইনের উপর খুব একটা ভরসা পাচ্ছেন না বলে জানান।

আশা বলেন, “এর মধ্যে পাঁচটি পোশাক উপহার পেয়েছি। আর নিজে দুটি শাড়ি কিনলাম। আরও কিছু কেনাকাটার ইচ্ছা আছে। জর্জেটের উপর হালকা কাজ করা শাড়ি কেনার ইচ্ছা আছে। আর সালোয়ার কামিজের ক্ষেত্রে সুতিটাই আমি বেশি পছন্দ। মোটামোটি ১ হাজার ৫শ’ থেকে ২ হাজারের মধ্যে প্রতিদিন পরার মতো কামিজ কিনবো ভাবছি।”

গজ কাপড় বা থ্রি পিসের পাশাপাশ বাজারে বিভিন্ন ধরনের পোশাকের সমারহোও সাজানো হয়েছে। পাকিস্তানি ও ভারতীয় পোশাকের কদরই বেশি। রয়েছে বিভিন্ন সিরিয়ালের চরিত্র এবং অভিনেত্রীদের নামের পোশাক। যা অনেক ক্ষেত্রে ক্রেতাকে আকৃষ্ট করলেও অনেকের কাছেই বিষয়টি বিরক্তিকর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তানজিয়া তাসনিম আহমেদ জানান, অনলাইনের পোশাকের প্রতি তার খুব একটা আগ্রহ কাজ করে না, কারণ অনেক সময়ই ছবির পোশাকের সঙ্গে আসল পোশাকের মিল খুঁজে পাওয়া যায় না অথবা কাপড়ের মান খুবই খারাপ হয়। তিনি সালোয়ার কামিজের ক্ষেত্রে জর্জেট ও সিল্কই বেশি পছন্দ করেন।

বাজারের রকমারি পোশাকের ক্ষেত্রে তার মতামত জানতে চাইলে তাসনিম বলেন, “এই ধরনের পোশাক দেখতে খুব একটা খারাপ লাগে না তবে নিজের জন্য এসব পোশাক আমি খুব একটা পছন্দ করি না। তাছাড়া ভারতীয় সিরিয়াল বা নায়িকার নাম ব্যবহার করাটা খুব একটা সম্মানজনক নয়, তাই আর এসব পোশাক কিনতে তেমন আগ্রহ পাই না।”

সব মিলিয়ে ঈদে সবাই নিজের সাধ ও সাধ্য অনুযায়ী নতুন পোশাক ও এর সঙ্গে মানিয়ে অন্যান্য অনুষঙ্গ কিনতে ভালোবাসেন। আর ঈদের আগেই এই জিনিসগুলো গুছিয়ে নেওয়ার তাড়া থাকে সবার মধ্যেই।