আধুনিক বাবা
একসময় বাবার হাতে ‘কানমলা’ না খেলে শাসন হত না। আর আদরের চাইতে শাসনই যেন ছিল বাবাদের ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম। আর এখন সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে নাকি আধুনিক বাবা হওয়া যায় না।
সময়ের সঙ্গে বদলে গেছে বাবাদের ভূমিকা এবং চরিত্র। তারা আগের মতো রাশভারী দূরের মানুষ নন। বন্ধুর মতো সন্তানের সঙ্গে হুটোপুটি করে, মনের কথা ভাগ করে নেয়।
বদলে যাওয়া বাবাদের এবং পিতৃত্বের ভূমিকা নিয়ে জানিয়েছে সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইট—
এই সময়ে বাবাদের বদলে যাওয়ার পেছনে বিশেষজ্ঞরা মূলত দায়ী করেন অর্থনৈতিক ভূমিকাকে। কাজের খাতিরে তাদের দীর্ঘ সময় সন্তানদের থেকে দূরে থাকতে হত। ফলে সেরকমভাবে বন্ধন গড়ার সুযোগই পেতেন না। সে যুগের বাবারা ভাবতেন সন্তানদের থেকে দূরত্ব রাখলেই তাকে মূল্যবোধের শিক্ষা সঠিকভাবে দিতে পারবেন।
সম্প্রতি বাবাদের সঙ্গে মায়েরাও অর্থনৈতিক কাজে যোগ দিচ্ছেন। ফলে বাবাদের ঘাড় থেকে কাজের চাপ এবং দায়িত্বের চাপও বেশ কমে আসছে। একইসঙ্গে মা ঘরের কাজে কম সময় দিতে পারার কারণে বাবাদেরও ঘরের কাজে হাত লাগাতে হচ্ছে। বাবারা সন্তানদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছে।
আগে একটি পরিবার অনেক মানুষ নিয়ে গঠিত হত। একে অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শনের চেয়ে সবাই মিলে পরিবারের প্রতি দায়িত্ব পালন বেশি জরুরি ছিল। ছোট ছোট পরিবারে কাজ করার মানুষ কম ফলে সবাই মিলে কাজ করে এতে একে অপরের প্রতি সম্পর্ক দৃঢ় হয়।
অর্থনৈতিক কাজ ছাড়াও এখন পেশার ধরনও বেশ বদলে গিয়েছে। বাবাদের যে দূর দূরান্ত জীবিকার সন্ধানে যেতে হত এখন বিষয়টা এমন না। ইন্টারনেটের যুগে সবচেয়ে বড় অবদান সম্ভবত এই যে, বাবার এখন ঘরে বসেও কাজ করতে পারেন।
নজরুল ও তার মেয়ে আকাশলীনা।
নজরুলের কথায়, “আমি যখন ছোট ছিলাম বাবার সঙ্গে আমার দূরত্ব ছিল বিশাল। মাসে একবারও আমাদের কথা হত কি-না সন্দেহ। সেটা ছিল সামরিক শাসনের যুগ। অধিকাংশ দিনে সন্ধ্যার পরে কারফিউ চলত। সন্ধ্যার পরে ঘরের বাইরে লোক দেখামাত্র গুলি হওয়ার একটা ভয়ও সবার মধ্যে কাজ করত। তবে আমার মূল ভয় ছিল বাবা। আর্মিদের ভয়ে নয় বরং আমার বাবার ভয়েই আমি সন্ধ্যার আগে ঘরে ঢুকে যেতাম।”
“আমার মেয়ের বেলায় বিষয়টা অন্য রকমের। সে যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমার কাছে ছুটে আসতে পারে। বাবার সঙ্গে আমার সেই ছুটে যাওয়ার বাধা ভাঙতে এসএসসি পাশ করা লেগেছে।” বললেন নজরুল ইসলাম।
মেয়ের দেখাশোনার কাজের অভিজ্ঞতা থেকে সম্প্রতি ‘শৈশব’ নামে একটা ডে কেয়ার চালু করেছেন তিনি। পুরুষরা সন্তান পালতে পারবে না এই ধারণায় তার ভীষণ আপত্তি। তিনি বিশ্বাস করেন শিশুর শৈশব সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য একজন শিক্ষিত মানুষের দরকার হয়, যিনি সন্তানের চাহিদা ও দাবীকে সঠিক পথে চালনা করতে পারবেন।
মেয়েকে পালতে গিয়ে এইসব অভিজ্ঞতা এবং বই পড়ে শিখেছেন নজরুল। সেই জ্ঞানকে পুঁজি করে প্রায় এক বছর যাবত ডে কেয়ার চালাচ্ছেন।
মাসউদুল হক এবং তার পুত্র ‘বিভোর’
“আমি অলস এবং নিজের শরীরের বিষয়ে ভীষণ উদাসীন। গোসল করে বের হলে আমার পিঠে পানি লেগে থাকবেই। পিঠে হাত পৌঁছানো কঠিন বলেই হয়তো- ভেজা পিঠ নিয়ে ঘুরে বেড়ানো আমার ছোটবেলার অভ্যাস। প্রায়ই এ সময় আমার আব্বা একটা তোয়ালে নিয়ে ছুটে আসতেন। আমি উদাসীন হয়ে হেঁটে যেতাম আর আমার আব্বা আমার পিঠের পানি মুছতে থাকতেন। আমি খুবি বিরক্ত হতাম। শরীরে একটু গোসলের পানি লেগে থাকলে কী আর হয়? কিন্তু আব্বার মনে হতো, ওই অল্প পানি থেকেই আমার জ্বর উঠবে।”
“এই কাজটি উনি নিরলস ভাবে করে গেছেন- আমার বয়স ৩০ হওয়ার পরেও।”
তিনি আরও বলেন, “আব্বা মারা গেছেন নয় বছর আগে। এখনও গোসলের পর ভিজে পিঠ নিয়েই ঘুরি। এতে আমার জ্বর ওঠে না বটে। কিন্তু কেউ একজন তোয়ালে নিয়ে এসে আমার ভেজা পিঠটা মুছে দেবে সেই আশায় কেনো যেন অপেক্ষা করি।”
“বাবার সঙ্গে নৈকট্য থাকলেও মানসিক দূরত্ব ছিল। বাবা একটু দূরের শ্রদ্ধাভাজন, তাই দূর থেকেই বাবাকে লক্ষ করতাম। বিভোরের বিষয়টি আলাদা। সে বাবাকে সবচেয়ে প্রিয় বন্ধু বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। বাবার সঙ্গে তার হাজারও গল্প কথা জুড়ে থাকে। তার জন্য নতুন নতুন গল্প বানাতে হয় তাকে ঘুম পারাতে হয়। সব মিলিয়ে বিভোরও আলাদা করে সন্তান নয়, সেও একজন বন্ধু। যদিও তার বয়স মাত্র সাত বছর সাত মাস।” হেসে বললেন মাসউদুল হক।
জয়িতারে সঙ্গে তার বাবা খালেদ খান।
নিজেকে কিছুটা গুছিয়ে উঠেছেন, বিয়েও করেছেন এক বছর হল।
তারপরেও জয়িতা মনে করেন, “বাবার মেয়ে হিসেবে আমি ঠিক পরিপূর্ণ নই। বাবা আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি একজন দুর্বল মানুষ।”
“ছোটবেলা থেকেই আমি খুব আদুরে, খেয়ালী। যা মন চায় করি, যা মন চায় করি না। খেয়াল-খুশিতে চলেই আমার খুব খুব আনন্দে দিন কেটে যায়। বাবা চলে যাওয়ার পরে লক্ষ করেছি আমার মধ্যে সেই খুশি ভাবটাই কখনও আর তৈরি হয় না। হয়ত সবার মাঝে হাসছি, গাইছি, খুব অল্প সময়ের মধ্যেই আমাকে কেমন যেন একটা বিষণ্ণতা ঘিরে ধরে।” বললেন জয়িতা।
সেঁজুতি শোণিমা নদী একটি অনলাইন পত্রিকায় সাব এডিটর পদে কর্মরত রয়েছেন। তার বাবা লতিফ সিদ্দিকীর পথে ধরেই সাংবাদিকতায় আসা। নয় বছর বয়সে বাবাকে হারান নদী।
সাংবাদিকতা পেশা হিসেবে নিলেও নদীর পড়ালেখা চলেছে চারুকলায়।
ছোটবেলায় বাবার লতিফ সিদ্দিকীর পিঠে সেঁজুতি শোণিমা নদী।
“বাবার ঘাড়ে চড়েই নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় গিয়েছি। বাবাই শিখিয়েছেন, “তোর যেটা ইচ্ছা করবে, তুই সেটাই আঁকবি বুড়ি” তাই বুড়ি না এঁকেও থাকতে পারে না।” ধরা গলায় বলেন নদী।
জাহিদ আলমগির একজন বেসরকারী ব্যাংকের কর্মকর্তা। একমাত্র সন্তান আয়ান আলমগির, বয়স ১১।
একই বয়সে বাবার সঙ্গে সম্পর্কের কথা মনে করতে গিয়ে জাহিদ বলেন, “সেই সময় শুধু আমার না, সমবয়সি সবাইকেই দেখতাম বাবা সঙ্গে একটা দূরত্ব রয়েছে। সেটা মানসিক। সব কথা বলতাম না। কিছু কথা চেপে যেতাম। তারও জানতো না, আমরা কোথায় আড্ডা দিচ্ছি বা সময় কাটাচ্ছি বাইরে। দেরি করে বাসায় ফিরলে বকা খেতাম। এগুলো নব্বই দশকের কথা।”
“অথচ আমার ছেলের সঙ্গে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সে কই যায়, বাইরে কী হল— সবই বলে। এমনকি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেও জিজ্ঞেস করে। অথচ, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিতাম।” বললেন জাহিদ।
এসবের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। মত দিলেন এই ব্যাংকার।
জাহিদ আলমগির ও তার ছেলে আয়ান আলমগির।
“তবে আমার যে বয়সে নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে নিতাম, সেটা ভালো খারাপ পরের কথা, আমাদের ছেলেরা সেই সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের উপর নির্ভর করছে। এতে তার মধ্যে পরনির্ভরশীল হওয়ার সম্ভাবনা্ বাড়ছে। এই কারণেই হয়ত অনেকে এই সময়ের বাচ্চাদের ‘ফার্মের চিকেন’ বলেন। আমার কথা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পাশাপাশি সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যেন সে স্ব নির্ভর হতে পারে।”
জাহিদের কথার সূত্র ধরে বলা যায়, এখনকার বাবারা সন্তান পালনের ক্ষেত্রে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কারণ অনেক অভিভাবকই বর্তমানে কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। তাই শুধু হয়ত শাসন-বারণ বা ভালোবাসা-স্নেহ প্রকাশ নয়, বিশেষ দিনে সন্তানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলে ফেইসবুকে।
এরকমই একটা উদহরণ দেওয়া যেতে পারে, আরেকটি বেসরকারী ব্যাংকের কর্মকর্তা ফখরুল আবেদীন মিলনের ফেইসবুক স্ট্যাটাস থেকে।
তিনি লিখেছে—
সকাল ১১ টা..ট্রিং ট্রিং
-হ্যালো বাবা
-বল
-হ্যাপি ফাদার্স ডে
-থ্যাংক ইউ আম্মু
-দেখি বাবা তোমার জন্য কিছু লিখা যায় কিনা
-আচ্ছা
মেয়ে সারারা আজমায়ীনের সঙ্গে ফখরুল আবেদীন মিলন।
বুঝলাম, বাবারাও অপেক্ষা করে থাকেন সন্তানদের কাছ থেকে কিছু শোনার জন্য, কিছু পাবার জন্য, এটলিস্ট একটা ধন্যবাদ.. ”
তাই আজকের দিনে কোনো উপহার দিতে না পারলেও, অন্তত বাবাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।
