লাক্ষ্মণৌ মাটন বিরিয়ানি
উদরপূর্তিতে বাদশাহি আমলের খাবার।
রেসিপি দিয়েছেন ফারহানা রহমান।
মাটন স্টকের জন্য উপকরণ: ১ কেজি খাসির মাংস, বড় বড় টুকরা করে কাটা। ১২ কাপ গরম পানি। ২ টেবিল-চামচ আদাকুচি। ১ টেবিল-চামচ রসুনকুচি। আধা টেবিল-চামচ আস্ত গোলমরিচ। ১০-১২টি এলাচ। ২ টুকরা দারুচিনি। ১ চা-চামচ আস্তজিরা। ১ চা-চামচ মৌরি। ১০টি লবঙ্গ। ১চা-চামচ জয়ত্রি। ৩টি তেজপাতা। স্বাদ মতো লবণ।
মাংস রান্নার জন্য উপকরণ: আধা কাপ টক দই। ৪,৫টি আস্ত কাঁচামরিচ। স্বাদ মতো লবণ। আধা কাপ পেঁয়াজ-বেরেস্তা। ২ টেবিল-চামচ আদা ও রসুন বাটা। ১ কাপ দুধ। ১টি তেজপাতা। ৫টি এলাচ। ৬টি লবঙ্গ। ১ টুকরা দারুচিনি। ৬টি গোলমরিচ। তেল পরিমাণ মতো। ৩ টেবিল-চামচ ঘি। ১ চা-চামচ চিনি। ৮ টুকরা আলু।
চালের জন্য উপকরণ: ৪ কাপ কালিজিরা চাল। ৭ কাপ (আগে করে রাখা) মাটন স্টক। ১ টুকরা দারুচিনি। ৪টি এলাচ। ৪ টেবিল-চামচ ঘি। ৪টি আলুবোখারা। ১ মুঠ কিশমিশ ও কাজুবাদাম। আধা কাপ পেঁয়াজ-বেরেস্তা। আস্ত ৪,৫টি কাঁচামরিচ। দুধে ভেজানো জাফরান।
পানি ফুটে উঠলে তাতে মাংসের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে আধা সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে আসলে লবণ দিন। মাংসের টুকরাগুলো তুলে নিন।
পানি মশলাসহ ফুটতে থাকবে। যখন পানি কমে প্রায় ৯ কাপ পরিমাণ হবে তখন চুলা বন্ধ করুন। মসলার পোটলাটা তুলে ফেলে দিন।
বেরেস্তা করে নিন। আধা কাপ তেলে পেঁয়াজ, বেরেস্তা করে তুলে নিন।
এবার ওই তেলেই আদা-রসুন একটু ভেজে দই, পেঁয়াজ-বেরেস্তা দিয়ে একটু কষিয়ে নিন। সিদ্ধ করা মাংসের টুকরাগুলো দিয়ে রান্না করুন।
আগে করে রাখা মাটন-স্টক থেকে দুই কাপ স্টক এবং আলু দিয়ে মাংস কষাতে থাকুন।
পানি প্রায় শুকিয়ে আসলে মাংসের জন্য রাখা অন্যান্য উপকরণগুলো দিয়ে দিন। লবণ চেখে দেখুন। হয়ে গেলে সামান্য ঝোলসহ নামান।
এবার চালের জন্য একটি ননস্টিক বড় হাঁড়ি নিন। ঘি দিন। ঘি গরম হলে পানি ঝরানো চালগুলো দিয়ে দিন। বাকি মাটন স্টক ঢেলে আস্ত মসলাগুলো দিন।
ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। লবণ চেখে দেখুন। পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন কিশমিশ এবং আলুবোখারা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিন। সম্পূর্ণ পানি শুকিয়ে চাল আধা সিদ্ধ হয়ে গেলে চুলার আঁচ বন্ধ করুন।
একটি বড় হাঁড়িতে রান্না করা চাল অর্ধেকটা দিয়ে তার উপর রান্না করা মাংস অর্ধেকটা ছড়িয়ে দিয়ে, উপরে পেঁয়াজ বেরেস্তা, কাজুবাদাম ও কাঁচামরিচ ছড়িয়ে দিন। একইভাবে এর উপর বাকি রান্না করা চাল ও মাংসের স্তর দিয়ে দিন।
বড় একটা পাত্রে পানি ফুটাতে দিন। পানি ফুটে উঠলে এই ফুটানো পানির পাত্রের উপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দমে রাখুন ৩০ মিনিট। আঁচ একদম মাঝারি রাখবেন।
৩০ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
