ভগ্ন হৃদয়= রুগ্ন হৃদয়!
সম্পর্কের টানা পোড়েনের ফলে মনের উপর যে চাপ পড়ে তা হৃদরোগের কারণ হতে পারে।
স্বাস্থবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, হৃদরোগের কারণ হিসেবে মানসিক চাপ, পারিবারিক বা অন্য সব ধরনের সম্পর্কের জটিলতাকে অনেকদিন ধরে দায়ী করা হচ্ছিল।
২০১৪ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’স সায়েন্টিফিক সেশন্স’য়ে এক গবেষণার ফলাফলে জানানো হয়, বেশি বয়সে গিয়ে সব নারী হৃদরোগে আক্রান্ত হয় তবে কাজের চাপ এবং মানসিক চাপের কারণে কম বয়সেও অনেক নারী হার্ট অ্যাটাকের মতো হৃদরোগের সম্মুখীন হচ্ছে।
হৃদরোগের এই ঝুঁকি থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায় তার উপায় বাতলিয়েছে একটি স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট।
ছোট একটা ছুটি: প্রতিদিনের ক্লান্তিকর জীবনে সুন্দর একটা পরিবর্তন আনতে পারে ছোট একটা ছুটি। সব কাজ বিদায় জানিয়ে বেড়িয়ে পড়তে পারেন প্রাকৃতিক কোনো স্থানে অথবা মজার কোনো যাত্রায়। বাজেট বেশি থাকলে ধারে কাছে কোনো রিসোর্ট বা হোটেলে গিয়ে শুয়ে বসে রাজকীয় সেবা যত্নও নিলেও মন্দ হয় না। আর এসব কাজে বাজেট বা সময়কে মোটেই প্রাধান্য দেওয়া যাবে না। রিক্সা ধরে নিজের শহরের অচেনা গলিতে ঘুরে আসাও কম উপকারী না। বিশেষজ্ঞরা বলেন একদম বেড়াতে বের হতে না পারলে শুধু বেড়ানোর পরিকল্পনা করেও মনকে অনেক হালকা করা যায়। মোট কথা হৃদয় সুস্থ রাখতে হলে এমন সব বিষয় ও মানুষের থেকে মনোযোগ সরাতে হবে যারা মানসিক যন্ত্রণা দেয়।
ঘাম ঝরানো: মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় কার মন চায় আবার ব্যায়াম করে ঘাম ঝরাতে! তবে যতই অবিশ্বাস্য ঠেকুক মানসিক চাপের মুহূর্তে শান্তি পেতে ব্যায়াম একটা মহাঔষধ। এই সময়ে লাফালাফি করে ঘাম ঝরালে মনের চাপ বের হওয়ার একটা পথ খুঁজে পায়। এছাড়াও শারীরিক পরিশ্রম শরীরকে সুস্থ এবং সবল রাখে। নিয়মিত শারীরিক পরিশ্রম করলে দেখতেও ভালো দেখায়। আর দেখতে ভালো দেখালে কার না মন প্রফুল্ল হয়? তাই কাজ বা সম্পর্ক যে কোনো সমস্যায় মন খারাপ হলেই জুতা পায়ে গলিয়ে হাঁটতে বের হয়ে যাওয়া উচিত। নিয়মিত শরীরচর্চার কোনো রুটিন না মানলেও সমস্যা নেই, ঘরের মধ্যেই মনের সুখে নেচে-কুদে ঘাম ঝরিয়ে মন ভালো করা সম্ভব।
হাসি, হাসি এবং হাসি: দিন যতই খারাপ হোক, নিজের মতো করে হাসির খোরাক খুঁজে নেওয়া উচিত। আর কিছু না হলেও শুধু শুধুই মুখে একটা হাসি ঝুলিয়ে রাখতে পারেন। মুখের হাসি মস্তিষ্কে একটা ইতিবাচক সংকেত পাঠায় যে সব কিছু ঠিক আছে। এর ফলে মনে চাপ অনেকাংশে হ্রাস পায়।
সুরের আশ্রয়ে: নাচানাচির বিষয়ে যদি বিধিনিষেধ থাকে, যেমন অফিসে বসে তো আর তা তা থৈ থৈ করা সম্ভব নয়, সে ক্ষেত্রে পছন্দের গান শোনা যেতে পারে। গবেষণায় দেখা গিয়েছে গানের সুর মানসিক প্রশান্তি আনে, রক্তচাপ এবং হৃদরোগে আরাম দেয়।
মনে দরজা খোলা: সব নিরাময়ের মহা নিরাময় হল মনের কথা কোনো বন্ধুর কাছে খুলে বলা। ব্যস্ত সময়ে হয়ত বন্ধুর সঙ্গে কথা বলা সম্ভব নয়, তবে সাপ্তাহিক ছুটির দিনে বা কাজের ফাঁকে এক কাপ কফি নিয়ে প্রিয় বন্ধুর সঙ্গে খানিকটা হাসি-ঠাট্টা, দুটো মনের কথা বললে অনেক হালকা লাগবে। হৃদয়ের ক্ষত প্রিয় বন্ধু ছাড়া আর কেই বা ভালোবাসার প্রলেপ বুলাতে পারে!
