এসপেরাঞ্জা রোমেরোর একক চিত্রপ্রদর্শনী
স্পেনের গ্রানাদায় জন্ম তার। বেড়ে ওঠাও সেখানে। তবে কাজের জন্য বিশ্বের নানান দেশে ঘুরে বেড়িয়েছেন। তবে এই ঘোরা শুধু দর্শনীয় স্থান কিংবা উল্লেখযোগ্য স্থাপত্য দেখায় সীমাবদ্ধ ছিল না। বরং দেশে-বিদেশে, মানব মনের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন তিনি।
অনুপ্রাণিত হয়েছেন মানুষের জীবনের গল্প থেকে। আর সেই থেকে এঁকেছেন ছবি। গড়েছেন ভাস্কর্য। ভবঘুরে এই শিল্পীর নাম এসপেরাঞ্জা রোমেরো।
ঘুরতে ঘুরতে এবার চলে এসেছেন ঢাকায়। গেল ২০ ফেব্রুয়ারি থেকে মহাখালির গ্যালারি কসমসে চলছে এই শিল্পীর একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘আননউন স্পিরিট’ শিরোনামে তার এই প্রদর্শনি চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভাস্কর্য, চিত্রকর্ম ও ছাপচিত্র মিলিয়ে মোট ৪৯টি কাজ প্রদর্শিত হচ্ছে শিল্পী রোমেরোকে নিয়ে গ্যালারি কসমসের করা এই আয়োজনে। এর মাঝে বেশ কিছু কাজ করেছেন শিল্পী বাংলাদেশে আসবার পর।
“জানুয়ারির প্রথম সপ্তাহে আমি ঢাকায় আসি। প্রথম দিককার সময়গুলো একটু কষ্টকর ছিল। ট্রাফিক জ্যামে অনেক সময় কেটেছে, কারণ কাজ করবার উপদান ও সরঞ্জামাদি জোগাড় করতে আমার বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল। তবে ধীরে ধীরে আমার ভালো লাগতে শুরু করেছে।”
ঢাকায় কাজের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে এভাবেই নিজের কথা বলেন রোমেরো।
রোমেরোর কাজের মাঝে বৈচিত্র্য আছে। একই ছাঁচে ফেলা যায় না শিল্পীর কাজগুলোকে। বরং প্রতিটি কাজেরই স্বাতন্ত্র চরিত্র আছে এমনতাই মনে হতে পারে। যদিও ছোট ছোট সিরিজও কল্পনা করা যেতে পারে কয়েকটা কাজকে।
যেমন গ্রিক ও রোমান পৌরাণিক চরিত্র ইকারুস, অরফিয়াস, নারসিসাস, আফ্রোদিতির মতো চরিত্রগুলো নিয়ে শিল্পীর কাজগুলো বেশ আকর্ষনীয়। ‘লিনো কাট’ প্রযুক্তি ছাপচিত্র মাধ্যমে পৌরাণিক চরিত্রগুলোর যে শৈল্পিক উপস্থাপনা করেছেন শিল্পী সেগুলো যে কারও নজর কাড়বে।
চোখ এড়াবে না নোবেল বিজয়ী একমাত্র বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের পোট্রেটও।
তবে শিল্পী নিজের কাজে নারী চরিত্রকে প্রাধাণ্য দিয়েছেন।
স্প্যানিশ এই শিল্পীর ভাষায়, “আমি যা বুঝতে পারি না, তা নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ্যও বোধ করি না। আমি মনে করি, একজন নারী হিসেবে নারী চরিত্রই সহজাতভাবে বুঝতে পারি, জানতে পারি। সেজন্যই বিভিন্ন সময়ে কাজে নারীদের মুখচ্ছবি উঠে এসেছে।”
শিল্পীর কাজে চরিত্র ভাঙা-গড়ার চেষ্ঠা লক্ষ্য করা যায়। উল্লেখ করা যেতে পারে আরেক পৌরাণিক চরিত্র ইউরোপার কথা। শিল্পীর ছবিতে মহিষের শিং ধরে উড়ে যাচ্ছেন ইউরোপা দেবী। এক্ষেত্রে ইউরোপার মূল চরিত্র ধরে রাখার চেয়ে বরং নতুনভাবে নির্মাণের চেষ্ঠা করেছেন শিল্পী রোমেরো।
তবে একটু ভিন্নভাবে রোমেরোর ‘এচিং’য়ে করা ছাপচিত্রগুলো। শিল্পীর ভাষায় একেবারেই নিজের দেখা শোনা ও পড়ার অভিজ্ঞতা থেকে এসব কাজ তৈরি হলেও, গেল শতাব্দীর শুরুতে দুনিয়া মাতানো ‘কিউবিজমের’ প্রভাব লক্ষ্য করা যায় সেখানে।
যদিও শিল্প মাধ্যমের ‘আভা গার্দ’ আন্দোলন, কখনও তাকে খুব একটা আকর্ষণ করেনি এমনটাই জানান তিনি। তবে সবকিছুর পরও ইউরোপিয়ান শিল্প আন্দোলনগুলো নানাভাবে যে তার মননে আঁচড় কেটে গেছে, সে প্রভাব বরঞ্চ তার ছবিকে আরও বেশি প্রাঞ্জজ্বল করে তোলে।
সব মিলিয়ে, বর্তমান সময়ের প্রেক্ষিতে বাংলাদেশের শিল্প চর্চার জগতে শিল্পী এসপেরাঞ্জা রোমেরোর এই প্রদর্শনী অনুপ্রেরণা যোগাতে পারে তরুণ শিল্পীদের। পাশাপাশি শিল্প মাধ্যমে মানব জীবনের নানা ঘটনা-অভিব্যক্তির এই প্রদর্শনী, অসহিষ্ণু সময়ে মানুষকে আরও সংবেদনশীল হওয়ার প্রেরণা যোগাবে এমন প্রত্যাশা আয়োজকদের।
গ্যালারি কসমসের ঠিকানা: ভিলা দে আনজুমান, বাড়ি ১১৫, রোড ৬, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা।
ছবি: লেখক।
