বানানা পিনাট বাটার স্যান্ডউইচ ফ্রাই
পুষ্টিতে ভরপুর সুস্বাদু বিকেলের নাস্তা।
রেসিপি দিয়েছেন আনিসা হোসেন ।
উপকরণ
স্যান্ডউইচের জন্য লাগবে: পাউরুটি ৪টি। পিনাট বাটার জ্যাম ১ কাপ (বাজারে পাবেন)। বড় সাগর কলা ২টি।
পিনাট বাটার জ্যাম এবং কলা নিয়ে একটি বাটিতে চটকিয়ে কলা পিনাট বাটার সস বানিয়ে নিন৷
পাউরুটিতে কলা পিনাট বাটার সস চামচ দিয়ে লাগিয়ে নিন। এবং সস লাগানো একটি পাউরুটি অন্য পাউরুটি সঙ্গে লাগিয়ে রুটির মাঝখান দিয়ে স্যান্ডউইচ আকারে কেটে রাখুন৷
ডিপ ফ্রাইয়েল জন্য মিশ্রণ তৈরি করতে লাগবে: ময়দা ১ কাপ। বেইকিং পাউডার দেড় চা-চামচ। চিনি ৩ টেবিল-চামচ। লবণ আধা চা-চামচ। ডিম ১টি। দুধ ১ কাপ। মাখন ৩ টেবিল-চামচ (গলানো)। ভেনিলা এসেন্স ১ চা-চামচ।
মাখন ওভেন বা চুলায় গলিয়ে নামিয়ে, তিন, চার মিনিট রাখলে ঠাণ্ডা হলে মিশ্রণ তৈরি করতে হবে৷
শুকনা উপকরণগুলো যেমন ময়দা, বেইকিং পাউডার, লবণ একসঙ্গে মিশিয়ে চেলে নিন। ডিম, দুধ, গলানো ঠাণ্ডা মাখন, ভ্যানিলা এসেন্স একসঙ্গে ফেটে চেলে রাখা শুকনা উপকরণগুলো দিয়ে মিশ্রণ তৈরি করে নিন।
পদ্ধতি
তেল গরম করতে দিন।
এই ফাঁকে কলা-পিনাট বাটার সস দিয়ে তৈরি করা স্যান্ডউইচ একটি একটি করে, ওই ডিপ ফ্রাইয়ের মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন।
বাদামি রং করে এপিঠওপিঠ ভেজে, তুলে পরিবেশন পাত্রে রাখুন। গরম গরম বানানা পিনাট বাটার স্যান্ডউইচ ফ্রাইয়ের উপর আইসিং সুগার ছিটিয়ে পরিবেশন করুন৷
সমন্বয়ে: ইশরাত মৌরি।
