২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহন ও খাস্তা নিমকি

দোকান থেকে তো কেনাই যায়। বরং ঘরেই তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 05:29 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

ঝটপট মিষ্টি
চকলেট গোলাপ জামুন
লাচ্ছা সেমাইয়ের লাড্ডু

রেসিপি দিয়েছেন লিন্ডা ইসলাম।

উপকরণ

মিষ্টির জন্য: ১ কাপ গুঁড়াদুধ। ৩ টেবিল-চামচ ময়দা। ১ চা-চামচ বেইকিং পাউডার। ২ টেবিল-চামচ ঘি। সামান্য লাল খাবার রং(না দিলেও চলে)। ১টি ডিম। ডুবো তেলে ভাজার জন্যে পরিমাণ মতো তেল।

সিরার জন্য: ২ কাপ চিনি। ৩ কাপ পানি। সামান্য এলাচগুঁড়া।

পদ্ধতি

প্রথমে এক চুলায় হাঁড়ি বসিয়ে আঁচ বাড়িয়ে সিরার উপকরণগুলো দিয়ে দিন। আরেক চুলায় মৃদু আঁচে ভাজার জন্য তেল বসিয়ে নিন। যেন মিষ্টি বানাতে বানাতে তেল এবং সিরা দুটোই তৈরি হয়ে যায়।

মিষ্টির সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নরম ডো বানিয়ে ফেলুন। লাগলে একটু তরল দূধ ব্যবহার করা যাবে যদি ডিম ছোট হয়।

এবার ডো দিয়ে ছোট ছোট নরম বল বানাতে হবে যেন কোনো ফাটল না থাকে।

চুলায় মাঝারি আঁচ রেখে মিষ্টির বলগুলো আস্তে করে তেলে ছাড়তে হবে। চামচ দিয়ে না নাড়াই ভালো। কড়াইয়ের হাতল ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন। দেখবেন মিষ্টিগুলো ভাজা হয়ে, লাল লাল হয়ে গেছে।

লালচে হওয়া মাত্রই সিরার আঁচ মাঝারি রেখে বলগুলো সিরায় ছেড়ে দিন। এবার ঢেকে ১০ মিনিট সিদ্ধ করুন। সিরা সবসময় ঢালু ছোট হাঁড়িতে করতে হবে যেন মিষ্টিগুলো ডুবে থাকে।

সিরা বেশি ঘন হয়ে গেলে, মিষ্টি দেওয়ার আগে সিরায় বলগ আসার সময় সামান্য করে করে পানি দেবেন।

মিষ্টি যখন সিরা চুষে ডুবে যাবে তখন নামিয়ে ফেলুন।

মিষ্টির সঙ্গে দেওয়ার জন্য খাস্তা নিমকি

আধা কাপ ময়দা, ২ টেবিল-চামচ ঘি, সামান্য লবণ আর আন্দাজ মতো বরফ ঠাণ্ডা পানি দিয়ে ময়ান করে ডো বানিয়ে নিন। পাতলা রুটি বেলে কুকি কাটার দিয়ে কেটে ডুবো তেলে ভেজে লালমোহোনের সঙ্গে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।