২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা

অংশগ্রহণ করা হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সিগুলো নানান অফার নিয়ে হাজির হয়েছে।

আগারগাঁওয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের পর্যটন মেলা। ছবি: মাহমুদ জামান অভি

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 12:07 AM

Updated : 26 Aug 2026, 02:34 PM

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’।

তিনদিনের এই মেলার আয়োজন করেছে দেশের পর্যটন সংগঠন ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)’।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই মেলা শেষ হবে ১ নভেম্বর।

বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

মেলা ঘুরে দেখা গেল, অংশগ্রহণ করা হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সিগুলো নানান অফার নিয়ে হাজির হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, টার্কিশ এয়ারলাইনস ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিভিন্ন গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া থাই এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া এবং এয়ার এশিয়ার স্টলেও মিলছে নানান ছাড়।

ঢাকার মানিকদী এলাকা থেকে আসা ছেলেকে নিয়ে মেলায় দেশ বিদেশের বিভিন্ন স্থানের ভ্রমণ বিষয়ে খোঁজ নিচ্ছেন মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘পাকিস্তান, মালদ্বীপ, ভুটান আর নেপালের প্যাকেজ ট্যুরের খোঁজখবর নিলাম। পরে সিদ্ধান্ত নিব।”   

মেলা সম্পর্কে টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, “এবারের মেলায় অংশ নিচ্ছে ১২টি দেশ। যার মধ্যে রয়েছে- পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটর। এই মেলার উদ্দেশ্য পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন। আমরা আশা করছি, এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটনশিল্প–সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।”

দেশ বিদেশ মিলিয়ে ২৩৬টি স্টল রয়েছে। দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যেখানে অংশ নিতে হলে বিটিটিএফ অ্যাপ দিয়ে রেজিস্ট্রেইশন করতে হবে।

মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা। তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি। আরও থাকছে বিজনেস টু বিজনেস সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।’

টোয়াবের পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) মোহাম্মাদ ইউনুছ জানালেন, মেলার অনুষ্ঠান সর্ম্পকে। ৩০ অক্টোবর, বৃহস্পতিবার: বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা নেপালের বিজনেস টু বিজনেস সেশন হয়। এরপর সন্ধ্যা ৭টা থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

৩১ অক্টোবর শুক্রবার: সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বিজনেস টু বিজনেস সেশন। বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেমিনার। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেমিনার। সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ নভেম্বর, শনিবার: বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেমিনার। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান।