Published : 19 May 2026, 12:03 PM
রাজধানীর গুলশান ক্লাবে ২২ মে থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনের বিশেষ সুস্থতা উৎসব ‘দি ফ্লো ফেস্ট ২০২৬’। সুস্থতা বিষয়ক প্রতিষ্ঠান ‘দি ফ্লো ফেস্ট’ এবং গুলশান ক্লাবের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
চলবে ২৩ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে গুলশান-২ নম্বরের গুলশান ক্লাব প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথিদের জন্য এই আয়োজন থাকবে।
শারীরিক ও মানসিক সুস্থতার মেলবন্ধন
আয়োজকরা জানান, বর্তমানের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে ঢাকা শহরের মানুষের মাঝে শারীরিক ও মানসিক সুস্থতার চাহিদা দিন দিন বাড়ছে। অনেকেই এখন মানসিক, আবেগীয় ও আধ্যাত্মিক স্বাস্থ্য নিয়ে ভাবছেন। তবে সেই তুলনায় সচেতনতা তৈরির সুযোগ বা জায়গা এখনও বেশ সীমিত। ঢাকা শহরের মানুষকে একটু থামতে, নিজেদের ভেতরের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।
এটি কেবল একটি উৎসব নয়, বরং সুস্থ থাকার উপায় খোঁজার একটি নাগরিক প্ল্যাটফর্ম।
করপোরেট দুনিয়ায় মানসিক স্বাস্থ্য ও বার্নআউট
এবারের আয়োজনের প্রধান বৈশিষ্ট্য হল— এতে দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী (সিইও), ‘এইচআর লিডার’ এবং নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, মানসিক স্বাস্থ্যের আলোচনা এখন আর ঘরের কোণে সীমাবদ্ধ নেই, তাই করপোরেট বোর্ডের আলোচনায় জায়গা করে নিয়েছে। কারণ দেশের ভবিষ্যৎ যারা গড়ে তুলছেন, তারা বুঝতে পেরেছেন যে অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত (বার্ন আউট) দল নিয়ে কখনো সেরা কর্মক্ষমতা অর্জন করা সম্ভব নয়।
যা থাকছে দুই দিনের আয়োজনে
উৎসবে অংশগ্রহণকারীদের জন্য আন্দোলন (মুভমেন্ট), মননশীলতা (মাইন্ডফুলনেস), সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধন— এই চার স্তম্ভের ওপর ভিত্তি করে নানান আকর্ষণীয় সেশন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে:
মননশীলতা ও নিরাময়: ইয়োগা (যোগব্যায়াম), মেডিটেইশন (ধ্যান), শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, আর্ট হিলিং (শিল্পের মাধ্যমে নিরাময়) এবং সাউন্ড থেরাপি (শব্দ চিকিৎসা)।
শারীরিক কসরত ও আত্মরক্ষা: জুজিৎসু, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ), বক্সিং, ফেন্সিং (তলোয়ার খেলা) এবং সেলফ-ডিফেন্স (আত্মরক্ষা) সেশন।
বিনোদেন ও সৃজনশীলতা: এক্সট্যাটিক ড্যান্স, উন্মুক্ত মঞ্চ (ওপেন মাইক) এবং কবিতা আবৃত্তি (পোয়েট্রি স্লাম)।
সামাজিক সংযোগ: দ্রুত নতুন বন্ধু তৈরির জন্য থাকছে ‘স্পিড ফ্রেন্ডিং’ সেশন।
উৎসবের মূল লক্ষ্য সম্পর্কে ‘দি ফ্লো ফেস্ট’-এর প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর বিজ্ঞপ্তিতে বলেন, “আমরা এই উৎসবের আয়োজন করেছি যাতে মানুষ জানতে পারে যে সুস্থ থাকার এবং মানসিক ক্ষত নিরাময় করার শত শত উপায় আছে। আমাদের চারপাশে কী ধরনের সুযোগ আছে তা অন্বেষণ করা এবং একটি সুস্থ কমিউনিটি বা সমাজ গড়ে তোলা ভীষণ জরুরি। কারণ আমরা একাকী নই, একে অপরের সাথে যুক্ত থাকার মাধ্যমেই সুস্থ হয়ে উঠি।"
উৎসবটি সুস্থ ও সুন্দর জীবনযাপনের নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন আয়োজকরা।