২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থতার খোঁজে ঢাকা: বসছে দুই দিনের ‘সামার ফ্লো ২০২৬’ উৎসব

‘সামার ফ্লো ২০২৬’ উৎসবে থাকছে ডিজে রান, স্পিড ফ্রেন্ডশিপ ফ্রি মেডিকেল টেস্ট ও যোগ-ধ্যানের সুবিধা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 02:48 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

ব্যস্ত নাগরিক জীবনে স্মার্টফোনের ব্যাটারির শতকরা হিসাব নিখুঁতভাবে মনে রাখা গেলেও, নিজের রক্তে শর্করার মাত্রা, হাড়ের ক্ষয়ের পরিমাণ কিংবা শেষ কবে শরীরকে একটু সতেজ রাখার জন্য নড়াচড়া করা হয়েছিল— সেই হিসাব রাখা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না।

ঢাকার এই যান্ত্রিক জীবনযাত্রায় মানুষকে একটু স্বস্তি দিতে, স্ক্রিন স্ক্রোলিংয়ের আসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থতার নতুন বার্তা নিয়ে ২১ ও ২২ অগাস্ট রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাইফস্টাইল উৎসব ‘সামার ফ্লো ২০২৬’।

‘দ্য ফ্লো স্টুডিও’ আয়োজিত এই উৎসব শুধু কোনো ‘ফিটনেস এক্সপো’ নয়, বরং এটি নাগরিক জীবনের একঘেয়েমি দূর করে মানসিক ও শারীরিক সুস্থতা খুঁজে পাওয়ার এক মিলনমেলা।

সুস্থতার আটটি স্তম্ভ

সংবাদ সম্মেলেনে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, উৎসবে আসা অতিথিদের শুরুতেই একটি সংক্ষিপ্ত ‘ওয়েলনেস অ্যাসেসমেন্ট’ বা স্বাস্থ্য মূল্যায়ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই পরীক্ষা মূলত প্রতিটি মানুষের সুস্থতা ও জীবনযাত্রার আটটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে একটি ‘স্কোর’ প্রদান করবে। এসবের মধ্যে আছে- ‘মুভমেন্ট’ (শারীরিক সক্রিয়তা), ‘মাইন্ডফুলনেস’ (মননশীলতা), ‘ক্রিয়েটিভিটি’ (সৃজনশীলতা), ‘কানেকশন’ (সামাজিক সংযোগ), ‘নিউট্রিশন’ (পুষ্টি), ‘রেস্ট’ (বিশ্রাম), ‘গ্র্যাটিচিউড’ (কৃতজ্ঞতাবোধ) এবং ‘পারপাস’ (জীবনের উদ্দেশ্য)।

এই স্কোরের ওপর ভিত্তি করেই অতিথিরা বুঝতে পারবেন তাদের কোন দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

এই আয়োজনে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রযুক্তি এবং প্রাচ্যের প্রাচীন জীবনদর্শনের যুগলবন্দী দেখা যাবে।

একপাশে থাকবে বডি মাস ইনডেক্স, রক্তে শর্করার পরীক্ষা, ‘বোন ডেনসিটি’ বা হাড়ের ঘনত্ব ‘স্ক্যান’, ‘স্কিন অ্যানালিসিস’ বা ত্বকের পরীক্ষা, পুষ্টি সংক্রান্ত পরামর্শ ও ভ্যাকসিনের মতো আধুনিক বৈজ্ঞানিক সেবা।

অন্যপাশে থাকবে বহু শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্যবাহী আয়ুর্বেদ, যোগব্যায়াম, ‘ব্রেথওয়ার্ক’ (সের ব্যায়াম) এবং ধ্যানের মতো মানসিক প্রশান্তির সুযোগ।

উৎসবে যা যা থাকছে

দুই দিনের উৎসবে শরীর ও মনকে চাঙা রাখতে নানান আকর্ষণের আয়োজন করা হয়েছে।

হাতিরঝিলে ডিজে রান: শুক্রবার সকালে হাতিরঝিলের চারপাশে ৭.৫ কিলোমিটারের একটি ‘ফান রান’ বা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দৌড়ের বিশেষত্ব হলো, অংশগ্রহণকারীদের সামনে একটি পিকআপ ট্রাকে থাকবেন সেলিব্রিটি ডিজে। ফলে দৌড়বিদদের সঙ্গে সঙ্গে সংগীত বা গানগুলো এগিয়ে যাবে।

একাকিত্ব দূর করতে ‘স্পিড ফ্রেন্ডিং’: প্রাপ্তবয়স্কদের একাকিত্ব এবং সামাজিক জড়তা দূর করতে এই উৎসবে থাকছে ‘স্পিড ফ্রেন্ডিং’ বা দ্রুত বন্ধুত্বের সুযোগ। যেখানে অপরিচিত মানুষেরা কোনো প্রকার সংকোচ ছাড়াই সংক্ষিপ্ত ও নির্দেশিত কথোপকথনের মাধ্যমে সহজে নতুন সামাজিক মেলবন্ধন তৈরি করতে পারবেন।

শিল্প, সাহিত্য ও সংগীতের ভেলা: ‘দ্য ঢাকা কালেক্টিভ’-এর ‘লাইভ পারফরম্যান্সের’ পাশাপাশি থাকছে ক্লাসিক্যাল ভরতনাট্যম, সালসা, বলিউড এবং শাকিরা জুম্বা নাচের বিশেষ ক্লাস। এছাড়া রবীন্দ্রসংগীতের আসর, মুক্ত মঞ্চ, আর্ট হিলিং সেশন, গ্রাফিক আর্টস প্রতিযোগিতা এবং স্থানীয় লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন ও কবিতা পাঠের মতো নান্দনিক সব আয়োজন থাকছে এই উৎসবে।

কর্মক্ষেত্রের সুস্থতা এবং বছরব্যাপী শান্তিবাস

‘দ্য ফ্লো’র এই আয়োজন কেবল দুই দিনের উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বছরব্যাপী একটি সুস্থ জীবনযাত্রার কমিউনিটি বা সমাজ গড়ে তোলার প্রবেশদ্বার।  

এই উৎসবের পর আগ্রহী ব্যক্তিরা চাইলে ‘দ্য ফ্লো স্টুডিও’র সাপ্তাহিক বিভিন্ন ক্লাসে (যেমন: ‘শ্যাজি ওম যোগা’ থেকে ‘হাভানা সালসা’) যুক্ত হতে পারবেন।

এছাড়াও সেপ্টেম্বর মাসে টাঙ্গাইলের ‘সিগাল রিসোর্ট’ এবং নভেম্বর মাসে বান্দরবানের ‘সাইরু রিসোর্ট’-এ তাদের বিশেষ ‘ইমারসিভ রিট্রিট’ বা আবাসিক সুস্থতা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বা সংস্থা যদি তাদের কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে চায়, তবে তারা ‘দ্য ফ্লো’র ‘ওয়ার্কপ্লেস ওয়েলনেস’ বা কর্মক্ষেত্রের সুস্থতা কর্মসূচির মাধ্যমে এই সেবা অফিস বা যার যার কর্মক্ষেত্রেও নিতে পারবেন।

উৎসবের টিকিট এবং সম্পূর্ণ অনুষ্ঠানসূচির বিস্তারিত তথ্য theflowfest.com ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘দ্য ফ্লো স্টুডিও’র নিয়মিত সদস্য এবং পূর্ববর্তী উৎসবে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ ‘আর্লি অ্যাক্সেস’ সুবিধা।