২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ত্রি ছাড়াই পোশাকের ভাঁজ হবে দূর

ছোটখাট কৌশল, তবে কার্যকর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ঝরঝরে পোশাক মানেই পরিপাটি উপস্থিতি। তবে প্রতিদিন পোশাক ইস্ত্রি করার সময় বা সুযোগ নাও হতে পারে।

অনেক সময় হুট করেই বাইরে যেতে হয়, আর তখন যদি আলমারি থেকে বের করা পোশাকে স্পষ্ট ভাঁজ চোখে পড়ে?

এমন অবস্থায় ইস্ত্রি করার সুযোগ না থাকলেও চিন্তার কিছু নেই। কারণ ঘরের সাধারণ জিনিস দিয়েই পোশাকের ভাঁজ দূর করা সম্ভব।

ড্রায়ারের তাপে ভাঁজ শিথিল করার কৌশল

যেসব জামাকাপড়ে চারদিকে ভাঁজ পড়ে গেছে, যেমন- শার্ট বা প্যান্ট, সেগুলোর জন্য ওয়াশিং মেশিনের ড্রায়ার বেশ কার্যকর।

বিশেষ করে সুতি বা সুতি মিশ্রিত কাপড়ে এই পদ্ধতি ভালো কাজ করে।

পোশাকটি ড্রায়ারে দিয়ে তার সঙ্গে সামান্য ভেজা তোয়ালে বা গামছা রাখলে ভেতরে বাষ্প তৈরি হয়। সেই বাষ্প কাপড়ের ভাঁজ আলগা করে দেয়।

“কয়েক মিনিট পর ড্রায়ার বন্ধ করে সঙ্গে সঙ্গে জামাটি বের করে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে আবার ভাঁজ পড়ার আশঙ্কা কমে যায়”- বলেন, সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান রিনাত ফৌজিয়া।

বরফের টুকরো দিয়ে বাষ্প তৈরি

ড্রায়ারে ভাঁজ পড়া কাপড়ের সঙ্গে কয়েক টুকরো বরফ দিলে উচ্চ তাপে বরফ গলে বাষ্প তৈরি হয়।

সেই বাষ্প কাপড়ের গভীরে ঢুকে ভাঁজ মসৃণ করে। তবে এই পদ্ধতিতে সতর্কতা জরুরি। যেসব কাপড় বেশি তাপে নষ্ট হতে পারে বা সঙ্কুচিত হওয়ার আশঙ্কা থাকে, সেগুলো আলাদা করে রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

হেয়ার ড্রায়ারের তাপে ভাঁজ দূর

ভ্রমণের সময় বা ড্রায়ার না থাকলে হেয়ার ড্রায়ার বড় ভরসা। জামাটি হ্যাঙ্গারে ঝুলিয়ে ভাঁজ পড়া জায়গায় সামান্য পানি ছিটিয়ে নেওয়া যায়।

এরপর মাঝারি তাপে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে কাপড় দ্রুত মসৃণ হয়ে ওঠে। খুব কাছে ধরে না রাখাই ভালো, কারণ এতে কাপড় পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

গোসলের বাষ্পে কাপড় মসৃণ করা

অনেক ঘরেই এই কৌশল বেশ পরিচিত। গরম পানিতে গোসলের সময় বাথরুমে প্রচুর বাষ্প তৈরি হয়। সেই বাষ্প কাজে লাগিয়ে পোশাকের ভাঁজ দূর করা যায়।

কাপড়টি হ্যাঙ্গারে ঝুলিয়ে বাথরুমে রেখে দিলে কয়েক মিনিটের মধ্যেই ভাঁজ অনেকটাই চলে যায়। পানি বা সাবান যেন সরাসরি কাপড়ে না লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হয়।

গরম হাঁড়ি বা কেটলির ব্যবহার

ইস্ত্রি না থাকলে গরম হাঁড়ির তলাও সাময়িক সমাধান হতে পারে। পানি ফুটিয়ে হাঁড়িটি খালি করে পোশাকের ওপর পাতলা কাপড় রেখে আলতো চাপ দিলে ভাঁজ কিছুটা কমে।

সুতি, উল বা লিনেন কাপড়ে এই পদ্ধতি তুলনামূলক নিরাপদ।

তবে প্লাস্টিক বা কৃত্রিম অলংকরণযুক্ত কাপড়ে এটি ব্যবহার করা উচিত নয়, বলে মত দেন এই বিশেষজ্ঞ।

বাজারে পাওয়া ভাঁজ দূর করার তরল

বিভিন্ন সুপারশপে পাওয়া যায় বিশেষভাবে তৈরি তরল স্প্রে। যা ঝাঁকিয়ে কাপড়ে ছিটিয়ে দিলে ভাঁজ কমে যায়।

এগুলো দ্রুত কাজ করে এবং অনেক সময় দুর্গন্ধও কমায়। তবে ঘাম শোষণকারী বিশেষ কাপড়ে এই তরল ব্যবহার না করাই ভালো, কারণ এতে কাপড়ের স্বাভাবিক গুণ নষ্ট হতে পারে।

ঘরে তৈরি তরল স্প্রে

যদি বাজারের পণ্য কেনা সম্ভব না হয় তাহলে ঘরে সহজেই ভাঁজ দূর করার তরল বানানো যায়।

পরিষ্কার পানির সঙ্গে অল্প পরিমাণ কাপড় নরম করার তরল মিশিয়ে স্প্রে করা যায়। চাইলে সামান্য ভিনেগার মিশিয়েও ব্যবহার করা যায়, যা শুকিয়ে গেলে গন্ধ থাকে না এবং ভাঁজও কমে যায়, বলে জানান রিনাত ফৌজিয়া।

এই পদ্ধতি সব জায়গায়ই সহজলভ্য।

চুল সোজা করার যন্ত্রের ব্যবহার

চুল সোজা করার যন্ত্র বা ‘স্ট্রেইটনার’ ছোট জায়গার ভাঁজ দূর করতে বেশ কার্যকর।

কলারের ভাঁজ বা বোতামের পাশের অংশে এটি সহজে ব্যবহার করা যায়। ব্যবহারের আগে যন্ত্রটি পরিষ্কার করা জরুরি, যাতে কাপড়ে দাগ না পড়ে।

পাতলা বা সংবেদনশীল কাপড়ে কম তাপ ব্যবহার করাই নিরাপদ।

ম্যাট্রেসের নিচে চাপ প্রয়োগ

যদি তাড়াহুড়ো না থাকে, তবে পোশাকটি সমান করে বিছানার ম্যাট্রেসের নিচে বিছিয়ে রাখা যেতে পারে।

শরীরের ওজনের চাপ কাপড়ের ভাঁজ ধীরে ধীরে মসৃণ করে। রাতভর রাখলে ফল আরও ভালো পাওয়া যায়।

এটি শেষ ভরসার মতো একটি পদ্ধতি হলেও অনেক সময় কার্যকর হয়।

আরও পড়ুন

প্রতিদিনের কাপড় পরিষ্কার ও যত্নের বিশেষ কৌশল

যেভাবে ধুলে কাপড়ের গাঢ় রং হালকা হওয়ার সম্ভাবনা কমে

কাপড়ে দাগ লাগলে যা করবেন