Published : 26 Aug 2025, 04:27 PM
বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গের মতো মুখমণ্ডল ও গলার পেশিও শিথিল হতে শুরু করে। বিশেষ করে চোয়াল ও গলার নিচের ত্বক ঝুলে যাওয়া অনেকের জন্য বিব্রতকর।
এই পরিবর্তনকে অনেকে বার্ধক্যের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিলেও বিশেষজ্ঞরা বলছেন- নিয়মিত কিছু ব্যায়ামের মাধ্যমে গলা ও চোয়াল স্বাভাবিকভাবেই টানটান রাখা সম্ভব।
এই বিষয়ে মার্কিন ব্যায়াম প্রশিক্ষক টেইলার রিড ‘ইটদিস নটদ্যাট ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “প্রতিদিন মুখ, গলা ও কাঁধের পেশিকে যেভাবে ব্যবহার করি, তার ওপরই নির্ভর করে বয়সের ছাপ কত দ্রুত পড়বে। সঠিক ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়, পেশিকে শক্ত করে এবং স্বাভাবিকভাবে চোয়ালের গঠনকে স্পষ্ট করে তোলে।”
এই ব্যায়ামগুলো করতে কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই। ঘরে দাঁড়িয়ে অল্প জায়গা হলেই যথেষ্ট। প্রতিদিন মাত্র ১৫–২০ মিনিট সময় দিলেই এক মাসে চোখে পড়ার মতো পরিবর্তন আসে।
কেন গলা ও চোয়ালের ব্যায়াম জরুরি?
আধুনিক জীবনযাপনে দীর্ঘ সময় মোবাইল ফোন, কম্পিউটার বা টেলিভিশনের সামনে কাটানো হয়। এতে মাথা সামনের দিকে ঝুঁকে থাকে, ফলে গলার পেশি দুর্বল হয়ে যায়। এর ফলেই গলার চারপাশে ভাঁজ পড়ে, চোয়াল ঝুলে যায় এবং অনেক সময় ‘ডাবল চিন’-এর মতো সমস্যাও দেখা দেয়।
টেইলার বলেন, “চোয়াল ও গলার ব্যায়াম শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি সঠিক ভঙ্গি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কাঁধ ও গলার চাপ কমে এবং দীর্ঘমেয়াদে মাথাব্যথা বা ঘাড়ব্যথার ঝুঁকি কমে যায়।”
দাঁড়িয়ে করা চার ব্যায়াম
দাঁড়িয়ে গলা উঁচু করা
এটি গলার পেছনের গভীর পেশিকে শক্ত করে। ফলে ঝুঁকে থাকা মাথা সোজা হয় এবং চোয়ালের রেখা স্পষ্ট দেখা দেয়।
যেভাবে করবেন
পা দুটি কোমর সমান দূরত্বে রেখে সোজা দাঁড়ান।
মাথা আস্তে আস্তে পেছনের দিকে নিয়ে যান, চোখ থাকবে ছাদের দিকে।
দুতিন সেকেন্ড ধরে রাখুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরুন।
প্রতিদিন ১২–১৫ বার করুন।
দাঁড়িয়ে থুতনি ভেতরে টানা
এই ব্যায়াম ডাবল চিন কমাতে কার্যকর। এটি গলার সামনের গভীর পেশিকে শক্ত করে।
যেভাবে করবেন
সোজা দাঁড়িয়ে সামনের দিকে তাকান।
মাথা না ঝুকিয়ে থুতনিকে আস্তে করে পেছনের দিকে টানুন।
দুতিন সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন।
প্রতিদিন ১২–১৫ বার করুন।
দাঁড়িয়ে চোয়াল চাপে শক্ত করা
এটি চোয়ালের প্রধান পেশি শক্ত করে। ফলে চোয়াল স্পষ্ট ও দৃঢ় হয়।
যেভাবে করবেন
দুই মুঠি হালকাভাবে থুতনির নিচে রাখুন।
নিচের দিকে চোয়াল চাপ দিন, কিন্তু হাতে প্রতিরোধ দিন।
দুতিন সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন।
প্রতিদিন ১২–১৫ বার করুন।
দাঁড়িয়ে পাশের গলা টান
এটি গলার দুই পাশের পেশিকে শক্ত করার পাশাপাশি রক্তসঞ্চালন বাড়ায়।
যেভাবে করবেন
সোজা দাঁড়ান।
ডান হাত মাথার ডান পাশে রাখুন।
মাথা ডানে ঠেলতে চেষ্টা করুন, কিন্তু হাতে প্রতিরোধ দিন।
দুতিন সেকেন্ড ধরে রেখে ছাড়ুন।
প্রতিদিন দুই পাশেই ১২–১৫ বার করুন।
অগ্রগতি কেমন হবে?
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এই ব্যায়ামগুলো করলে ধাপে ধাপে পরিবর্তন দেখা যাবে।
১০ম দিনে: গলার চাপ কমবে, ভঙ্গি উন্নত হবে এবং চোয়ালের রেখা একটু স্পষ্ট হবে।
২০তম দিনে: গলার পেশির শক্তি বাড়বে, দীর্ঘ সময় ব্যায়াম ধরে রাখতে পারবেন।
৩০তম দিনে: চোয়াল ও গলার ত্বক দৃশ্যমানভাবে টানটান হবে, চোয়ালের রেখা স্পষ্ট হবে।
টিপস
ব্যায়াম করার সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।
হঠাৎ ঝটকা দেবেন না, সবসময় ধীরে ও নিয়ন্ত্রিতভাবে করতে হবে।
প্রতিদিন একই সময়ে করলে অভ্যাস তৈরি হবে।
পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্যাভ্যাস এই ব্যায়ামের ফলাফল আরও দৃশ্যমান করে।
আরও পড়ুন