১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে কাজটি করে গেলে ভ্রমণ শেষে ফিরলে আনন্দ থাকবে মনে

অগোছালো ঘর বা বিছানার পুরানো চাদর মনের ওপর চাপ তৈরি করে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

দীর্ঘ ভ্রমণ শেষে যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরা হয় তখন অনেক সময় বাসায় ঢোকার পরই নতুন করে চাপ তৈরি হয়।

অগোছালো বিছানা, এলোমেলো ঘর বা অস্বস্তিকর পরিবেশ ফিরে আসার আনন্দকে ম্লান করে দেয়।

তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণ-বিষয়ক লেখক ওয়েন্ডি রোজ গুল্ড রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “একটি ছোট অভ্যাস সেই ক্লান্তি ও ‘স্ট্রেস’ বা চাপকে আনন্দে রূপান্তর করতে পারে।”

ভ্রমণের আগে তিনি নিয়মিত একটি কাজ করেন— বিছানার চাদর ধুয়ে পরিষ্কার করে নতুনভাবে বিছানা গুছিয়ে রাখেন।

এই অভ্যাস দেখতে সাধারণ হলেও, বাস্তবে তা মন ও শরীরের ওপর গভীর প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার বিছানায় ঘুম ভ্রমণ–পরবর্তী ক্লান্তি দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

ভ্রমণের আগে প্রস্তুতি: নিজের জন্য উপহার

ওয়েন্ডি রোজ গুল্ড তার লেখায় জানিয়েছেন, ভ্রমণের আগের দিন বা যাত্রার সকালে তিনি বিছানার সমস্ত চাদর, বালিশের খোল ধুয়ে শুকিয়ে নেন।

এ সময় ঘরও হালকা ঝাড়পোঁছ করেন, অপ্রয়োজনীয় জিনিস সরান এবং ব্যাগ গোছানোর কাজ শেষ করেন।

তিনি বলেন, “এটি কোনো বিলাসিতা নয়, বরং নিজের ভবিষ্যৎকে একটি ছোট উপহার দেওয়া।”

শুধু তাই নয়, তিনি ঘরকে দুর্গন্ধমুক্ত রাখার জন্য ভ্রমণের আগে বাসন ধুয়ে রাখা, ময়লা ফেলে আসা, ফ্রিজ পরিষ্কার করা এবং পোষা প্রাণীর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে সবচেয়ে কার্যকর কাজটি হল নতুন করে বিছানা গুছিয়ে রাখা।

ভ্রমণের পর ফিরে আসার অনুভূতি

ওয়েন্ডির ভাষায়, “ভ্রমণ শেষে বিমান দেরি করলে, লম্বা সারিতে দাঁড়াতে হলে কিংবা বাসায় পৌঁছাতে রাত হয়ে গেলে ঘরে প্রবেশের প্রথম মুহূর্তে এক অদ্ভুত ক্লান্তি ভর করে। তখন পরিষ্কার বিছানা যেন আশীর্বাদ হয়ে দাঁড়ায়।”

তার কথায়, “টাটকা বিছানায় মাথা রাখার সঙ্গে সঙ্গেই আমি টানা আট ঘণ্টা ঘুমিয়ে পড়ি।”

অনেক সময় ভ্রমণ এত সুন্দর কাটে যে ফিরে আসা মন খারাপের কারণ হয়। তবে পরিষ্কার, নরম বালিশ আর নতুন চাদরের গন্ধ সেই দুঃখ কিছুটা হলেও দূর করে দেয়।

পরিচ্ছন্নতা ঘুমের মান উন্নত করতে সরাসরি ভূমিকা রাখে। যে পরিবেশে গন্ধ কম এবং পরিচ্ছন্নতা বেশি, সেখানে ঘুমের স্থায়িত্ব ও গুণগত মান বাড়ে।

আরও পড়ুন

ভ্রমণে যা সঙ্গে নিতে ভোলা যাবে না

ভ্রমণে যা মাথায় রাখা দরকার

ভ্রমণে গিয়ে খরচ বাঁচানোর পন্থা

ভ্রমণে দ্রুত জেট ল্যাগ কাটানোর উপায়