Published : 30 Nov 2025, 06:09 PM
রাজধানীর গুলশানের একটি নাগরিক সেবা কেন্দ্রে; সকাল সাড়ে দশটা। বাড্ডার পোশাক কারখানার শ্রমিক আব্দুল আলী এসেছেন পাসপোর্টের অনলাইন আবেদন করতে।
তিনি বললেন, “সারা দিন কাজ। সকালে বের হই, রাতে ফিরি। পাসপোর্ট অফিসে যাওয়ার সময় কোথায়? এখানে এসে মাত্র ২০ মিনিটে সব তথ্য বসিয়ে দিলাম। এখানেই জানলাম, পাসপোর্টের পাশাপাশি এনআইডি সংশোধন, জন্ম-মৃত্যু নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স—সবই পাওয়া যায়।”
কেন্দ্রটির দায়িত্বে থাকা উদ্যোক্তা মো. রাসেল আহমেদ বললেন, “প্রতিদিন ১০-১৫ জন মানুষ আসছেন। বেশির ভাগই আসেন জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ কিংবা জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্য বা স্কুল ভর্তির আবেদন করতে।”
খরচ? “মাত্র ১শ’ থেকে ২শ’ টাকার মধ্যে সব কাজ হয়ে যায়।
‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’— এই স্লোগান নিয়ে চালু হয়েছে নাগরিক সেবা বাংলাদেশ।
এখন ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে গড়ে উঠেছে এ ধরনের কেন্দ্র। এখান থেকে পাওয়া যাচ্ছে ই-পাসপোর্ট আবেদন, ই-রিটার্ন জমা, ভূমি কর পরিশোধ, ই-মিউটেইশন, ই-পরচা, অনলাইন জিডি, এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যয়নপত্র কিংবা শিক্ষানবিশির আবেদনের মতো বিরল সেবাও।
ঢাকার নীলক্ষেতের এমন একটি কেন্দ্রে গিয়ে দেখা গেল, একজন বৃদ্ধ এসেছেন মৃত্যু নিবন্ধন করাতে, এক তরুণী এনআইডির জন্মতারিখ সংশোধন করতে, আরেকজন কাপড়ের দোকানের ট্রেড লাইসেন্সের জন্য আবেদন জমা দিচ্ছেন।
সবাই বলছেন একই কথা— আগে যেতে হত আগারগাঁও, মতিঝিল কিংবা তেজগাঁও। এখন পাড়া-মহল্লার মধ্যেই কাজ হয়ে যাচ্ছে।
কয়েকটি সেবা কেন্দ্রের ঠিকানা:
নাগরিক সেবা কেন্দ্র, গুলিস্তান
রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)। গুগল ম্যাপে এই অবস্থান https://maps.app.goo.gl/cAet4WzmPEBeJTXG9
ফোন: ০১৭৪৪৯৮৭৬০৬
নাগরিক সেবা কেন্দ্র, বনশ্রী
ঠিকানা: হাউস নম্বর ১/এ, রোড ০২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা-১২১৯১ গুগল ম্যাপে এই অবস্থান https://maps.app.goo.gl/LifX6NDRcU22dazD7
ফোন: ০১৮১১২৫৬৩৪১
নাগরিক সেবা কেন্দ্র, মোহাম্মদপুর
ঠিকানা: প্লট-৪৭, আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। গুগল ম্যাপে এই অবস্থান https://maps.app.goo.gl/DHqACmu21nys38nh9
ফোন: ০১৭১৮৮৬৩৩৭১
নাগরিক সেবা কেন্দ্র, গুলশান
প্লট নম্বর-২৫, রোড-১৬, গুলশান-১, ঢাকা, গুগল ম্যাপে এই অবস্থান https://maps.app.goo.gl/9btSKptu5nsR92VaA
ফোন: ০১৯১১৩১০৩৫৭
নাগরিক সেবা কেন্দ্র, উত্তরা
ঠিকানা: ৩ এবং ৫, শাহজালাল অ্যাভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা, গুগল ম্যাপে এই অবস্থান https://maps.app.goo.gl/N93mhjMjK294wmAG6
ফোন: ০১৯১৩৭৩৭৩৪৭
নাগরিক সেবা কেন্দ্র, নীলক্ষেত
ঠিকানা: নীলক্ষেত টেলিফোন এক্সচেঞ্জ, ১, বাবুপুরা রোড, নীলক্ষেত, ঢাকা-১২০৫, গুগল ম্যাপে এই অবস্থান https://g.co/kgs/tNihsqQ
ফোন: ০১৪০৯৫৬২৩৯৩
সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে এ ধরনের কেন্দ্রের সংখ্যা ছাড়িয়েছে তিন শতাধিক।
সাধারণ মানুষের ভাষ্য- লাইনে দাঁড়ানোর যন্ত্রণা কমেছে, দালালের উপদ্রব কমেছে, আর সময় বেঁচেছে অনেক।
এক কথায়, সরকারি সেবা এখন আর দপ্তরের চার দেয়ালে আটকে নেই— চলে এসেছে পাড়া-মহল্লায়।
আরও পড়ুন
ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে