১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন একজন ব্যক্তি?

সঞ্চয়পত্র হতে পারে নিরাপদ সঞ্চয়ের মাধ্যম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের স্কিমগুলো হতে পারে আপনার জন্য সঞ্চয়ের নিরাপদ পথ।

বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে: পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র।

পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকিগুলোতে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট nationalsavings.portal.gov.bd থেকে পাওয়া তথ্য অনুসারে জানানো হল কোন স্কিমে কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র কেনা যাবে?

সর্বোচ্চ ৪৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে। শুধু প্রাপ্তবয়স্ক নারীরাই কিনতে পারবেন। তবে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষ এবং ৬৫ ও তদুর্ধ্ব বয়সের যেকোনো বাংলাদেশি নাগরিকের পরিবার সঞ্চয়পত্র কেনার সুযোগ আছে।

একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এটিই একক নামে সর্বোচ্চ বিনিয়োগসীমা।

অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান কিনতে পারবেন।

অন্যদিকে একজন ব্যক্তি সর্বোচ্চ ৩০ লাখ টাকার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবেন।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ ৩০ লাখ টাকার কেনা যাবে।

সব মিলিয়ে যদি একটি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, তাহলে সর্বোচ্চ ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন।

পেনশনার সঞ্চয়পত্র ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত কেনা যায়। আর ১০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র আছে।

১০ টাকা থেকে ২৫ লাখ টাকা মূল্যমানের পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আছে। আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মূল্যমান ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা।

জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখা, বাণিজ্যিক ব্যাংকের শাখা ও ডাকঘর থেকে এই সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায়।

মুনাফার হার

পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৯৩ শতাংশ। আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ করা হয়েছে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ১১ দশমিক ৯৮ শতাংশ। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ।

সঞ্চয়পত্রগুলোর মধ্যে এই সঞ্চয়পত্রের মুনাফার হার সবচেয়ে বেশি।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে ১১ দশমিক ৮৩ শতাংশ। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ।

এছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ।

মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙলে মুনাফা কমে যায়। তাই জরুরি প্রয়োজন ছাড়া মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র না ভাঙানোই ভালো।

জাতীয় সঞ্চয় স্কিসমূহে বিনিয়োগকারীবিনিয়োগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন https://nsd.finance.gov.bd/selfreport

আরও পড়ুন

ঘরে বসে জমির পর্চা সংগ্রহ করবেন যেভাবে

অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন করবেন যেভাবে

১০ টাকায় মনের চিকিৎসা