২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই তরমুজের তর্ক

এক গাছে মাত্র দুটি তরমুজ। একটা লাল। অন্যটা সবুজ।

রণজিৎ সরকার রণজিৎ সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 07:45 PM

Updated : 27 Jan 2024, 07:45 PM

পাহাড়ের উপর তরমুজ গাছ। এক গাছে মাত্র দুটি তরমুজ। একটা লাল। অন্যটা সবুজ।

সবুজ তরমুজ কোনভাবে লাল তরমুজকে সহ্য করতে পারছে না। এক মায়ের সন্তান হিসেবে লাল তরমুজ মিলে থাকার চেষ্টা করে। কিন্তু সবুজ তরমুজ মিলে থাকার চেষ্টা করে না।

ধীরে ধীরে বড় হচ্ছে আর এর মধ্যে একদিন খুব রাগ করে সবুজ তরমুজ বলল, তুই আমার ভাই না। ভাই হলে আমার মতো সবুজ হতিস। সবুজ না হয়ে হয়েছিস পুরা লাল। এই পাহাড় থেকে চলে যাবি।

লাল তরমুজ বলল, আমি লাল বলে আমাকে ভাই হিসেবে অস্বীকার করছিস! আমার উপরে লাল। ভেতরেও লাল। আমার ভেতরে যেমন উপরেও তেমন। আমি নম্বর ওয়ান। আর তোর উপরে সবুজ ভেতর লাল। তার মানে তুই দুই নম্বর। তোর মনের ভেতর জিলাপির প্যাঁচের মতো প্যাঁচ।

সবুজ তরমুজ দুই নম্বরের কথা শুনে রাগে গড়িয়ে গড়িয়ে এসে লাল তরমুজকে দিল

ধাক্কা। লাল তরমুজের বোটা ছিঁড়ে পাহাড় থেকে গড়াতে গড়াতে এক বনের ভেতর পড়তে লাগল। একটা বিড়াল দেখলো লাল তরমুজ গড়াতে গড়াতে আসছে। সঙ্গে সঙ্গে গিয়ে ধরল। বিড়ালকে ধন্যবাদ দিয়ে তরমুজ বলল, তুমি না রক্ষা করলে আমি তো একটু পর ফেটেই যেতাম!

বিড়াল বলল, তুমি পাহাড় থেকে পড়ে যাচ্ছিলে কেন! পেকে গেছ বলে? তরমুজটা বলল, আর বলো না। আমার ভাইয়ের সাথে তর্ক লেগেছে। এক পর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বিড়াল মাথা নাড়াতে নাড়াতে বলল, বলো কি! তোমাদেরও ভাইয়ে ভাইয়ে তর্ক হয়! তবে তর্কের বিষয় কী? তরমুজ বললো, আর বলো না। আমি লাল আর ও সবুজ। আমি পুরো লাল তাই সে সহ্য করতে পারেনি। ফলে তর্ক শুরু।

তোমার লাল হওয়ার কারণ কী? একটা সোনামনি অসুস্থ, সে লাল তরমুজ খেতে চেয়ে বাবা-মায়ের কাছে আবদার করেছে। বাবা-মা তার ইচ্ছা পূরণ করার জন্য খুব করে লাল তরমুজ খুঁজছে। কিন্তু কোথাও পাচ্ছে না। তাই শিশুটার ইচ্ছা পূরণ করার জন্য লাল তরমুজ হয়ে জন্মেছি আমি। লাল তরমুজ হয়ে সোনমনির কাছে যেতে চাই।

বলো কী! সত্যি বলছ তো!

হ্যাঁ। এখন তুমি আমাকে রক্ষা করে ভালো করেছে। সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

আচ্ছা। তুমি এই পাহাড়ে জন্ম নিলে কেন!

শিশুটির বাড়ি পাশে জন্মগ্রহণ করলে তো অনেক ভালো করতে, দেখে রাখত সবাই।

তুমি তো দেখি আরেক বোকা। আমি লাল তরমুজ হয়ে তার এলাকায় জন্মগ্রহণ করলে সে এলাকার মানুষজনের ভিড় পড়ত। রাতে আধারে কেউ চুরি করে নিয়ে যেত। সেজন্য আমি পাহাড়ে জন্মগ্রহণ করেছি।

তাই তো! তুমি ঠিক বলেছ। কিন্তু এখান থেকে তুমি কীভাবে ওই সোনামনির কাছে যাবে! অনেকের সহযোগিতা নিয়ে যাবো। এই তো তোমাকে পেয়ে গেলাম। তুমি আমাকে সহযোগিতা করবে।

এর মধ্যে কয়েকজন কাঠুরে এসে উপস্থিত হলো। তরমুজ দেখে তাদের জিহ্বার লালা পড়তে লাগল। এমন সময় বিড়ালটা ভয়ংকর রাগি চোখে তাকালো, তা দেখে কাঠুরেদের তরমুজ খাওয়ার তৃষ্ণা মিটে গেল। কাঠুরেরা চলে গেল। বিড়াল বলল, এভাবে যেতে লাগলে তো পথে পথে তোমার বিপদ হবে। তোমাকে এভাবে যাওয়া যাবে না। তরমুজ বলল, তাহলে কীভাবে যাব?

এর মধ্যে কোথা থেকে একটা শিয়াল এসে হাজির হলো। ওদের কথা শোনার পর শিয়াল

বলল, তরমুজকে আমি পৌঁছে দেবো। বিড়াল বলল, তুমি তো পণ্ডিত। পৌঁছে দেওয়ার পথে কত বিপদ হবে তুমি কি একটু ভেবে দেখেছ! তোমাকে বিশ্বাস নেই। শিয়াল বলল, আমাকে একটু বিশ্বাস করো। আমি ঠিক ঠিক পৌঁছে দেবো।

এর মধ্যে এসে উপস্থিত হলো এক খরগোশ। দূর থেকে তাদের কথাবার্তা শুনে বলল, তোমরা কোন চিন্তা করো না। তরমুজকে আমার পিঠে তুলে দাও। আমি এক দৌড়ে পৌঁছে দেবো। বিড়াল হাসতে হাসতে বলল, তোমার ইতিহাস তো আমরা সবাই জানি। পিঠের তরমুজ পথে রেখে একটু বিশ্রাম করতে নেবে, তখনই অন্য কেউ এসে তরমুজটা খেয়ে ফেলবে।

খরগোশ বলল, এমন বোকামি আর করব না। তোমরা বিশ্বাস রাখতে পারো। লাল তরমুজ বলল, আসলে আমি তোমাদের কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাকে যে শিশুটির কাছে যেতেই হবে। তার জন্যই আমার জন্ম। শিয়াল রেগে বলল, অবিশ্বাস করছ। তাহলে আর তোমাকে যেতে দেব না।

এর মধ্যে একটা হাতি এসে তরমুজটাকে শুঁড় দিয়ে উপরে তুলে ধরল। আর এক পা দিয়ে শিয়ালকে লাথি মারল। তারপর বলল, আমি তরমুজকে নিয়ে পৌঁছে দেবো। বিড়াল বলল, হাতি মামা, তুমি না হয় বনের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। হাতি বলল, শেষ সীমানা কেন? বিড়াল বলল, বনের বাইরে গেলে তো তোমাকে সবাই তাড়া করবে। তখন তোমারও বিপদ হবে, তরমুজেরও বিপদ হবে।

হাতি বলল, তাহলে বাঘকে ডাকি। বাঘকে কেউ তাড়া করবে না। বাঘকে দেখে সবাইকে ভয় পাবে।বিড়াল বলল, বাঘ দেখে যদি ওই শিশুটি ভয় পায়! তার চেয়ে অন্য কিছু ভাবা যায়। যাকে দিয়ে পাঠালে পথে কেউ ডিস্টার্ব করবে না। শিশুটি ভয় পাবে না। দূর থেকে উঠে এসে শিয়াল বলল, এক কাজ করো একটা পরিকে হাজির কর। তাকে দিয়ে তরমুজটা পাঠিয়ে দিই। তাহলে আর কোন সমস্যা হবে না।

বিড়াল বলল, পণ্ডিত মামা এবার কাজের কথা বলেছেন। হাতি এবার তরমুজটাকে নিচে নামাল। তারপর বলল, ঠিক আছে। তাহলে পরি হাজির কর। এর মধ্যে সুইফট পাখি উড়ে এলো। এসে বলল, উপর থেকে তোমাদের সব কথা শুনেছি। তরমুজকে আমার কাছে দাও। আমি শিশুটির কাছে দিয়ে আসি। শিয়াল বলল, না না। তোমার সম্পর্কে জানি। তুমি একটানা দশমাস ধরে উড়তে পার। তুমি সহজে মাটিতে পা রাখ না। তুমি তো তরমুজ পৌঁছে দিতে দশ মাস লাগাবে!

সুইফট পাখি বলল, তরমুজ তুমি শিশুটির ঠিকানা বলো। আমি খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাবো।শিয়াল বলল, না না আগেই ঠিকানা বলা যাবে না। যে যাবে তাকেই বলতে হবে। তবে আমরা যাকে পাঠাবো সে উড়েই যাবে। সাথে তুমিও পাহারাদার হিসেবে যেতে পারো। সুইফট পাখি বলল, ঠিক আছে। আমি তাই করবো। তোমরা পরিকে নিয়ে আসো।

উপস্থিত সবাই চিন্তায় পড়ে গেল। কীভাবে পরি আনা যায়! এর মধ্যে এক সন্ন্যাসী এসে হাজির হলেন। এসেই বললেন, কী হয়েছে তোমাদের? শিয়াল বলল, বাবা লাল তরমুজকে নিয়ে বিপদে পড়েছি। একটা পরি হাজির করে দেবেন? সন্ন্যাসী বললো, পরি কেন? শিয়াল বলল, পরিকে দিয়ে তরমুজটাকে সোনামনির কাছে পাঠাবো।

সন্ন্যাসী বললো, তোরা সবাই চোখ বন্ধ কর। পরি হাজির হবে।একটু পর সত্যি সত্যি পরি এসে হাজির হলো। পরির পিঠে তরমুজকে তুলে দিলো সবাই। তরমুজকে নিয়ে সোনামনির কাছে গেলো পরি। লাল তরমুজ দেখার কিছু সময়ের মধ্যে সুস্থ হয়ে গেল সোনামনি।