১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কোভিড: দেশে গত এক দিনে শনাক্ত ৯ রোগী

গত ২৪ ঘণ্টায় ৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন।

কোভিড: দেশে গত এক দিনে শনাক্ত ৯ রোগী

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 04:32 PM

Updated : 29 Apr 2023, 04:32 PM

দেশে গত এক দিনে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫১১টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৯ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ১ দশমিক ৭৬ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৩ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ২১৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৬৪৬ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ৮ জন ঢাকা মহানগরের বাসিন্দা। নারায়ণগঞ্জ জেলায় একদিনে নতুন করে একজনের সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ১০ মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে ৬৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৬৬ লাখের বেশি।