ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ২২০২ রোগী, মৃত্যু ১০
জুলাই মাসের ২৮ দিনেই ৩৮ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৬ হাজার ৪০২ জনে পৌঁছেছে। এর মধ্যে জুলাই মাসের ২৮ দিনেই ভর্তি হন ৩৮ হাজার ৪২৯ জন।
গত একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত যেই ১০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নয়জনই ঢাকার। সব মিলিয়ে এ বছর ২৩৯ জনের মৃত্যু হল ডেঙ্গু জ্বরে।
একদিনে ভর্তি রোগীদের মধ্যেও ঢাকার রোগী বেশি। এই সময়ে ঢাকায় ১১৪৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৯ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আট হাজার ৯৬১ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় রয়েছে পাঁচ হাজার ১০০ জন।
এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানে জুলাইয়ের প্রথম ২৮ দিনেই সেই সংখ্যা বেড়ে প্রায় ছয়গুণ হয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে। গত মাসে ৩৪ জনের মৃত্যু হলেও চলতি মাসের ২৮ দিনে প্রাণ গেছে ১৯২ জনের।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন এবং জুনে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজন এবং জুনে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।
