২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে ৫দিন পর একজনের মৃত্যু, আক্রান্ত ২৩

এবছর এইডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 07:09 PM

Updated : 18 Apr 2024, 07:08 PM

পাঁচ দিন পর ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে এবছর এইডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

এর আগে গত ১৩ এপ্রিল ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ২৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ঢাকা মহানগরে এবং বাকি ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩৯ জনে।

কেবল জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছে ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এপ্রিলের ১৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৪৭ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৪৯। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।