২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৪৭০ জন রোগী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 03:18 AM

Updated : 17 Jan 2024, 03:18 AM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মধ্যে গত এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৯ জনে। দেশে এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কখনই ৩০০ জনের বেশি মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখছে। ওই বছর এ রোগে ৯৩ জনের মৃত্যু হয়। তবে এর আগের বছর সরকারের তরফে ১৭৯ জনের মারা যাওয়ার খবর দেওয়া হয়। ওই বছর আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছিল। আর ২০২২ সালে এইডিসবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন, যা এতদিন বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি এবং মৃত্যু হলেও মে মাস পর্যন্ত তা ছিল খুবই কম। জুনের পর থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। ওই মাসে মাসে মারা যান ৩৪ জন।

পরের মাস থেকে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকলে প্রাণহানিও বেড়ে যায়। এ রোগে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায় ১৫ জুলাই। এরপর তা যেন দ্রুত বাড়তে থাকে। দুই মাসের কিছু বেশি সময়ে মৃত্যু হয় আরও ৮০০ জনের। ২৫ জুলাই ২০০, ৫ অগাস্ট ৩০০, ১৪ অগাস্ট ৪০০, ২৩ অগাস্ট ৫০০, ২ সেপ্টেম্বর ৬০০, ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়ায়।

বাংলাদেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের মধ্যে ৬০৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে আরও ৩০৬ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি এবং মৃত্যুর তথ্য ঢাকার সরকারি ও বেসরকারি ৫৭টি হাসপাতাল এবং ঢাকার বাইরে বিভিন্ন সিভিল সার্জন অফিস থেকে পাঠানো হয়।

এদিকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০০৮ জন রোগী। এ নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২১৯৬ জন এবং ঢাকায় ৮১২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৪৭০ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৩৭৯৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৬৭৬ জন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)