ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু
এ বছরের ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৮৫৩।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে; এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ জন।
মৃত ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সব মিলিয়ে এ বছর ১৪ জনের প্রাণ কেড়েছে মশাবাহিত রোগটি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৮ জন ঢাকা মহানগরে এবং বাকি ২৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩০ জন।
রোববার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৪৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৪৯ জন ঢাকায় এবং ৯৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সবমিলিয়ে এ বছরের ২১ দিনে ৮৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, যাদের মধ্যে ৬৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এতো মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
