২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার নগরে উচ্চ রক্তচাপে ভুগছে ২৩% বাসিন্দা

উচ্চ রক্তচাপের কারণ হিসেবে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া, উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাসের মতো বিষয়গুলোকে দায়ী করা হয়েছে গবেষণায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 10:25 PM

Updated : 01 Sep 2022, 10:25 PM

নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ ও রংপুর সিটি কর্পোরেশন এলাকার ২৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও সাউথ এশিয়া ফিল্ড এপিডেমিওলোজি অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক (সেফটিনেট) বাংলাদেশের এ যৌথ গবেষণা বলছে, ওই সব এলাকার আরও ১৪ শতাংশ বাসিন্দা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছে।

গবেষণার ফল প্রকাশ এবং চার সিটি কর্পোরেশনের যে জনস্বাস্থ্য কর্মকর্তারা গবেষণা- ফেলোশিপে কাজ করেছেন, তাদের হাতে সনদ তুলে দিতে বৃহস্পতিবার ঢাকার এক হোটেলে আনুষ্ঠানিকতা সারা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ গবেষণায় প্রায় ৫০ হাজার মানুষের উচ্চ রক্তচাপ ও স্থূলতা নির্ণয় এবং ঝুঁকি যাচাই করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর তুলনায় পুরুষের মধ্যে উচ্চ রক্তচাপে ভোগার হার বেশি। আর স্থূলতার ঝুঁকিতে রয়েছে ৩৬ শতাংশ মানুষ।

চার সিটি কর্পোরেশনের মধ্যে উচ্চ রক্তচাপের রোগী সবচেয়ে বেশি রংপুরে (৩৪ শতাংশ), আর সবচেয়ে কম কুমিল্লায় (২১ শতাংশ)। তবে উচ্চ রক্তচাপের সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন কুমিল্লার বাসিন্দারাই (২৩ শতাংশ)। আর এই ঝুঁকি সবচেয়ে কম ময়মনসিংহে (৬ শতাংশ)।

উচ্চ রক্তচাপের কারণ হিসেবে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া, উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাসের মত বিষয়গুলোকে দায়ী করা হয়েছে গবেষণায়।

অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, “আরবান হেলথে কাজ করা খুব সহজ বিষয় নয়। এ ধরনের উন্নতমানের গবেষণা আরও বেশি দরকার, যেন কোন জায়গাতে কাজ করতে হবে সেটা নিশ্চিতভাবে জানা যায়।

“আর সবাইকে একসাথে কাজ করতে হবে, শহরকে বসবাসযোগ্য যেমন করতে হবে, নগরবাসীর স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে।”

গবেষণার ফল প্রকাশের পর এ প্রকল্পের আওতায় এক বছরব্যাপী আয়োজিত অ্যাপ্লাইড এপিডেমিওলোজি অ্যান্ড পাবলিক হেলথ ম্যানেজমেন্ট ফেলোশিপ কোর্সের সনদ দেওয়া হয়। দেশের ১২টি সিটি কর্পোরেশনের হেলথ অফিসার ও সেভ দ্য চিল্ড্রেনের ১৫ জন জনস্বাস্থ্য রোগতত্ত্ব বিশেষজ্ঞ এ ফেলোশিপ কোর্সে অংশ নেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (ইউএস সিডিসি) অর্থায়নে প্রকল্পটি দেশের ১২টি নগরের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কাজ করছে।

উচ্চ রক্তচাপ ও স্থূলতা শনাক্তের পাশাপাশি, শিশুদের অপুষ্টি যাচাই, গৃহস্থালী বর্জ্য পৃথকীকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, ডেঙ্গু বিস্তার রোধের মতো বিভিন্ন বিষয়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনে জনস্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইনও পরিচালনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।