ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যখাতের তৃণমূল পর্যায়ে নিয়োগ সংক্রান্ত জটিলতা ও সমন্বয়হীনতা নিরসন এবং অনিয়ম ঠেকাতে নিয়োগবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এসএম আশরাফুল ইসলামকে প্রধান করে ‘নিয়োগবিধি সংশোধন কমিটি’ গঠন করা হয়েছে।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী সমিতি’র বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি হাশেম আলী এবং মহাসচিব এম হারুন-অর-রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
মন্ত্রী রুহুল হক সাংবাদিকদের বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য এসব সংস্থার মধ্যে সমন্বয় এবং নিয়োগবিধি সংশোধনের প্রয়োজন রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করতে অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলামকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। এতে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা ডা. কেএম শফিউল আলম বাদশা, সভাপতি হাশেম আলী ও মহাসচিব হারুন-অর-রশীদকে সদস্য করা হয় বলে মন্ত্রী জানান।
সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে- ফিডার পদের স্বাস্থ্য পরিদর্শক থেকে স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদোন্নতিসহ ১৯৮৫ সালের ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি সংশোধন, বেতন স্কেল সংশোধন করে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া, স্বাস্থ্য-সহকারীদের কারিগরি পদমর্যাদা দেওয়া এবং সংশ্লিষ্টদের যাতায়াত ভাতা বৃদ্ধি করা।
এছাড়া স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মীদের জন্য পৃথক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং কমিউনিটি ক্লিনিককে আরো কার্যকর করতে স্বাস্থ্য কর্মীদের সম্পৃক্ত করারও দাবি জানান তারা।
নিয়োগ বিধি সংশোধনের ঘোষণা দিয়ে রুহুল হক বলেন, পর্যায়ক্রমে সমস্যার সমাধান করে নিয়োগবিধি করা হবে। মাঠকর্মীদের অন্য সমস্যাও সমাধান করা হবে।
বৈঠকে সমিতির উপদেষ্টা কেএম শফিউল আলম বাদশা বলেন, মাঠপর্যায়ে ২৬ হাজার ৬০০ স্বাস্থ্যকর্মীর পদ রয়েছে। এরমধ্যে প্রায় ১০ হাজার পদই শুন্য রয়েছে। পাঁচ বছর ধরে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের পদ শুন্য রয়েছে।
স্বাস্থ্যকর্মী নিয়োগে সমিতির দাবি প্রসঙ্গে এসএম আশরাফুল ইসলাম বলেন, এখন থেকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে কারিগরি প্রশিক্ষণ পাওয়া বা নার্সিং বিষয়ে পড়াশোনা ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হবেনা। এক্ষেত্রে আগের স্বাস্থ্য সহকারীদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে গড়ে তোলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮২১ ঘ.
bdnews24